'সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকা যাইনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

ঢাকায় কাজ নেই। অগত্যা আর কী করা, তাঁকে হল্যান্ড গিয়ে ছুটি কাটাতে বলল বাফুফে। কাগজে-কলমে বাংলাদেশের কোচ হওয়ার এক বছরের মধ্যে এমনটা তিনবার হয়েছে। সর্বশেষ লোডভিক ডি ক্রুইফ ছুটি কাটাতে হল্যান্ড যান গত ৬ এপ্রিল। তখন বাফুফে বলেছিল, সপ্তাহ তিনেক পর ডেকে পাঠানো হবে ঢাকায়।
কিন্তু সেটা দীর্ঘায়িত হতে হতে এখন জুলাইয়ের তৃতীয় সপ্তাহ। তিন মাসেরও বেশি সময় পার। জাতীয় দলের ডাচ কোচের ঢাকায় ফেরা হয়নি আজও। বাফুফে এখন বলছে, আগামী মাসের শুরুতে আনা হবে তাঁকে। কোচ এনে তারপর হাত লাগানো হবে অনূর্ধ্ব-২৩ দলের ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় শুরু এশিয়ান গেমসের প্রস্তুতিতে।
কিন্তু এত দেরি কেন? উত্তর একটাই, বাফুফের হাতে টাকা নেই। যে কারণে কোচকে হল্যান্ডেই বসিয়ে রাখা। কারণ যা-ই হোক, ডি ক্রুইফ পেশাদার কোচ। বাফুফের কাছ থেকে পেশাদার আচরণই আশা করেন। সেটা না পেয়ে তিনি হতাশ। সবচেয়ে বেশি হতাশ, তাঁর হিসাবে ছয় মাসের বেতন বাকি পড়ায়। যদিও বাফুফে বলছে, পাঁচ মাসের বেতন।
ডি ক্রুইফের সহকারী রেনে কোস্টার ঢাকা এসেছিলেন ব্রাজিল বিশ্বকাপ শুরুর দুই দিন আগে। তিনিও এখানে বসে থেকে ৫ জুলাই আবার হল্যান্ড গিয়েছেন ছুটি কাটাতে। তাঁরও কোনো কাজ নেই। সব মিলিয়ে একটা ভজকট অবস্থা।
উচ্চ পারিশ্রমিকে দুজন কোচ নিয়োগ দিয়ে বাফুফে এখন পড়েছে বিব্রতকর অবস্থায়। তাঁদের বাদ দিতে গেলে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণসহ বকেয়া সব টাকাই পরিশোধ করতে হবে। এই দুজনের বেতনসহ মাসে বাফুফের খরচ মাসে ২৫ লাখ টাকার মতো। দিনে দিনে বাফুফের কাঁধে একটা ভারী বোঝা চেপে গেছে।
বাফুফে এখন তাকিয়ে সরকারের দিকে। সরকার আশ্বাসও দিয়েছে। মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ে এ নিয়ে একটা সভা হওয়ার কথা। ওখানে আর্থিক অনুদানের প্রস্তাব অনুমোদন হলে সেটা যাবে পরিকল্পনা মন্ত্রণালয়ে। এসব দীর্ঘ প্রক্রিয়া শেষে কবে সরকারের টাকা পাবে বাফুফে (বছরে ৩৫ কোটি টাকা করে চাওয়া হয়েছে সরকারের কাছে) সেটা অনুমান করাও কঠিন।
এ অবস্থায় ডি ক্রুইফ কী বলছেন? হল্যান্ডে সময় কাটছে কীভাবে? এসব জানতে কাল টেলিফোনে কথা হলো তাঁর
সঙ্গে—
:কেমন আছেন, কী করছেন হল্যান্ডে?
লোডভিক ডি ক্রুইফ: আছি মোটামুটি। সে অর্থে কাজ তো নেই। পরিবারকে সময় দিচ্ছি। বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছি, রেস্টুরেন্টেও নিয়মিত যাওয়া হয়। আর টিভি-রেডিওতে কিছু টক শো করছি।
:টক শো নিশ্চয়ই ফুটবল নিয়েই?
ডি ক্রুইফ: হ্যাঁ, ফুটবল ছাড়া আর কী! বিশ্বকাপের সময় রেডিও-টিভির নানা অনুষ্ঠানে যেতে হয়েছে, ম্যাচ বিশ্লেষণ করেছি। বিশেষজ্ঞ মতামত দিয়েছি। এটা আসলে বাণিজিক্যভাবেই করেছি।
:তা বেশ ভালো। কিন্তু ঢাকায় আসার কোনো সময় ঠিক করেছেন?
