'স্টেইন বিপজ্জনক নন!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইনকে বিপজ্জনক  বোলার মনে করেন না  মোহাম্মদ শেহজাদ l ফাইল ছবি
ডেল স্টেইনকে বিপজ্জনক বোলার মনে করেন না মোহাম্মদ শেহজাদ l ফাইল ছবি

কুঁচকির চোটে ছয় মাস ধরে ভুগছেন ডেল স্টেইন। এই বিশ্বকাপেও ঠিক ছন্দে নেই। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে প্রথম ২ ওভারে ৩৫ রান দেওয়ার পর স্টেইনকে বল দেওয়ারই সাহস করেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। পরশু তো তাঁকে বসিয়েই রাখা হলো। তারপরও সময়ের সেরা ফাস্ট বোলারদের ছোট্ট তালিকায়ও স্টেইনকে রাখতে হবে। অথচ আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ বলছেন, স্টেইন থাকলে পরশু আফগানরা আরও বেশি রান করতে পারত।
পরশু শেহজাদের ১৯ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংসটাই আশা দেখাচ্ছিল আফগানিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়া ২১০ রানের লক্ষ্যটাও একসময় অসম্ভব মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা আফগানিস্তান ৩৭ রানে হেরে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেহজাদকে প্রশ্ন করা হয়েছিল, ডেল স্টেইন থাকলে ওভাবে মারতে পারতেন কি না? আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান খেললেন স্ট্রেইট ড্রাইভ, ‘কে খেলল না খেলল তাতে আমার কিছু যায় আসে না।’ এর পরের বাক্যেই চমকে দিলেন, ‘আমি স্টেইনের মুখোমুখি হতে পছন্দ করি। আমার চোখে সে এমন বিপজ্জনক কিছু নয়।’ কারণটাও একই সঙ্গে ব্যাখ্যা দিয়েছেন, ‘স্টেইনের পেস ছাড়া তেমন কিছু নেই। এই উইকেট এ ধরনের বোলারদের খেলার জন্য খুব ভালো, কারণ বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক একটু হতভম্ব হয়েই শেহজাদকে বললেন, কথাটা আসলেই বুঝেশুনে বলেছেন কি না! এবার আফগান ব্যাটসম্যানের উত্তর আরও সোজাসাপ্টা, ‘আমি তো বলেছি, ও না নামায় আমি খুব একটা খুশি নই।’
পরে ডু প্লেসিও বলে গেছেন কৌশলগত কারণেই স্টেইনকে বসিয়ে রাখা হয়েছিল। বেঙ্গালুরুর পিচে বল খুব দ্রুত পিছলে যায়, সেটির সঙ্গে স্টেইন খাপ খাওয়াতে পারবেন কি না সেই দ্বিধা থেকে তাঁকে বসিয়ে রাখা হয়েছে। অবশ্য স্টেইনের জায়গায় যিনি খেলেছেন, সেই ডেভিড ভিসেও তেমন কিছু করতে পারেননি, ৪ ওভারে ৪৭ রান দিয়ে একটা উইকেটও পাননি। ক্রিকইনফো।