'সেই কলমটার কথা মনে পড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম

গত বছর বয়সভিত্তিক সাঁতারে ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১০টি সোনা ও ১টি রুপা। ৭টি নতুন রেকর্ড। মিরপুর সুইমিং কমপ্লেক্সে এবারের বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনেও ৫টি সোনা জিতেছে আরিফুল ইসলাম। এবারও নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় কিশোরগঞ্জের কিশোরের
 গত বছর তো দুর্দান্ত পারফরম্যান্স করেছিলে। দিন শেষে এবারও নিশ্চয় খুশি?
আরিফুল: এবার গেমস শুরুর আগে ভেবেছিলাম ১৩টা ইভেন্টে অংশ নিয়ে ১০-১২টা রেকর্ড করব। কিন্তু সেটা হলো না। এ বছর জেএসসি পরীক্ষা দেব। পরীক্ষার কারণে ভালোভাবে অনুশীলন করতে পারিনি। বিকেএসপিতে আমাদের মোট ১৪ সেশন প্র্যাকটিস করতে হয়। আমি মাত্র সাত সেশন করেছি। এভাবে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তবে এখনো আমার আত্মবিশ্বাস আছে অন্তত ৫-৬টা রেকর্ড হবে।
 এতগুলো ইভেন্টে অংশ নাও। ক্লান্তি লাগে না?
আরিফুল: আসলে আমার অভ্যাস হয়ে গেছে। তা ছাড়া আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর নিজেকে সব সময় ফিট রাখার চেষ্টা করি, যাতে অনেকগুলো ইভেন্টে সাঁতরাতে পারি।
 কিশোরগঞ্জ থেকে উঠে এসেছেন কারার মিজান, কারার ছামেদুলরা। এরপর তোমরা দুই ভাই সাঁতারে এসেছ। ওনাদের সঙ্গে কি পরিচয় আছে?
আরিফুল: ছামেদুল আঙ্কেল আমার মামার বন্ধু। ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মিজান আঙ্কেল এখন দেশের বাইরে থাকেন। এটা সত্যি, ওনাদের পর কিশোরগঞ্জ থেকে সেভাবে সাঁতারু আসছে না। আসলে বেশি বেশি প্রতিযোগিতা না হলে তো সাঁতারু উঠে আসবে না। আমরা এই বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার জন্য সারা বছর অপেক্ষায় থাকি।
 তুমি সাঁতারে এলে কীভাবে?
আরিফুল: আম্মার মুখে গল্প শুনেছি, আমার বয়স যখন তিন থেকে চার মাস, তখন গোসল করাতে গেলে নাকি মোটেও কাঁদতাম না। উল্টো পানি থেকে উঠতেই চাইতাম না। আম্মু বলতেন, ‘তুই সাঁতারেই ভালো করবি।’ আর ভাইয়া (শরিফুল ইসলাম) যখন সুযোগ পেল বিকেএসপিতে, তখন থেকে আমিও চেষ্টা করতাম ওখানে ভর্তি হতে। আসলে অন্য খেলার চেয়ে সাঁতারই আমার বেশি ভালো লাগে। এই ভালো লাগার পেছনে একটা মজার গল্পও আছে।
 কী সেটা?
আরিফুল: ছোটবেলায় যখন সাঁতার শিখেছিলাম, তখন আমাদের বাড়ির পাশের পুকুরে একটা প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমি প্রথম হয়ে একটা ফাউন্টেন কলম পুরস্কার পেয়েছিলাম। আমার এক বন্ধু সেটা দিয়েছিল। পুরস্কার পেয়েছিলাম বলেই কি না, এর পর থেকে অন্য খেলার চেয়ে সাঁতার কাটতে বেশি ভালো লাগত।
 তোমার সেই কলমটা আছে?
আরিফুল: না। আমার সেই কলমটা হারিয়ে গেছে। জীবনের প্রথম পুরস্কার হারিয়ে গেছে বলে খুব খারাপ লাগে। লিখতে গেলে কিংবা এখনো কোনো পদক জিতলে সেই কলমটার কথা মনে পড়ে।

 তোমার ভাই শরিফুল ইসলামও তো সাঁতারু। তাঁকে ছাড়িয়ে যেতে চাও?
আরিফুল: শুধু ভাইকে নয়, দেশের সেরা সাঁতারু হতে চাই।
 কোনো নির্দিষ্ট সাঁতারুকে কি ভালো লাগে?
আরিফুল: অলিম্পিকে সোনাজয়ী জাপানি সাঁতারু কোসুক কিতাজিমার সাঁতার খুব ভালো লাগে। মাঝেমধ্যে কিতাজিমা আর ফেল্পেসর আইএমের (ব্যক্তিগত মিডলে) ভিডিও দেখি। আমাদের বিকেএসপির কোচ মোশাররফ স্যারের ল্যাপটপে এই ভিডিওগুলো আছে।