ডি ক্রুইফ: এটা বাফুফের ওপর নির্ভর করছে। ওরা যখন যেতে বলবে আমি তৈরিই হয়ে আছি। ১ আগস্ট আমি টার্গেট করেছি, ওই দিন রওনা দিতে চাই। এ ব্যাপারে ফেডারেশনের সঙ্গে কথাও হয়েছে। আমি ঢাকায় যাব, তবে ফেডারেশনের কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই যে, তারা আমার ছয় মাসের বকেয়া বেতনটা দেবে। এর আগে কয়েকবার সময় দিয়েও অঙ্গীকার রাখতে পারেনি ফেডারেশন। একটা ফেডারেশনের জন্য এটা ভালো কিছু নয়। থাক, আপনি আর এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, প্লিজ। এসব বলতে আর ভালো লাগে না।
:আসলে বাফুফের আর্থিক সংকটের কারণেই এমনটা হচ্ছে। সংকট কাটলে আপনার বেতনের টাকা নিশ্চয়ই ফেডারেশন পরিশোধ করবে। টাকা না দিয়ে ফেডারেশনের কোনো উপায় তো নেই। একটু দেরি হচ্ছে এই আর কী...
ডি ক্রুইফ: ঠিক আছে, সমস্যা হতেই পারে। কিন্তু তাই বলে ছয় মাস হয়ে যাওয়াটা কেমন দেখায় না! আমার তো সংসার আছে। জীবনের দায় মেটাতে হয়। সবচেয়ে বড় কথা, আমি কাজ ছাড়া বসে থাকতে পারি না। এটা আমার ক্যারিয়ারের জন্যও ক্ষতিকর। কাজের মধ্যে থাকলে না হয় একটা আনন্দ খুঁজে নিতাম। সেটাও তো নেই। জানেন, আমি তো একটা কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি।
:বলেন কী, কোথায়?
ডি ক্রুইফ: দক্ষিণ আফ্রিকায়। সেখানকার ক্লাব ব্ল্যাক লেপার্ড (এটা দক্ষিণ আফ্রিকার পোলক ওয়ানে রাজ্যের প্রথম বিভাগের দল, খেলে জাতীয় পর্যায়ে। সুনাম আছে দলটার) ওরা আমাকে প্রধান কোচ করার প্রস্তাব দিয়েছে। ওখানকার কাগজে খবরও বেরিয়েছে, ‘ব্ল্যাক লেপার্ড ক্রুইফকে প্রধান কোচ হিসেবে পেতে চায়।’ কিন্তু আমি সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকা যাইনি। তবে প্রস্তাবটা মন দিয়ে দেখেছিলাম ঢাকায় ঠিকমতো পারিশ্রমিকটা না পাওয়ায়। এটা গত মাসের প্রথম সপ্তাহের কথা।
:ঢাকায় কাজ নেই, বেতন পান না। তাহলে দক্ষিণ আফ্রিকার ওই ক্লাব দলের প্রস্তাব ফেরালেন কেন?
ডি ক্রুইফ: আমি ওদের বলেছি, আমি কঠোর পরিশ্রম করতে চাই। বাংলাদেশের সঙ্গে চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভালো পারফর্ম করার স্বপ্ন আমার। ক্লাব দলের চেয়ে জাতীয় দলের সঙ্গেই কাজ করার আগ্রহ বেশি পাই। সে জন্যই প্রস্তাবটা গ্রহণ করিনি।
:কিন্তু জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে আপনি নিজেই তো কাজবিহীন অবস্থায় পড়ে গেছেন...
ডি ক্রুইফ: আমার কিছু করার নেই। সব বাফুফের ওপরই নির্ভর করছে। দেখুন, ভারতের কোচ উইম কোভারম্যানসের সঙ্গে আমি হল্যান্ড থেকেই কথা বলেছি জুনের তৃতীয় সপ্তাহে। জুনের শেষ দিকে তিনি এশিয়ান গেমসের প্রস্তুতিতে নেমেছেন ভারতীয় দল নিয়ে। ভারত কত এগিয়ে এবার বুঝতেই পারছেন। বাফুফে এখনো শুরুই করতে পারেনি। খুবই খারাপ লাগে এসব ভাবলে।
:আপনি যে তিন মাসের ওপরে আমস্টারডামে বসে আছেন, আপনার বন্ধু, আত্মীয়স্বজনেরা কী বলেন?
ডি ক্রুইফ: সবাই জিজ্ঞেস করে কবে ফিরব ঢাকায়। আমি আর কী বলব, বলার কিছু নেই। তবে সবাইকে একটা কথা বলি জোর দিয়ে, আমি ভালো কিছু করতে চাই। বাংলাদেশের ফুটবলকে এশিয়ান গেমসে ভালোভাবে তুলে ধারার ইচ্ছা আমার। কিন্তু আমি চাইলেই তো হবে না। বাফুফের পরিকল্পনা এবং সমর্থনই আসল।
:শেষ প্রশ্ন। বিশ্বকাপ কেমন দেখলেন?
ডি ক্রুইফ: বিশ্বকাপ উপভোগ করেছি। হল্যান্ড বেশ ভালো খেলেছে। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি উঁচু মানের ছিল ফন গালের দল। তিনি নিজেও বিশ্বকাপে কোচ হিসেবে সাড়া ফেলেছেন। আসলে হল্যান্ডের কোচদের মানটাও এতে বোঝা গেল আরেকবার। ডাচ কোচদের চাকরির বাজার বেড়েছে বিশ্বকাপের পর (হাসি)।