'সুপার সুজি'র হতাশার রাত
নারী টি-টোয়েন্টিতে এক হাজার রান করা আট ব্যাটারের একজন তিনি। সুজানা বেটসের আরও বড় কীর্তি, ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি খেলেছেন ২০০৮ অলিম্পিক বাস্কেটবলে!
নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়ক ‘সুপার সুজি’ নামে পরিচিত। একই সঙ্গে ক্রিকেট-বাস্কেটবলে জাতীয় দলের জার্সি গায়ে তোলা তরুণীকে লোকে ডাকে সুজি বেটস। নিউজিল্যান্ডের মহিলা বাস্কেটবল লিগে খেলেন লোগান থান্ডারে। ঘরোয়া ক্রিকেট দল ওটাগো। বছর দুয়েক আগে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর বাস্কেটবল খেলাটা গৌণই হয়ে পড়েছে। ক্রিকেটই উপভোগ করছেন বেশি।
তবে ছোটবেলায় স্বপ্ন ছিল ভিন্ন, ‘আমি পপতারকা হতে চেয়েছিলাম!’ খেলাধুলার জগতে শক্ত জমিন খুঁজে পেয়েছেন বড় দুই ভাই ক্রিকেটার টম আর হেনরির সহায়তায়। ছোট বোন অলিভিয়া খেলেন সুজিরই ক্লাবের নেটবল দলে। ক্রীড়া পরিবারের মেয়েটি এখন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার গড়ার কাজেও হাত লাগিয়েছেন। সব মিলিয়ে তিনি নিউজিল্যান্ডের নারী ক্রীড়াঙ্গনে আদর্শ ‘তারকা’।
ওয়ানডে ক্রিকেটে ২০০৬ সালে অভিষিক্ত উদ্বোধনী ব্যাটার বেটস গত বছর মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন। ২০০৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০৫ বলে রেকর্ড ১৬৮ করে আলো কেড়েছেন। এমন আরও অনেক রেকর্ড গড়ে যেতে চান বহুদূর! তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় সেমিতে ওঠা হয়নি নিউজিল্যান্ডের। তাই রাতটা হতাশারই ছিল ২৬ বছর বয়সী এই ব্যাটারের।