'সেই গোলটা আজও অমলিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের বিপক্ষে আবাহনীর প্রথম গোলটি করেছিলেন ১৯৭২ সালে। ৪১ বছর পরও আজ আরেকটি আবাহনী-মোহামেডান ম্যাচেও আছেন অমলেশ সেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সেকাল-একাল নিয়ে কাল বিকেলে আবাহনীর অনুশীলনের পর স্মৃতিচারণা করলেন আকাশি-নীল দলের কোচ

অমলেশ সেন
অমলেশ সেন

 আপনি কতগুলো আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছেন হিসাব আছে?
অমলেশ সেন: (কিছুক্ষণ ভেবে) হুম...ওভাবে তো মনে নেই। নব্বইয়ের পর মুক্তিযোদ্ধার সঙ্গে কিছু সময় বাদ দিলে আবাহনীর খেলোয়াড়-কোচ হয়েই তো কাটিয়ে দিলাম জীবনটা। খেলোয়াড় হিসেবে আবাহনীর জন্মের পর ’৭২ থেকে ’৮৩ পর্যন্ত খেলেছি। মোহামেডানের বিরুদ্ধে আবাহনীর প্রথম গোল আমারই।
 সেই গোলটি নিয়ে একটু বলুন।
অমলেশ: গোলটা ছিল ’৭২-এর লিগে। একটা বল মোহামেডান গোলরক্ষক যথাসম্ভব বাঁ পাশে পিন্টু ভাইকে দেয়। হঠাৎ মনে হলো বলটা আমি পেতে পারি। তাড়া করে বলটা নিয়ে নিই আমি। এরপর টিপু ভাই এবং গোলকিপারকে হারিয়ে গোলটা পাই। মোহামেডানের বিপক্ষে আমারও এটা প্রথম গোল, যা আজও অমলিন।
 ওই দিনে যদি ফিরে যান, সমর্থকদের কেমন ভালোবাসা পেয়েছিলেন?
অমলেশ: ওই দিন ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) গ্যালারি ছিল পরিপূর্ণ। আবাহনীর তখন অত সমর্থক ছিল না। তবে যারা ছিল, আমাকে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছে। আবাহনীর ওই টিমের অধিনায়ক ছিলেন সাদেক ভাই, যিনি আবাহনীর হকি দলেরও অধিনায়ক ছিলেন। গোলটা করার পর সালাউদ্দিনসহ অন্যরা আমাকে জড়িয়ে ধরেছিল।
 আবাহনী-মোহামেডান ম্যাচের সেই উত্তেজনা এখন নেই দেখে খারাপ লাগে না?
অমলেশ: খুবই খারাপ লাগে। মনে আছে, একটা ম্যাচে আবাহনী-মোহামেডান দুই দলের খেলোয়াড়েরাই মারামারিতে জড়িয়ে পড়ল। মারামারি থামাতে তখন আমি দুই দলের দু-তিনজন খেলোয়াড়কে থাপ্পড় মেরেছি। তাতে কাজ হয়েছিল।
 আগে তো এই ম্যাচ ঘিরে ক্লাব-খেলোয়াড়দের প্রস্তুতি থাকত অনেক। এখন কেমন দেখেন?
অমলেশ: প্রস্তুতি আগের মতোই থাকে। কিন্তু ফুটবল উত্তেজনা কমে যাওয়ায় খেলোয়াড়দের ওপর মানসিক চাপ আগের মতো নেই। আগে খেলোয়াড়েরা ৭-৮ দিন থেকেই উত্তেজনায় ভুগত, সমর্থকেরা দলে দলে ক্লাবে এসে ভিড় জামিয়ে গোটা পরিবেশটাকে জমিয়ে রাখত। সেসব এখন হারিয়ে গেছে।
 দুই চিরশত্রুর ম্যাচ নিয়ে কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে এ মুহূর্তে?
অমলেশ: আগাখান গোল্ডকাপে মোহামেডানের বিপক্ষে একটা ম্যাচে মাঝমাঠ খেকে একটা থ্রু-পাস গেল শামসুর কাছে। কিন্তু তাকে সমর্থন দিতে আবাহনীর কোনো খেলোয়াড় যায়নি। বলটা সে আমাকে ব্যাকপাস করে, আমি দারুণ এক শটে গোল করার দুই মিনিট পরই ম্যাচ শেষ।
 আবাহনী-মোহামেডান ম্যাচে যে দর্শক-উন্মাদনা ছিল, সেটি কতটা মিস করেন?
অমলেশ: অনেক মিস করি। আগে আবাহনী-মোহামেডান ম্যাচের ৭-৮ দিন আগে থেকে ঢাকা শহরই নয়, বলতে গেলে গোটা দেশেই একটা অপেক্ষা শুরু হয়ে যেত। অনেকে টিকিট কেটেও স্টেডিয়ামে ঢুকতে পারত না। এখন খুব ফুটবলপাগল কিছু সমর্থক বাদে লোকজন মাঠে যায় না।
 খেলোয়াড়-কোচ হিসেবে মাঠেই কাটিয়ে দিলেন সারাটা জীবন। ফুটবলের সমৃদ্ধ অতীত ফিরে আসবে এমন আশা করেন?
অমলেশ: ভবিষ্যতে আর কখনো স্টেডিয়াম দর্শকে ভরবে কি না জানি না। আসলে খেলার মান কিছুটা পড়ে গেছে। খেলাও আগের মতো সেভাবে নিয়মিত নয়। মানুষ এখন বিনোদনের অনেক কিছু পায়, টিভিতে বিশ্বের বড় বড় লিগের খেলা দেখে। ফুটবলের সোনালি দিন আবার দেখে যেতে পারলে খুশি হব।
 আবাহনীতে বিদেশি কোচ এলেই আপনি হয়ে যান সহকারী। নাথান হলকে বিদায় দেওয়ায় আপনি আবার মূল দায়িত্বে। এভাবে কাজ করতে খারাপ লাগে না?
অমলেশ: না, খারাপ লাগে না। ক্লাবের বিদেশি কোচ আনার সিদ্ধান্তকে আমি সম্মান করি সব সময়। কারণ আবাহনী ক্লাবই আমার সব।