'সেই যন্ত্রণা কখনোই ভুলব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডকে শুভ সূচনা এনে দিতে চান ম্যাককালাম-ফুলটনরা। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  শামসুল হক
নিউজিল্যান্ডকে শুভ সূচনা এনে দিতে চান ম্যাককালাম-ফুলটনরা। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শামসুল হক

দুজনই উইকেটকিপার, দলের সেরা ব্যাটসম্যানদের একজন। তবে এর চেয়েও বড় পরিচয়, দুজনই দলের অধিনায়ক। এই পরিচয়েই কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বললেন মুশফিকুর রহিম ও ব্রেন্ডন ম্যাককালাম। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে ছিলেন আরিফুল ইসলাম
 ২০১০ সিরিজের কতটা মনে আছে—
ব্রেন্ডন ম্যাককালাম: শেষবার এখানে সফরটা ছিল অবিশ্বাস্যরকমের কঠিন। আমাদের প্রস্তুতি তখন যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। খুব ভালো একটি বাংলাদেশ দল নিজেদের কন্ডিশনে আমাদের বিপাকে ফেলেছিল। এ জন্যই এবার আমরা ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। এই সিরিজের ঠিক আগে আমাদের ‘এ’ দল ভারত ও শ্রীলঙ্কা সফর করেছে। এই দলের কয়েকজন ছিল ওই দলে। আমার ধারণা, আগের চেয়ে এবার আমরা অনেক বেশি প্রস্তুত।
 এখনো কতটা পোড়ায় ওই ৪-০...
ম্যাককালাম: ওই সিরিজটি আসলে আমরা ভুলে যেতে চাই। স্বীকার করতে দ্বিধা নেই, আমাদের সবার জন্য ওই সময়টা ছিল খুব কঠিন। দলকে যে যন্ত্রণা পোহাতে হয়েছে এবং অনেকের ক্যারিয়ারে যেভাবে আঘাত এসেছে, সেটা আমরা কখনোই ভুলতে পারব না। তবে ওই সিরিজের হতাশাবোধকে এবার মাঠের খেলায় প্রভাব ফেলতে দেব না। এই দলটা ওই দল থেকে আলাদা, টিম ম্যানেজমেন্টসহ অনেক ক্রিকেটার নতুন। ওই সিরিজ থেকে শিক্ষা নিয়ে এবার কাজে লাগাতে চাই।

 প্রায় নতুন চেহারার দল—
ম্যাককালাম: তিন বছর আগের তুলনায় এই দল প্রায় পুরোই আলাদা। অনেক নতুন ছেলে এসেছে। সম্প্রতি আমরা খুব ভালোও খেলছি। দল হিসেবে কীভাবে খেলতে চাই, আগের চেয়ে সেটা এখন ভালো বুঝি আমরা। আমরা জানি, নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে হারানো কঠিন হবে। নিজেদের কৌশলেও বাংলাদেশ বেশ চতুর। আমরা চেষ্টা করব তিন বছর আগের সিরিজটিকে পেছনে ফেলে উন্নতির সাম্প্রতিক ধারা ধরে রাখতে।
 বাংলাদেশ দলেও নতুন বেশ কজন আছে—
ম্যাককালাম: ভিডিও ফুটেজ দেখে সবার খেলা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দু-একজনের ফুটেজ পেতে অবশ্য ঘাম ছুটে গেছে! সব মিলিয়ে ওদের সম্পর্কে তথ্যাদি যা পেয়েছি, ভালো একটি গেমপ্ল্যান করার জন্য যথেষ্ট। সব ধরনের অজুহাত পেছনে ফেলে দারুণ প্রস্তুতি নিয়ে এখানে এসেছি আমরা। এবার মাঠে নেমে কাজটুকু করে দেখানোর পালা।
 ২০১০ সিরিজে সাকিবের অতিমানবীয় পারফরম্যান্স—
ম্যাককালাম: সাকিব বিশ্বমানের ক্রিকেটার। অনেক দিন ধরে নিয়মিত পারফর্ম করে আসছে। কলকাতা নাইট রাইডার্সে ওর সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ ছেলে, ভীষণ বিনয়ী। আমরা জানি, আমাদের জন্য ও হবে বড় এক আতঙ্ক। আমরা চেষ্টা করব ওকে ম্লান করে দিতে। ওর ব্যাটিং ও বোলিংয়ের জন্য আমাদের আলাদা করে পরিকল্পনা আছে। এ ছাড়া তামিম ইকবালও খুব বিপজ্জনক ব্যাটসম্যান, ওকেও দ্রুত ফেরাতে হবে।
 আইপিএল অভিজ্ঞতা উপমহাদেশে কতটা কাজে লাগবে—
ম্যাককালাম: আমার ও রস টেলরের আইপিএল অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। আর যেটা বলেছি, অনেকেই সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কায় খেলেছে। ওদের জন্য সেটা ছিল উপমহাদেশে খেলতে শেখার বড় একটা সুযোগ। উপমহাদেশের গরমে অভ্যস্ত হওয়ার সুযোগও পেয়েছে। আমাদের দেশের চেয়ে এখানকার আবহাওয়া পুরোই আলাদা।
 র‌্যাঙ্কিংয়ে কাছাকাছি বাংলাদেশ-জিম্বাবুয়ে—
ম্যাককালাম: র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলোর মধ্যে খুব বেশি ব্যবধান নেই। আমাদের অবস্থান নিয়েও গর্ব করার কিছু নেই। আমি নিশ্চিত, দুই দলেরই তাই লক্ষ্য প্রায় একই, ধাপে ধাপে এগিয়ে যাওয়া।
 একদম নতুন উইকেটে খেলা—
ম্যাককালাম: কাজটা হবে খুব কঠিন। উইকেট দেখার খানিকটা সুযোগ মিলেছে আমাদের। ঘাসের চিহ্নমাত্র নেই। সেটা অবশ্য আমরা আশাও করিনি। ঘরের মাটির সুবিধা নেওয়ার মজাটাই এখানে। আমরা সফরকারী, চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া।
 প্রস্তুতি যথেষ্ট হলো কি না—
ম্যাককালাম: গতবারের চেয়ে অন্তত ভালো হয়েছে। গত কিছুদিনে আমাদের প্রায় ৪০-৫০ জন ক্রিকেটার বিশ্বের নানা প্রান্তে খেলেছে। আর গতবার আমরা সরাসরি শীতের আবহাওয়া থেকে এসেছিলাম, প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এবারও প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও আমাদের পরিকল্পনা ছিল অনেক ভালো। শ্রীলঙ্কার ক্যাম্পে ভালো প্রস্তুতি নিয়েছি।
 এবারের প্রত্যাশা—
ম্যাককালাম: অনেক প্রত্যাশা নিয়ে এসেছি আমরা। এসেছি সিরিজ জিততে। সিরিজ জয়ের চেয়ে কম যেকোনো কিছুই গণ্য হবে ব্যর্থতা হিসেবে।