‘সুপারহিরো’ ফেরায় অস্ট্রেলিয়ার হাসি
৮ উইকেটে ২৮৬। কিন্তু প্রথম ইনিংসে ২০৬ রানে পিছিয়ে থাকায় তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান আসলে ৮০, হাতে মাত্র ২ উইকেট। মাইক হাসি তখনো আছেন, কিন্তু উইকেটে আর ড্রেসিং রুমে তাঁর যে দুজন সঙ্গী অক্ষত আছেন, তাঁদের নাম যে পিটার সিডল ও ডগ বলিঞ্জার! টেস্টে প্রথমজনের সর্বোচ্চ ৩৫, পরের জনের ৯। পাকিস্তানের জয়ের পথে একমাত্র কাঁটা মাইক হাসি ফর্মটা ফিরে পেয়েছেন, তবে সেই ‘ব্র্যাডম্যানীয়’ রূপটা তো তাঁর অনেক দিন থেকেই নেই! মোহাম্মদ ইউসুফের রাতের ঘুমটা তাই ভালোই হওয়ার কথা।কিন্তু দল দুটোর নাম যে অস্ট্রেলিয়া আর পাকিস্তান! একদল হারার আগে হারতে চায় না। আরেক দলের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই জয় না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না কিছুই। নিজেদের সেই চিরচেনা রূপেই কাল দেখা দিল দুদল। আর হাসির হয়তো মনে পড়ে গেল, লোয়ার-অর্ডারদের নিয়ে নিয়মিত লড়াই করে একসময় নিজেকে নিয়ে গিয়েছিলেন প্রায় ‘সুপারহিরো’র উচ্চতায়। সবকিছুর যোগফল—টানা তিন দিন কোণঠাসা হয়ে থাকার পরও সিডনি টেস্টের জয়ী দলের নাম অস্ট্রেলিয়া।পাকিস্তানিদের তোপের মুখেও আগের দিনের শেষ ৭টি ওভার উইকেটে কাটিয়ে দিয়েছিলেন। হাসি-সিডল কাল কাটিয়ে দিলেন পুরো প্রথম সেশনটাই। মোহাম্মদ ইউসুফের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানোর ফায়দা তুলেছেন দুজনই। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় উইকেটে পড়েছিলেন সিডল। আর সুযোগ পেলেই বলকে সীমানা ছাড়া করেছেন হাসি। উমর গুলের বলে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে পৌঁছেছেন ১১তম টেস্ট সেঞ্চুরিতে। লাঞ্চের পরপরই অবশ্য শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। আসিফের বলে সিডলের প্রতিরোধ ভেঙে যাওয়ার পরের ওভারেই বলিঞ্জারকে আউট করে সিডনিতে টানা দ্বিতীয়বার ৫ উইকেট পেয়েছেন দানিশ কানেরিয়া। ১২৩ রানের জুটি গড়েছেন হাসি-সিডল, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে যা মাত্র ৪ রান কম!দুদলের চরিত্র আর চতুর্থ দিনের সিডনির উইকেট, ১৫০ রানের লিড হলেই কিছু একটা ঘটে যেতে পারে, এমন কথা ভেসে বেড়াচ্ছিল দুদিন ধরেই। সত্যি সত্যি লিডটা ১৭৫ হয়ে যাওয়ার পর জয়ের গন্ধ পেয়ে যেন জ্বলে উঠল অস্ট্রেলিয়া আর হারের শঙ্কায় কুঁকড়ে গেল পাকিস্তান। মোটামুটি একটা শুরুর পর সতীর্থদের প্যাভিলিয়নের পথ চেনালেন ফারহাত, সতীর্থরাও নিয়মিত বিরতিতে অনুসরণ করলেন তাঁকে।ফয়সাল ইকবাল ও সালমান বাটকে একই ওভারে হাডিনের ক্যাচ বানালেন জনসন। অস্ট্রেলিয়া ম্যাচটি সত্যিকার অর্থেই হাতের মুঠোয় নেয় চা-বিরতির পর দ্বিতীয় ওভারে। দারুণ এক ফিরতি ক্যাচে মোহাম্মদ ইউসুফকে ফেরানোর এক বল পরে মিসবাহকেও আউট করেন নাথান হরিজ। পাকিস্তানের একমাত্র আশা হয়ে উইকেটে ছিলেন উমর আকমল। কিন্তু টানা দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে আউট হয়েছেন বলিঞ্জারকে তুলে মারতে গিয়ে। তিন বলের মধ্যে শেষ দুই উইকেট নিয়ে ৩৬ রানের জয় নিশ্চিত করেছেন হরিজ।হ্যাঁ, সেই হরিজ। মেলবোর্ন টেস্টের আগেও যিনি ইনিংসে ৩ উইকেটের বেশি পাননি, তিনিই টানা দুই টেস্টে পেলেন ৫ উইকেট। হরিজের মতো মাঠেই জবাব দিয়েছেন রিকি পন্টিংও, টস জিতে ব্যাটিং নেওয়ায় প্রথম তিন দিনই যিনি ছিলেন সমালোচনার কেন্দ্রে। আর কিছুদিন আগেই যাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, সেই হাসি? মৃদুভাষী ‘মি. ক্রিকেট’ শুধু বলেছেন, ‘আমি এখনো টেস্ট ক্রিকেটার!’তবে শুধু হাসিই নয়, অস্ট্রেলিয়ার পুরো দলই গিয়ে ধন্যবাদ জানিয়ে আসতে পারেন কামরান আকমলকে। আগের দিন হাসির তিনটি ক্যাচ ফেলার পর কাল সিডলেরও একটি ক্যাচ ছেড়েছেন পাকিস্তান উইকেটকিপার। আর অস্ট্রেলিয়ার উইকেটকিপার হাডিন ম্যাচে নিয়েছেন ৯টি ক্যাচ। দুই উইকেটকিপারের গল্পই যেন পুরো ম্যাচেরই গল্প...সুযোগ ছাড়া আর লুফে নেওয়া!