‘স্কুল ফুটবলে বিপ্লব আসছে’
২০০৮ সালের এপ্রিলে কিংবদন্তি ফুটবল তারকা কাজী সালাউদ্দিনের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল বাফুফের বর্তমান কমিটি। সালাউদ্দিনের পাশাপাশি সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলাম, বাদল রায়, সত্যজিত দাস রূপু, হাসানুজ্জামান বাবলু, খুরশিদ আলম বাবুল ও গোলাম রব্বানী হেলালের মতো সাবেক তারকারা এই কমিটির শোভা বাড়িয়েছিলেন। অনেকে বলছিলেন, সাবেক ফুটবলারদের এমন সমন্বয় নাকি বাফুফের কোনো কমিটিতে অতীতে কখনো হয়নি। অনেকে এও বলেছিলেন যে এই কমিটি যদি ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসতে না পারে, তাহলে আর কারও পক্ষেই তা করা সম্ভব নয়।এক এক করে সালাউদ্দিনের তারকাখচিত কমিটি তাদের সময়সীমার একেবারে শেষ বছরে পা রাখলেন। প্রথমদিকে এই কমিটির ওপর যে প্রত্যাশা ছিল—তা এখন অনেকটাই স্তিমিত। তবে বর্তমান কমিটিকে একেবারে ব্যর্থ বলতে নারাজ সাবেক ফুটবল তারকা শেখ মোহাম্মদ আসলাম। প্রথম আলো অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বাধীন বর্তমান কমিটি আর যা-ই করুক এই তিন বছরে মাঠের ফুটবলকে মাঠেই রেখেছে। এই তিন বছর নিয়মিত ঘরোয়া ফুটবলের আসরগুলো অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বের করে নিয়ে আসার ক্ষেত্রেও বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে।’আসলাম বলেন, ‘ফুটবল উন্নয়নে এখন অনেক অর্থের প্রয়োজন হয়। সালাউদ্দিন ভাই প্রথম বছরই একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের স্পন্সরমানি জোগাড় করেছিলেন। সেই অর্থের সর্বোত্তম ব্যবহার করে আমরা ঘরোয়া ফুটবল চালিয়েছি। আসলাম আরও বলেন, আমরা ঢাকা মহানগরে স্কুল ফুটবল চালু করেছি। গত দুই বছরে এই স্কুল ফুটবলের আসর থেকে প্রায় ৭০ জনের মতো তরুণ প্রতিভা আমরা বের করেছি। তাদের নিবিড় প্রশিক্ষণ চলছে।নিজে বাফুফের স্কুল ফুটবলের দায়িত্বে রয়েছেন। তিনি বললেন, ‘এ বছরই স্কুল ফুটবলে নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে। এ বছরের সেপ্টেম্বর মাসেই বিশাল পরিসরে সারা দেশে স্কুল ফুটবল শুরু হবে। একেবারে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। সেই আসরে কমপক্ষে আট হাজারের মতো স্কুল অংশগ্রহণ করবে। মাঠে খেলবে প্রায় এক লাখ ৪০ হাজারের মতো খুদে ফুটবলার। এদের মধ্য থেকে হাজার খানেকের মতো তরুণ প্রতিভাবান ফুটবলার বের করে নিয়ে এসে আমরা এ দেশের ফুটবলের একটি নতুন প্রজন্ম তৈরি করে দিতে পারব বলে আশা করি।’আসলাম আরও বলেন, এই স্কুল ফুটবলে পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। আসলাম বলেন, বর্তমান কমিটির সময়সীমার শেষ বছরটি হবে তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নের বছর।