২০০৬ বিশ্বকাপে ছিলেন ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী। পর পরই প্রধান কোচ হয়েছেন জোয়াকিম লো। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে জার্মানি কোচ কথা বললেন নিজেদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে

মার্চে চিলির সঙ্গে প্রীতি ম্যাচটি ছিল জার্মানির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এটা নিয়ে কিছু বলুন...
জোয়াকিম লো: বিশ্বকাপের আগে আমরা চিলির মতো দলের সঙ্গেই খেলতে চেয়েছিলাম। ওরা দারুণ শক্তিশালী, ভালো দৌড়াতে পারে, টেকনিক্যালিও ভালো। আমাদের ভালো একটা পরীক্ষাই ওরা নিয়েছিল। আমাদের জন্য জয়টা ছিল সৌভাগ্যপ্রসূত। চিলি অনেক সুযোগ পেয়েছিল।
তারা এত গোল করার সুযোগ পেয়েছিল কেন?
লো: আমরা বল নিজেদের কাছে ঠিকঠাক রাখতে পারিনি। চিলিকে আমরা অনেক জায়গা দিয়ে ফেলেছিলাম। ইংল্যান্ড ও ইতালির সঙ্গে সাম্প্রতিক ম্যাচে আমাদের পাসিং ছিল অবিশ্বাস্য রকম নিখুঁত। কিন্তু এই ম্যাচে আমাদের ঘাটতি ছিল। খেলাটা নিজের মুঠোর ভেতর কখনো আনতে পারিনি। দুই দলই চেয়েছিল অন্যকে চাপে ফেলতে। যদিও আমরা ১-০-তে জিতেছিলাম, খুব একটা সুবিধা আমরা করতে পারিনি।
এই গ্রীষ্মে সেটা থেকে কী শিক্ষা নিচ্ছেন?
লো: আমাদের অবিশ্বাস্য রকমের চেষ্টা করতে হয়েছিল। এটাও কখনো কখনো স্বীকার করতে হবে, অসাধারণ ফুটবলার শুধু জার্মানিতেই জন্মায় না।
আপনি ফুটবলারদের বলেছেন বিশ্বকাপে আত্মতুষ্টিতে না ভুগতে। চিলির ম্যাচ কি আপনাদের সেই সতর্কবার্তাই দিয়েছে?
লো: সংবাদ সম্মেলনে বা খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুমে আমি এসব নিয়ে কথা বলেছি। আমার কথা, কিছু খেলোয়াড়কে নিজেদের পারফরম্যান্সে উন্নতি আনতে হবে। কেউ চোটে ভুগছিল, তারা এখনো ছন্দ ফিরে পায়নি। আমাদের বুঝতে হবে এখনো অনেক উন্নতি করার সুযোগ আছে আমাদের।
মেসুত ওজিল সেই ম্যাচে মাঝমাঠের ডান দিকে শুরু করেছিলেন। পরে সেন্ট্রাল স্ট্রাইকার হয়ে গিয়েছিলেন। আপনি কি তাঁর জন্য একটা পজিশন খুঁজছেন? আপনার কাছে তাঁকে কেমন মনে হচ্ছে?
লো: আমার সঙ্গে মেসুতের বেশ কয়েকবার কথা হয়েছে। স্প্যানিশ ফুটবল ছেড়ে প্রিমিয়ার লিগে আসায় ওর খেলার ধরনটা একটু বদলাতে হয়েছে। ওর জন্য আমার কোনো জায়গা খালি করতে হবে না। আমি জানি সে কোথায় খেলে। ওই ম্যাচে ওজিল, ক্লোসা ও গোটশে কীভাবে নিজেদের জায়গা অদল-বদল করে সেটা দেখতে চেয়েছিলাম। প্রথমার্ধে কয়েকটা সুযোগও এসেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুই আসেনি। আমি জানি মেসুত কী করতে পারে। আমি শতভাগ বিশ্বাস করি, সে বিশ্বকাপে নিজের সেরা ফর্মে থাকবে।
বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে নিয়ে কী ভাবছেন?
লো: খেলোয়াড় হিসেবে ওর মান, অভিজ্ঞতা, অন্য খেলোয়াড়দের ওপর ওর প্রভাব সবকিছু মিলিয়ে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ৯০ মিনিট ফিট থাকলে, বল দখলের ক্ষমতা ও ট্যাকটিক্যাল সামর্থ্যের জন্য সে খুবই মূল্যবান।
চিলির ম্যাচটা কি এই বার্তাই দিয়েছে যে, বিশ্বকাপে শুধু বড় দলগুলোই জার্মানিকে সমস্যায় ফেলবে না?
লো: কেউ কেউ চিলিকে কালো ঘোড়া বলছেন। আমাদের সঙ্গে খেলায় সেটাই দেখিয়েছে। আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ দেখেছি। আপনি কখনোই বলতে পারবেন না সেরা ফুটবলাররা শুধু জার্মানিতেই থাকে না। শারীরিকভাবে ভালো থাকলে খুব ভালো কিছু খেলোয়াড় আমরা পাব। অনেকেরই ধারণা জার্মানিতে প্রতিভার ছড়াছড়ি, কিন্তু অন্য দেশগুলো ঘুমিয়ে নেই।
বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা কেমন দেখছেন?
লো: কাগজে-কলমে আমাদের দলটা শীর্ষ সারির। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের কিছু খেলোয়াড় লম্বা সময় চোটের কারণে বাইরে ছিল। কেউ ক্লাবের হয়ে নিয়মিত খেলতে পারেনি। কেউ ফর্মের সঙ্গে যুঝছে, কারও এখনো চোট রয়েছে।