‘সেঞ্চুরি’র হইচইয়ে বিরক্ত টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি প্রত্যাশার চাপেই ভেঙে পড়ছেন? ৯৯তম আন্তর্জাতিক সেঞ্চুরিটা পাওয়ার পর থেকেই শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির প্রতীক্ষায় ক্রিকেট-বিশ্ব। কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্তটি আসছে না, টানা ১৫ ইনিংস সেঞ্চুরিবিহীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসনের মতো অনেকেরই বিশ্বাস, চাপ পেয়ে বসেছে টেন্ডুলকারকে। কিন্তু ২২ বছর ধরে শতকোটি মানুষের প্রত্যাশার চাপ সামলাচ্ছেন যিনি, তাঁর কাছে এটা আর কী চাপ! টেন্ডুলকারও উড়িয়ে দিয়েছেন ‘চাপতত্ত্ব’। বলছেন, এ নিয়ে তিনি ভাবছেনই না!ক্যারিয়ারে আরও অসংখ্য রেকর্ড নিয়ে বারবার যা বলেছেন, শততম সেঞ্চুরি নিয়েও টেন্ডুলকারের কণ্ঠে ওই কথা, ‘আমার কাছে এটা স্রেফ একটা সংখ্যা। এ নিয়ে আমি ভাবছি না। ভাবনায় স্রেফ ভালো ক্রিকেট খেলা। নিজের খেলাটা আমি উপভোগ করছি।’ শততম সেঞ্চুরি নিয়ে এত আলোচনায়ও বিরক্ত টেন্ডুলকার, ‘যখন ৯০তম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলাম, তখন তো কেউ কিছু বলেনি। এমনকি ৯৯তম সেঞ্চুরির আগেও কেউ কিছু বলেনি। তাহলে এখন কেন? আমি বুঝতে পারছি না। জানি, সবাই আমার শততম সেঞ্চুরি নিয়ে কথা বলছে। কিন্তু আমি শান্ত থাকতে চাই এবং ক্রিকেটকে আপন গতিতে চলতে দিতে চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই, শুধু স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চাই।’১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর পূর্ণ করেছেন টেন্ডুলকার। এটাই তাঁকে বরং রোমাঞ্চিত করছে বেশি, ‘অসাধারণ অনুভূতি। এটা আমাকে ব্যাপক তৃপ্তি দিয়েছে। এত লম্বা সময় ধরে দেশের সেবা করে যাওয়াটাও দারুণ তৃপ্তিদায়ক।’আগামী মঙ্গলবার থেকে মুম্বাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট। টেন্ডুলকার যতই বিরক্ত হন, নিশ্চিতভাবেই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হবে তাঁর শততম সেঞ্চুরি নিয়ে। এএফপি।