‘সোনা জেতার সামর্থ্য আছে আমাদের’
অলিম্পিক ফুটবলের অধরা সোনাটি ব্রাজিল জিতবে কি না, সেটি অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর। এই সাক্ষাৎকারে অলিম্পিকের লক্ষ্য আর স্বপ্ন নিয়ে কথা বলেছেন নেইমার ছেলেবেলায় অলিম্পিক দেখার কোনো স্মৃতি কি মনে পড়ে? লন্ডন অলিম্পিক আপনার ক্যারিয়ারের কোনো লক্ষ্য কি ছিল?নেইমার: হ্যাঁ, অলিম্পিক দেখার স্মৃতি আমার মনে আছে। আর শুধু ফুটবল নয়, অন্য খেলাও দেখেছি। শুধু বিশ্বকাপ নয়, অলিম্পিকে খেলাও আমার জন্য একটা স্বপ্ন। কারণ সেখানে বাকি সবার সঙ্গে অলিম্পিক ভিলেজে থাকা যায়। আপনি সেখানে অংশ নিতে চাইবেন, সবকিছুতেই আপনার অংশগ্রহণ থাকবে। আর আমাদের কথা বললে, প্রথমবারের মতো অলিম্পিক সোনাটি আমরা দেশে নিয়ে আসতে চাই। এ ধরনের বিশাল একটি বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অংশ নিলে আপনি ভীষণভাবে অনুপ্রাণিত হবেনই। ফুটবলার হিসেবে অন্যান্য খেলার মানুষদের সঙ্গে মেশার সুযোগ পাবেন। এটা নিয়েও নিশ্চয়ই আপনার মধ্যে কৌতূহল আছে।নেইমার: আপনি হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে লেব্রন জেমস যাচ্ছে, উসাইন বোল্ট যাচ্ছে (হাসি)! এরই মধ্যে আমার বন্ধুদের বলেছি, সেখানে আমি হব সবচেয়ে বড় ফ্যান। সব সময় ছবি তুলতেই থাকব। বোল্ট, লেব্রন জেমসের মতো তারকাদের ছবি তুলব। তাদের সঙ্গে ছবি তোলার অনুরোধ জানাব। অটোগ্রাফ চাইব। জানি না আমি ওদের কী বলব, তবে কিছু অনুরোধ তো করবই (হাসি)। এটাই ব্রাজিলের সোনা জেতার সবচেয়ে ভালো সুযোগ বলে মনে করেন?নেইমার: চ্যাম্পিয়ন হতে চাইলে যা যা লাগে তার সবই আমাদের আছে। যে টুর্নামেন্টেই খেলুক না কেন, ব্রাজিল সব সময়ই অন্যতম ফেবারিটের মর্যাদা পায়। আমাদের দলটাও খুব ভালো। অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর আর্জেন্টিনার সঙ্গে যেসব প্রস্তুতি ম্যাচ খেলেছেন, তাতে তৃপ্ত?নেইমার: আমরা বেশ ভালো ফর্ম নিয়ে খেলতে যাচ্ছি। যদিও কয়েকটি অপ্রত্যাশিত ফল এসেছে (মেক্সিকোর সঙ্গে ২-০ আর আর্জেন্টিনার সঙ্গে ৪-৩ গোলের পরাজয়)। তবে বাস্তবতা হচ্ছে, আমাদের তরুণ অলিম্পিক দল খুবই শক্তিশালী আর্জেন্টিনা দলের মুখোমুখি হয়েছে, যাদের দলে ছিল কিছু দুর্দান্ত খেলোয়াড়। তার পরও কিন্তু আমরা ওদের হারিয়ে দিয়েছিলাম প্রায়। এখন আমাদের শুধু অনুশীলনে কিছু কিছু জিনিস ঘষামাজা করে নিতে হবে। এখন তো আপনি জাতীয় দলের তারকাদের একজন। অলিম্পিকেও তাই আপনিই হবেন মূল খেলোয়াড়।নেইমার: দলের সব খেলোয়াড়কেই আমি মূল খেলোয়াড় মনে করি। তাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। যে ১৮ জনকে নেওয়া হয়েছে, তাদের প্রত্যেককেই দলের অংশীদার। আমাদের একতাবদ্ধ আর শক্তিশালী হতে হবে। প্রীতি ম্যাচের সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দলগুলো এখন আপনাকে বেশি গুরুত্ব দেয়...নেইমার: ঠিকই বলেছেন। লোকে এখন আগের চেয়ে আমাকে বেশি চেনে। মাঠে আমাকে বেশি মার্ক করে রাখা হয়। লোকে জানে আমি কী করতে পারি। প্রত্যেকে এখন আগের চেয়ে আমার ব্যাপারে বেশি জানে। এর ফলে এক-দুজন বেশি খেলোয়াড় আমাকে মার্ক করে রাখে। ফলে আমার জন্য কাজটা কঠিন হয়ে গেছে। যদিও এই পরিস্থিতির ভেতর দিয়েই আমাকে দলের জন্য খেলতে হবে। এমন কিছু কি আছে, বাইরে খেলতে গেলে এখন যেটা টের পান?নেইমার: সবকিছুর অনেক অনেক পরিবর্তন হয়েছে। জাতীয় দলে প্রথম যখন আমাকে নেওয়া হলো, খুব কম লোকই আমাকে চিনত। কিন্তু এখন সবাই আমার সম্পর্কে সবকিছু জানে। স্পেন ইউরো জেতার পর টুইটারে আন্দ্রেস ইনিয়েস্তাকে অভিনন্দন জানিয়েছেন। ইউরোর খেলা কি দেখা হয়েছে? দেখে থাকলে ইউরোপের খেলার মান কেমন মনে হয়েছে?নেইমার: টেকনিকের দিক দিয়ে টুর্নামেন্টটি খুবই উঁচু মানের, বিশ্বকাপের মতোই। শুধু ব্রাজিল-আর্জেন্টিনার মতো দল ছিল না, বিশ্বকাপের সঙ্গে এটুকুই পার্থক্য। স্পেন দলটা দুর্দান্ত খেলছে। তারা এখন সত্যিই সেরা। আর কোন কোন খেলোয়াড়ের খেলা আপনার ভালো লাগে?নেইমার: ইনিয়েস্তার খেলা সত্যিই খুব ভালো লাগে। ও সত্যিই রোমাঞ্চকর এক খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোও খুব ভালো। জার্মানির মেসুত ওজিলের খেলাও ভালো লাগে।