‘সুপার ফিট’ মেসির আসল রহস্য
বিশ্বের কোটি কোটি সমর্থকের প্রার্থনা, লিওনেল মেসি গোল করুন। কিন্তু স্বয়ং মেসি কার প্রার্থনা করেন জানেন? হুয়ানজো ব্রাউয়ের! কে এই ব্রাউ? সেই উত্তর জানার আগে কিছুদিন আগের ছবিটা কল্পনা করা যাক। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগে ম্যাচ খেলেই সাতসমুদ্দুর তেরো নদী উড়াল দিয়ে মেসিকে আসতে হলো ভারতে। ভারতে ম্যাচ শেষ করে বাংলাদেশে। দুই জায়গাতেই পুরো ৯০ মিনিট করে ম্যাচ খেলে মেসি আবার উড়ে গেলেন বার্সেলোনায়।বিশ্বসেরা খেলোয়াড়ই শুধু নন, মেসির ফিটনেসও সেরা। পুরো ম্যাচে দৌড়াচ্ছেন, প্রতিপক্ষের ডিফেন্ডারদের কড়া ফাউল সামলে নিচ্ছেন, আবার ছুটছেন। মেসির এই ফিটনেসের মূল কারিগর বার্সেলোনার ফিজিও ও ফিটনেস কোচ ব্রাউ। মেসি যখন শৈশবে বার্সেলোনায় আসেন, শরীরবর্ধক হরমোনের ঘাটতিতে ভুগছিলেন। সেই মেসিকে বিশ্বের সেরা অ্যাথলেটদের একজন বানিয়েছেন এই ব্রাউ। শুধু কি মেসি? জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে—সবাই একবাক্যে ফিটনেস-গুরু মানেন ব্রাউকে। তাঁর প্রতিটি নির্দেশ মেনে চলেন বেদবাক্যের মতো।শুধু তা-ই নয়, ২০০৮ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর ব্রাউয়ের সবচেয়ে বড় দায়িত্ব মেসিকে আগলে রাখা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সম্পদকে সুরক্ষিত রাখতে মেসির ছায়াসঙ্গী হয়ে থাকেন ব্রাউ। নিউ জার্সি থেকে রোজারিও, কলকাতা থেকে ঢাকা—সব সময় মেসির সঙ্গে তিনি। মেসিও সব সময় অক্ষরে অক্ষরে মেনে চলেন ব্রাউয়ের বেঁধে দেওয়া অনুশীলনসূচি। বন্ধুর মতো সম্পর্কও গড়ে উঠেছে এ দুজনের। ২০০৯ ফিফা ক্লাব বিশ্বকাপে অ্যাঙ্কেলের চোট থেকে ফিরে এক সপ্তাহের মধ্যে মেসি আটলান্টের বিপক্ষে গোল করেছিলেন, সেই গোলটা মেসি উৎ সর্গ করেছেন ব্রাউকেই। স্প্যানিশ সংবাদমাধ্যমও ব্রাউকে খেতাব দিয়েছে মেসির ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’!শুধু মেসি? ২০০৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে চোট পেয়েছিলেন ইনিয়েস্তা। ঊরুর পেশিতে দুই সেন্টিমিটারের মতো ক্ষত ছিল তাঁর। আর ফিট হওয়ার জন্য সময় ছিল মাত্র ১৭ দিন। ইনিয়েস্তাকে ঠিকই ফাইনালের আগে ফিট বানিয়ে দিয়েছেন ব্রাউ। অথচ এ ধরনের চোট খেলোয়াড়দের আট সপ্তাহের জন্যও মাঠের বাইরে ছিটকে দিতে পারে। আর এই চোট থেকে ফেরার পর খেলোয়াড়দের যেখানে ছন্দ ফিরে পেতে সমস্যা হয়, ২০০৯-এর ফাইনালে ইনিয়েস্তা বড় ভূমিকা রেখেছিলেন বার্সার জয়ে। ওয়েবসাইট।