
খেলা ছাড়ার আগেই কোচিংয়ে এসেছেন। খেলোয়াড়ি জীবন শেষে প্রায় পুরো সময়ই কোচিংয়ে দিচ্ছেন আলফাজ আহমেদ। এই প্রথম বাফুফের কোচ হয়ে অনূর্ধ্ব-১২ দল নিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়া। কোচিংয়েই আরও বহুদূর যেতে চান জাতীয় দলের সাবেক স্ট্রাইকার
বাফুফের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
আলফাজ আহমেদ: এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। আগামী ৩-৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ঘরোয়া ফুটবল ফেস্টিভ্যালে বাংলাদেশ অনূর্ধ্ব-১০ ও ১২ দল যাবে। বাদলদা (বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায়) এক দিন বললেন, ‘তোর হাতে তো স্কুলের কিছু ছেলে আছে। নিয়ে আয় ওদের, ট্রায়ালে দেখি।’
তারপর?
আলফাজ: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্টে আমি মিরপুর শেরেবাংলা প্রাথমিক স্কুলকে ট্রেনিং করিয়েছি গত এক বছর। আমার বাচ্চাদের বাফুফের ট্রায়ালে আনার পর তিনজন টিকল। ওই বাচ্চাদের সঙ্গে আমিও রয়ে গেলাম বাফুফের সঙ্গে।
দলের মূল কোচ হিসেবে থাকবেন ভাবতে পেরেছিলেন?
আলফাজ: এত তাড়াতাড়ি জাতীয় পর্যায়ে কাজের সুযোগ পাব ভাবিনি। বাদলদা আমাকে আর জুয়েল রানাকে জুনিয়র দল দুটি নিয়ে কোরিয়া যেতে বললেন। ১৯৯৯ সাফ গেমসে সোনাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন জুয়েল রানা, আমি সহ-অধিনায়ক। সেই বিবেচনাতেই আসলে প্রস্তাবটা এসেছে বাফুফের কাছ থেকে।
জুয়েল রানা তো শুনলাম কোরিয়া যাচ্ছেন না...
আলফাজ: ওই সময় ঢাকা একাদশের সঙ্গে জুয়েল লন্ডন যাবে। তাই অনূর্ধ্ব-১০ দলটা লিটুকে এবং অনূর্ধ্ব-১২ দল দেওয়া হয়েছে আমাকে।
গত মৌসুমে আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়ার আগে থেকেই আপনি ছোটদের নিয়ে কাজ করছেন। এর বিশেষ কোনো কারণ?
আলফাজ: ছোটবেলায় আমি যখন ১০-১২ বছরের, তখন অনেক কোচেরই সাহায্য পেয়েছি। এই বয়স থেকেই ফুটবলার তৈরি হয়। তাই ভাবলাম, বাচ্চাদের আমিও শেখাব শুরু থেকে। শিশুদের নিয়ে কাজ করতে আসলে আমার খুব ভালো লাগে।
এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন?
আলফাজ: বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি কিন্তু মিরপুর একাদশ নামের তৃতীয় বিভাগের একটা দলের সঙ্গে যুক্ত আছি অনেক দিন ধরে। দলটাকে মাঝেমধ্যে অনুশীলন করাই। মিরপুরে আমার মহল্লার টিম তো, আমার কাছে দাবিটা বেশি।
খেলা ছেড়েও আগের মতো ফুটবল নিয়েই ব্যস্ত। স্ত্রী আপত্তি করেন না?
আলফাজ: না, ও কিছু বলে না। আমার খেলা বা কোচিংয়ের ব্যাপারে বরং উৎসাহ দেখায়। সে বলে, ‘এখন কোচিং নিয়েই থাকো। তুমি তো এটা ছাড়া বাঁচবা না।’ গত মৌসুমে মোহামেডানের সহকারী কোচ হিসেবে ছিলাম। তারপর মোহামেডানের মহিলা টিমের প্রধান কোচ হয়ে কোচিংয়ে শুরু। এই সবকিছুতেই স্ত্রীর বিশাল অবদান।
আপনি খেলোয়াড় হিসেবে অনেক কোচ দেখেছেন। এখন নিজে কোচ। দুই ভূমিকায় কোচিংটাকে আসলে কীভাবে মূল্যায়ন করবেন?
আলফাজ: খেলোয়াড় হিসেবে দেখতাম কোচরা নানা কৌশল শেখান। এখন নিজে বাচ্চাদের কৌশল শেখাই। বাচ্চাদের সম্ভাবনা-দুর্বলতা আমি ভালো বুঝতে পারি। ঠিক যেভাবে কোচ আমার দুর্বলতা বা ভালো দিক তুলে ধরতেন। দুটির উপলব্ধি এবং আনন্দ আসলে ভিন্ন।
কোচ হিসেবে কাউকে আদর্শ মানেন?
আলফাজ: মোহামেডান কোচ সাইফুল বারী টিটু ভাইকে খুব ভালো লাগে। মারুফ ভাইয়ের কোচিংও আমাকে টানে। খেলোয়াড়ি জীবনে দেখতাম, সামির শাকির পরিশ্রমীদের মূল্যায়ন করছেন। খেলোয়াড়দের বন্ধু হতে চাইতেন। জর্জ কোটানও তাই। এঁদের এই গুণগুলো নিজের মধ্যে চর্চা করি।
কোচিং নিয়ে আপনার স্বপ্নটা কত দূর বিস্তৃত?
আলফাজ: এরই মধ্যে ‘সি’ লাইসেন্স কোর্স করে ফেলেছি। বাকিগুলোও করব। এক দিন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন আছে। নতুন মৌসুমে লিগের কোনো দল পেলে কোচ হিসেবে কাজ করার ইচ্ছা আছে। তবে এখন পর্যন্ত পাইনি। দেখি, কী হয়!