‘সৌভাগ্য, আমি এখনো বেঁচে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে মাঠে ফেরাটা অবশ্যই স্বস্তির। সেই স্বস্তিটা পাচ্ছেন চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। শুধু কি মাঠেই ফিরছেন? তাঁর নিজের কাছে মনে হচ্ছে মৃত্যুদুয়ার থেকেই ফিরে এসেছেন। মাঠে ফেরার প্রস্তুতি নিতে গিয়ে দ্রগবা বলেছেন, ‘আমি সৌভাগ্যবান, আমি এখনো বেঁচে আছি।’সত্যিই বড় সৌভাগ্যবান চেলসির এই আইভরিয়ান তারকা। নয়তো প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাথায় যে আঘাত পেয়েছিলেন, তাতে জীবনের সংশয়ই ছিল। গত ২৭ আগস্ট প্রতিপক্ষ নরউইচের গোলরক্ষক জন রাড্ডির সঙ্গে ভয়ানক এক সংঘর্ষে মাথায় প্রচণ্ড আঘাত পান। ছয় থেকে আট মিনিট তাঁর কোনো জ্ঞানই ছিল না! মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলেও ওই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাঁকে লড়তে হয়েছে কঠিন এক লড়াই। ঈশ্বর সহায়, এ যাত্রা দ্রগবা বেঁচে গেছেন।গতকাল রাতেই তাঁর সোয়ানসির বিপক্ষে মাঠে নামার কথা। এর আগে ভয়াবহ ওই ঘটনার বর্ণনা করে বলেছেন, ‘আমি ঘাবড়ে গিয়েছিলাম। নরউইচের সমতা ফেরানোর পর থেকে হাসপাতালে নেওয়া পর্যন্ত কোনো কিছুই মনে নেই আমার। আমি জানতামই না কী ঘটছে।’যাঁদের সহযোগিতায় ভয়ংকর পথ পেরিয়ে আসা, তাঁদের কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি ৩৩ বছর বয়সী দ্রগবা, ‘আমি প্রত্যকের কাছেই কৃতজ্ঞ, যাঁরা আমাকে সাহায্য করেছেন। স্টেডিয়ামের স্টাফ এবং চিকিৎসকেরা, যাঁরা আমাকে স্বাভাবিক অবস্থায় এনেছেন। তাঁরা আমাকে বলেছেন, ছয় থেকে আট মিনিট আমার চেতনাই ছিল না। আমি আগেও কিছু চোট পেয়েছি। আমার পা ভেঙে গিয়েছিল, হাত ভেঙে গিয়েছিল। কিন্তু এটা ছিল ভয়াবহ। আমি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম এবং কানের কুঠুরি ছিদ্র হয়ে গিয়েছিল। তাই স্বাভাবিক হতে সময় লেগেছে।’কঠিন এই পথ পাড়ি দিয়ে আজ দিব্যি অনুশীলন করছেন, দ্রগবার তাই কৃতজ্ঞতার শেষ নেই, ‘খেলতে না পারাটা ছিল হতাশার। কিন্তু আমার সৌভাগ্য, আমি এখনো বেঁচে আছি। আমি জানতাম খেলতে না পারাটা শুধুই সময়ের ব্যাপার এবং আমি আবার খেলতে পারব।’ ওয়েবসাইট।