‘সেঞ্চুরি’ হলো না তাঁর
টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি তো দূরের কথা, ফিফটিও পাননি। তবে জীবনের ইনিংসে সেঞ্চুরির খুব কাছাকাছি চলে এসেছিলেন। শেষ পর্যন্ত প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ১০০ বছর বাঁচা হলো না এরিক টিনডিলের। ৯৯ বছর ২২৬ দিন বয়সে পরশু জন্মশহর নিউজিল্যান্ডের নেলসনে মারা গেছেন টিন্ডিল। সেঞ্চুরিটা হয়নি, তবে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা টেস্ট ক্রিকেটার তিনিই। টিনডিলের মৃত্যুতে বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী এখন নরম্যান গর্ডন। সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের বয়স আজ ৯৮ বছর ৩৬২ দিন।নিউজিল্যান্ড জাতীয় দলে রাগবিও খেলেছেন টিনডিল। সর্বকালের সবচেয়ে বেশি বয়সী না হলেও বেঁচে থাকা রাগবি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন তিনি। সর্বশেষ খবর হয়েছিলেন গত বছরের ১৮ ডিসেম্বর, যখন প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে উদ্যাপন করেছিলেন ৯৯তম জন্মদিন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ইংল্যান্ডের ফ্রান্সিস ম্যাককিননকে টপকে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারের রেকর্ড গড়েন। বাঁহাতি ওপেনার ও উইকেটকিপার টিনডিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে পাঁচটি টেস্ট খেলে রান করেছেন ৭৩, সর্বোচ্চ অপরাজিত ৩৭। ৬৯টি প্রথম শ্রেণীর ম্যাচে অবশ্য ৬টি সেঞ্চুরি ছিল।একবার সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানকে আউট করার কীর্তিও ছিল টিনডিলের। ১৯৩৭ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রথম শ্রেণীর ম্যাচে জ্যাক কাউয়ির বলে নিয়েছিলেন ব্র্যাডম্যানের ক্যাচ। ‘অল ব্ল্যাক’দের হয়ে রাগবি ম্যাচ খেলেছেন ১৬টি। ক্রিকেট-রাগবির বাইরে ওয়েলিংটনের হয়ে ফুটবল ও টেবিল টেনিসও খেলেছেন টিনডিল। গড়েছেন ক্রিকেট ও রাগবি টেস্টে আম্পায়ারিং করার অনন্য কীর্তি। অবসরের পর ওয়েলিংটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হয়েছিলেন। ওয়েলিংটন ও নিউজিল্যান্ড দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে জায়গা পান নিউজিল্যান্ডের স্পোর্টস হল অব ফেমে। ওয়েবসাইট। যেখানে শীর্ষে টিনডিলএরিক টিনডিল (নিউজিল্যান্ড) ৯৯ বছর ২২৬ দিননরম্যান গর্ডন (দ. আফ্রিকা)* ৯৮ বছর ৩৬২ দিনফ্রান্সিস ম্যাককিনন (ইংল্যান্ড) ৯৮ বছর ৩২৪ দিনজ্যাক কার (নিউজিল্যান্ড) ৯৬ বছর ১৫০ দিনউইলফ্রেড রোডস (ইংল্যান্ড) ৯৫ বছর ২৫২ দিন*এখনো বেঁচে আছেন