দক্ষিণ এশীয় গেমসে (এসএ) সোনা জেতার রেশ কাটতে না-কাটতেই কমনওয়েলথ শ্যুটিংয়ে অংশ নিতে কাল দলের সঙ্গে দিল্লি গেলেন। যাওয়ার আগে ১০ মিটার এয়ার রাইফেলে নিজের সাফল্য ধরে রাখার আশাবাদ জানালেন শ্যুটার শারমিন আক্তার ওরফে রত্না এসএ গেমসে সোনা জিতে এবার কমনওয়েলথ শ্যুটিংয়ে অংশ নিতে দিল্লি যাচ্ছেন। সেখানে প্রত্যাশা কী?শারমিন আক্তার: ভালো কিছুর প্রত্যাশাই করছি। এসএ গেমসে যে সাফল্য দেখিয়েছি, সেটা ওখানেও ধরে রাখার চেষ্টা করব। এসএ গেমসে পাওয়া আত্মবিশ্বাস দিল্লিতে কতটুকু কাজে লাগবে বলে মনে হচ্ছে?শারমিন: আমার আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। আমি এখানে যে স্কোরটা করেছি, সেটা যদি ওখানেও করতে পারি তাহলে দারুণ হবে। ঢাকায় পাওয়া আত্মবিশ্বাসটাই আমাকে ওখানে ভালো করার সাহস জোগাচ্ছে। আর দলের আত্মবিশ্বাস...?শারমিন: এখানে তো এসএ গেমসের মতো তিনজনের দল না, দুজনের দল। খেলব আমি আর সাদিয়া। তিনজনের দল হলে একটু চাপ বাড়ে, প্রতিযোগিতাটাও অনেক বেশি কঠিন হয়। এখানে যদি আমরা দুজন একই সঙ্গে এসএ গেমসের মতো স্কোর করতে পারি তাহলেও হয়তো কিছু একটা করতে পারব। গেমসের পরে কি সেভাবে অনুশীলন করতে পেরেছেন?শারমিন: আসলে গেমসের পর এক সপ্তাহের মতো একটা গ্যাপ গেছে। সংবর্ধনা, শুভেচ্ছা এবং অন্য আনুষ্ঠানিকতা সারতেই সময় কেটে গেছে। এ জন্য একটু সমস্যা হয়েছে অনুশীলনে। আশা করি, সেটা সমস্যা হবে না। এটাই তো আপনার প্রথম কমনওয়েলথ শ্যুটিং। বিশেষ কোনো অনুভূতি?শারমিন: হ্যাঁ, প্রথমবারের মতো কমনওয়েলথ শ্যুটিংয়ে খেলতে যাচ্ছি। এটি নিয়ে আমার আন্তর্জাতিক সফরই হবে মাত্র দুটো। আমার কাছে তাই এর একটা বাড়তি গুরুত্ব তো আছেই। এর আগেরটি ছিল এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। গত বছর কাতারে যেটি হয়েছিল। ভারতের যে দলটিকে এসএ গেমসে হারিয়েছিলেন তারাও তো কমনওয়েলথ গেমসে আছে। তাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা?শারমিন: ভারত তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে সোনা জিততে। আর ভারতে একই মানের অনেক শ্যুটারও আছে। ঢাকায় যে দুজন খেলেছে ওদের চিনি। কিন্তু আর যারা আছে তাদের সম্পর্কে খুব বেশি জানি না। তার পরও আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। অন্য দেশের খেলোয়াড়দের সম্পর্কে কি জানা আছে?শারমিন: সঠিক কোনো ধারণা নেই। শুধু এটুকু জানি যে ইউরোপের অনেক দেশের খেলোয়াড়েরা এখানে খেলবে। অন্য দেশের সঙ্গে আমাদের শ্যুটিংয়ের মূল পার্থক্য কোথায় বলে মনে হয় আপনার?শারমিন: অনেক পার্থক্য। অন্যান্য দেশে খেলোয়াড়দের পেছনে যেভাবে শ্রম দেওয়া হয়, যেভাবে খরচ করা হয়, সেটি আমাদের দেশে দেখা যায় না। সরকারের পৃষ্ঠপোষকতাও তেমন নেই। ভালো ট্রেনার নেই যার তত্ত্বাবধানে আমরা আরও উন্নতি করতে পারব। এমনকি আমাদের কোচও তেমন উঁচু পর্যায়ের না। কমনওয়েলথ গেমস শুরুর আগে কি এটাকে ওয়ার্মআপ টুর্নামেন্ট বলবেন?শারমিন: দিল্লিতেই অক্টোবরে কমনওয়েলথ গেমস হবে। সেই হিসেবে এটাকে নিজেদের দেখার একটা জায়গা বলতে পারেন। এ রকম চিন্তাভাবনা করেই ফেডারেশন আমাদের পাঠাচ্ছে। যারা কমনওয়েলথ গেমসে খেলবে তারাই ওখানে যাচ্ছে। রেঞ্জের সুবিধাদি, ওখানকার পরিবেশ সেসবও দেখে আসব।