
ডাগ-আউটে অসহায় বসে দলের পরাজয় দেখার অনুভূতি কেমন? মারিও মানজুকিচের চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না! ব্রাজিলের সঙ্গে প্রথম ম্যাচে অক্ষম আক্রোশে দলের আত্মসমর্পণ দেখতে হয়েছে ক্রোয়েশিয়া স্ট্রাইকারকে। পরশু নেমে সব অতৃপ্তি কড়ায়-গন্ডায় মিটিয়ে দিলেন। ক্যামেরুনকে ৪-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেছেন মানজুকিচ, অন্য দুটি গোল ইভিকা ওলিচ ও ইভান পেরিসিচের। ক্রোয়েশিয়ার নকআউট পর্বে খেলার নিবু নিবু আগুনটা আবার জ্বলে উঠল।
শুরুটা করেছিলেন ওলিচই। ১১ মিনিটেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে এটাই সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড। এর পরই বড় একটা ধাক্কা খায় ক্যামেরুন। মানজুকিচকে ইচ্ছাকৃতভাবে মারার জন্য লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে হয় মিডফিল্ডার অ্যালেক্স সংকে। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট ও দ্বিতীয়ার্ধের পুরোটাই ক্যামেরুনকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।
এর পরই আসলে ভেস্তে গেছে ‘অদম্য সিংহদের’ সব প্রতিরোধ। ক্যামেরুন গোলরক্ষক চার্লস ইতানজেরর ভুলে পেরিসিচ এগিয়ে দেন দলকে। তার পরই শুরু ‘মানজুকিচ শো’। নিজের প্রথম গোলটা পেয়েছিলেন হেড করে, িদ্বতীয় গোলটা সহজ একটা ফিনিশিংয়ে।
আক্রমণের মূল ভরসাকে ফিরে পাওয়ায় ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাসটা মাঠেই দেখা গেছে। কোচ নিকো কোভাচ পরেই ছাত্রের প্রশংসায় বুঁদ, ‘ওর মতো খেলোয়াড়কে পেলে যেকোনো কোচই খুশি হবেন। সে শুধু গোল করে তাই নয়, ওর মনোভাব দলকে উদ্দীপ্ত করে তোলে। প্রতিপক্ষের ওপরেও সেটা প্রভাব ফেলে।’ প্রথম ম্যাচে বায়ার্ন স্ট্রাইকারকে না পাওয়ার আফসোসটাও গোপন থাকেনি কোভাচের, ‘এটা নিশ্চিত, দলে মারিওর মতো স্ট্রাইকার থাকলে ফল অন্য রকম হতো।’ তবে দলে এখনো উন্নতির সুযোগ দেখছেন, ‘আমরা ওদের অনেক সুযোগ দিয়েছি। নিজেদের পুরো সম্ভাবনা এখনো আমরা দেখাতে পারিনি।’
ক্যামেরুন কোচ ভলকার ফিঙ্কে স্বাভাবিকভাবেই হতাশ, ‘এটা খুবই দুঃখজনক। আমি জানি ১০ জন নিয়ে ১১ জনের সঙ্গে পারা কঠিন। এরপর এভাবে খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা তো কাজের কথা হতে পারে না। এ ফলের জন্য আমি দুঃখিত, কিন্তু আমাদের এখন সামনে তাকাতে হবে।’
তবে এই জয়েও স্বস্তিতে নেই ক্রোয়েশিয়া। শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে জিততেই হবে। কোভাচ তো বলেই দিলেন, ‘আমরা জানি মেক্সিকোর ম্যাচে আমাদের জন্য কী অপেক্ষা করছে। ওই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল।’
মানজুকিচরা এমন খেললে সেই ‘ফাইনালে’ ক্রোয়েশিয়া জিততেই পারে! এএফপি, রয়টার্স।