‘সেঞ্চুরি’র সামনে সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন নয় যে ব্যাটে রান নেই। কিন্তু অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ব্যাট হাতেও যেন কিছুটা বিবর্ণ কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডে তিন টেস্টে একটি সেঞ্চুরি ছাড়া ছিল না আর কোনো ফিফটি। অস্ট্রেলিয়া সিরিজে দুই টেস্টে ফিফটি মাত্র একটি। একটু কি কমে গেল সাবেক অধিনায়কের একাগ্রতা! যদি কমেও থাকে, নিজেকে অনুপ্রাণিত করার উপলক্ষ পেয়ে যাচ্ছেন সাঙ্গাকারা, কাল খেলতে নামছেন ক্যারিয়ারের শততম টেস্ট!অতিরিক্ত ক্রিকেটের এই যুগে ১০০ টেস্ট খেলা এখন আর তেমন বিস্ময় জাগায় না। শততম টেস্ট খেলা ক্রিকেটারদের ক্লাবের সদস্যসংখ্যা পঞ্চাশই হয়ে গেছে। শ্রীলঙ্কার হয়ে এর আগে টেস্ট খেলার সেঞ্চুরি করেছেন মুত্তিয়া মুরালিধরন (১৩২), মাহেলা জয়াবর্ধনে (১২১), চামিন্ডা ভাস (১১১) ও সনাৎ জয়াসুরিয়া (১১০)। তবে বিস্ময় না থাকলেও দেশের হয়ে এত দিন খেলার গৌরবও তো আছে! সেটাই সাঙ্গাকারাকে দিচ্ছে গর্বিত অনুভূতি, ‘১০০ টেস্ট খেলার সুযোগ সবাই পায় না, আমি তাই ভীষণ গর্বিত। এত লম্বা সময় ধরে দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারাটা দারুণ সম্মানের।’আরেকটা দিক থেকেও নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন সাঙ্গাকারা। শততম ম্যাচটি খেলতে পারছেন তাঁর প্রিয় সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এই মাঠে ১৮ টেস্টে ৭৪.৫৬ গড়ে ১৮৬৪ রান, করেছেন সাতটি সেঞ্চুরি। ক্যারিয়ারের সাত ডাবল সেঞ্চুরির তিনটিই এখানে। ২০০৬ সালে এখানেই মাহেলা জয়াবর্ধনের সঙ্গে মিলে গড়েছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ জুটি (৬২৪), করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৮৭ রান।বরাবরই দল অন্তঃপ্রাণ সাঙ্গাকারা অবশ্য ব্যক্তিগত অর্জনের উচ্ছ্বাসে ভেসে যেতে চান না। দেশের মাটিতে সিরিজ হারের মুখে দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে এসএসসি টেস্টে জিততেই হবে শ্রীলঙ্কাকে। সাঙ্গাকারার ভাবনা জুড়েও তাই দলের জয়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়ে অবদান রাখতে পারা। দেশের হয়ে খেলতে পারাটাই অনেক বড় ব্যাপার, কিন্তু দলকে জেতানোর অনুভূতি অসাধারণ। সবাই চায় জিততে। আমরাও জয়কে তাড়া করছি। শুধু এই টেস্টে নয়, আরও অনেক ম্যাচ জিতে আমরা হতে চাই সেরা দল।’সাঙ্গাকারার সেই স্বপ্ন পূরণে শ্রীলঙ্কাকে পাড়ি দিতে হবে এখনো অনেকটা পথ। গত কিছুদিনে তাদের পারফরম্যান্স বরং নিম্নমুখী। মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর ১০ টেস্টের তিনটিতে হেরেছে শ্রীলঙ্কা, বাকি সাতটি ড্র। তবে সাঙ্গাকারার বিশ্বাস, তরুণদের সময় দিলে দলটা আবার দাঁড়িয়ে যাবে, ‘দলে এখন বেশ কজন তরুণ ক্রিকেটার। তাদের যথেষ্ট সময় দিতে হবে, যাতে নিজেদের প্রমাণ করতে পারে। এই সময়টুকুতে সিনিয়রদের এগিয়ে আসতে হবে এবং পারফর্ম করতে হবে। এতে তরুণেরা নিজেদের মানিয়ে নেওয়ার সময় পাবে।’ এএফপি।