বছর পাঁচেক আগের আইসিসি সুপার সিরিজের কথা মনে আছে? সেই যে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব একাদশের টেস্ট ম্যাচ? ছয় দিনের টেস্ট চার দিনেই অস্ট্রেলিয়া এমন দাপটে জিতেছিল যে সুপার সিরিজ দ্বিতীয়বার আয়োজনের কথা ভাবেইনি আইসিসি। সুপার সিরিজের প্রথম ও শেষ টেস্টটি রেকর্ড বইয়ে ঢুকে গেছে অন্য কারণে। বিশ্ব একাদশের ১১ জনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস মিলিয়ে মোট রান ছিল ২৩১২। টেস্ট ইতিহাসে আর কোনো দলের সবার সর্বোচ্চ রান যোগ করলে দুই হাজার হওয়ারই ঘটনা নেই আর একটিও। এমনটাই হওয়ার কথা, বিশ্ব একাদশের দলে ছিলেন ব্রায়ান লারা (৪০০), ইনজামাম-উল হক (৩২৯), বীরেন্দর শেবাগ (৩০৯), গ্রায়েম স্মিথ (২৭৭), রাহুল দ্রাবিড়েরা (২৭০)। কোনো একটি নির্দিষ্ট দেশ হিসেবে নিলে অবশ্য রেকর্ডটি ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৮ সালের পার্থ টেস্টে ভারতের সবার সর্বোচ্চ রানের যোগফল ছিল ১৯৭২। রেকর্ডে পরের সাতটি নামও কিন্তু ভারতের।