‘স্কুডেট্টো’ জুভেন্টাসের ঘরে
ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন ধরে আলোচনার বাইরেই ছিল এককালের অন্যতম সেরা ক্লাব জুভেন্টাস। ২০০২-০৩ মৌসুমে শেষবারের মতো ইতালীয় লিগ শিরোপা জয়ের দেখা পেয়েছিল তারা। এরপর দীর্ঘ আটটি মৌসুম এই শিরোপার প্রতীক্ষায় থাকার পর অবশেষে এবারের মৌসুমে সেই কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছে জুভ। গতকাল ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পরপরই নিশ্চিত হয়ে যায় তাদের ২৮তম ‘স্কুডেট্টো’-ইতালীয় লিগ শিরোপা। লিগের ৩৭ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৭৭। লিগের শেষ ম্যাচটা তাই এখন শুধুই সৌজন্য রক্ষার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকাল লিগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলায় এসি মিলান যদি ইন্টার মিলানের বিপক্ষে জিতে যেত, তাহলে হয়তো আরও জমে উঠত ইতালিয়ান লিগ। কিন্তু মিলান ডার্বিতে ৪-২ গোলে হারের স্বাদ পেয়ে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে গতবারের শিরোপাজয়ী এসি মিলান।এবারের মৌসুমের শুরুতেই জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অ্যান্তোনিও কোন্তে। প্রথম মৌসুমেই দলকে বহু-কাঙ্ক্ষিত শিরোপাটি এনে দেওয়ার পর তাই চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ইতালিয়ান কোচ। শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা অসাধারণ, চমত্কার অনুভূতি। জুভেন্টাসের এই শিরোপাটা প্রাপ্য ছিল।’ পরবর্তী মৌসুমেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। পরবর্তী সপ্তাহে লিগের শেষ ম্যাচে যদি হারের মুখ না দেখে, তাহলে অপরাজিত থেকেই লিগ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে জুভেন্টাস।—রয়টার্স