'সেরা আটে থাকলেই তো হতো!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনায়েত হোসেন
এনায়েত হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘হঠাৎ আবিষ্কৃত’ ফরম্যাট ভালোই বিতর্ক উসকে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশ দলকে যে আগে জিম্বাবুয়ে ও ছয় সহযোগী সদস্য দেশের সঙ্গে খেলে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, এটা এত দিন পরে কেন জানাজানি হলো—এই প্রশ্নে এখন সরব ক্রিকেটাঙ্গন।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন কাল সে প্রশ্নেরই জবাব দিতে চাইলেন পাল্টা প্রশ্ন করে, ‘আইডিআইসির (আইসিসি ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স) মিটিংয়ে আলোচনার পর গত জানুয়ারিতে আইসিসির এজিএমে এটা অনুমোদন হয়েছে। তখন পত্রপত্রিকায়ও এসেছে, এবার বিশ্বকাপের ফরম্যাট ভিন্ন। কাজেই না জানার কিছু নেই। কিন্তু যদি আগে থেকে আমরা না-ও জেনে থাকি, তাহলেই বা কী হতো? আমাদের র‌্যাঙ্কিং তো সেই ২০১২ সালের অক্টোবরেই ঠিক হয়ে গেছে।’ তা ছাড়া অন্য আন্তর্জাতিক দলগুলোর কোনোটাই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলছে না, পূর্ণাঙ্গ সিরিজই খেলছে। সবার সূচিও পূর্বনির্ধারিত। কাজেই ফরম্যাটের কথা ভেবে প্রস্তুতিতে বাড়তি কিছু যোগ করারও সুযোগ ছিল না বলে মনে করেন তিনি।এটা নিয়ে এত কথাবার্তা না বলে এনায়েত হোসেন গুরুত্ব দিচ্ছেন ভালো খেলার ওপর, ‘ভালো খেলার বিকল্প নেই। ফরম্যাট নিয়ে না ভেবে খেলোয়াড়দের উচিত র‌্যাঙ্কিংয়ে কীভাবে এগোনো যায়, সেটা ভাবা। তখনকার র‌্যাঙ্কিংয়ে আমরা সেরা আটে থাকলেই তো হতো! তাহলে এখন আর সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে হতো না।’ আর সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে হলেও সেটা নিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা এত চিন্তিত হবেন কেন, এই প্রশ্নও তুলছেন তিনি, ‘একটা টেস্ট দলের খেলোয়াড় হয়ে আয়ারল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে নিজেদের মাটিতে খেলতে আমাদের ছেলেরা ভয় পাবে কেন? আমি তো বলব, বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার আগে এটা তাদের ম্যাচ প্র্যাকটিসের ভালো সুযোগ। বড় দলগুলোর সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে খেলতে যেতে পারবে তারা। আমার বিশ্বাস, খেলোয়াড়েরাও এভাবেই চিন্তা করবে।’ টেস্ট র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়ার প্রশ্নেও একই প্রতিক্রিয়া এনায়েত হোসেনের, ‘র‌্যাঙ্কিংয়ে উন্নতির প্রথম শর্তই হলো আমাদের ভালো খেলতে হবে। হ্যাঁ, আমরা টেস্ট কম খেলছি। কিন্তু ভালো না খেললে তো আমাদের সঙ্গে কেউ খেলতে চাইবে না! মাথায় রাখতে হবে, ক্রিকেট থেকে সবাই এখন টাকাপয়সা আয় করতে চায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট না হলে সেটি আসে না।’