১১ ইনিংসে ৬১৪ রান, সেঞ্চুরি আর ফিফটি আছে দুটি করে। এবারের জাতীয় লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান আবদুল মজিদ-এর। আরও অনেকের মতো ঢাকা বিভাগের এই ওপেনারের চোখেও স্বপ্ন, একদিন জাতীয় দলে খেলবেন

এবারের জাতীয় লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান আপনার। শেষ ম্যাচেও নিশ্চয়ই ভালো কিছু করতে চান...
আবদুল মজিদ: হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই অবস্থানটা ধরে রাখতে। সে জন্য শেষ ম্যাচেও বড় ইনিংস খেলার চেষ্টা করব।
এর আগে জাতীয় লিগে তিন মৌসুম খেললেও সব মিলিয়ে তিন শর বেশি রান করতে পারেননি কখনোই। এবার কীভাবে এতটা বদলে গেল আপনার ব্যাটিং?
মজিদ: আসলে প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করেছি...এটাই কাজে দিয়েছে। আমি শুরু থেকে চেষ্টা করেছি একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য। আমার বাসা ময়মনসিংহের গাঙ্গিনার পাড়ে। যখন খেলা ছিল না তখনো ময়মনসিংহে নিয়মিত প্র্যাকটিস করেছি। এ ছাড়া ফিটনেসটা ভালো করার চেষ্টা করেছি। চার দিনের ম্যাচে এটা বেশ জরুরি।
ব্যাটসম্যান হিসেবে আপনার শক্তিমত্তার জায়গাটা কোথায়। আপনি শর্ট বলে নাকি বেশি ভালো খেলেন...
মজিদ: ড্রাইভ, স্কয়ার কাট এসবও মোটামুটি ভালো খেলতে পারি। তবে হ্যাঁ, শর্ট বলে ব্যাটিংটা বেশি উপভোগ করি।
শুরুর কথা বলুন। কীভাবে এলেন ক্রিকেটে?
মজিদ: ২০০০ সালের ঘটনা। সিটি কলেজিয়েট স্কুলে ক্লাস সিক্সে পড়ার সময় সেবার স্কুল ক্রিকেটে খেলি। আমার ব্যাটিং ময়মনসিংহের কোচ অলকদার খুব পছন্দ হয়। তিনি আমাকে প্র্যাকটিসে ডেকে নেন। এভাবেই শুরু। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে দুই বছর ও অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে এক বছর খেলেছি। একবার বিকেএসপিতে অনূর্ধ্ব-১৩ ক্যাম্পেও ডাক পেয়েছিলাম।
ঢাকার ক্রিকেটে এলেন কীভাবে?
মজিদ: ময়মনসিংহের ক্রিকেটার ইমরান ভাই আর ইমন ভাই-ই আমাকে ঢাকায় আনেন। ২০০৭-০৮ মৌসুমে ইয়াং ক্রিকেটার্সের হয়ে প্রথম খেলি দ্বিতীয় বিভাগ ক্রিকেটে। এরপর কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর, ধানমন্ডি শেখ জামাল ক্লাবে খেলেছি। এ ছাড়া ২০১২-১৩ মৌসুমে একাডেমি দলে ছিলাম।
প্রথম বিভাগ ক্রিকেটে একবার পর পর তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন না?
মজিদ: হ্যাঁ...শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। কোচ সুজন ভাই (খালেদ মাহমুদ) ও অধিনায়ক উজ্জ্বল ভাই অনেক সাহায্য করেছেন আমাকে সেবার।
ক্যারিয়ার নিয়ে কী স্বপ্ন দেখেন?
মজিদ: সবার মতো আমিও একদিন ‘এ’ দল, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি।
ক্রিকেটার হওয়ার পথে পরিবার থেকে কেমন উৎসাহ পেয়েছেন?
মজিদ: আমার দুলাভাই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তাঁর উৎসাহেই প্র্যাকটিসে যাওয়া, ক্রিকেটার হওয়া। এ ছাড়া আব্বু-আম্মুও খেলার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন আমাকে।
পরিবারের বাইরে আর কারও অবদান আছে আপনার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে?
মজিদ: ময়মনসিংহের কোচ অলকদা, জাকির ভাই, সাদেক আঙ্কেল...ওনারা অনেক সাহায্য করেছেন। এ ছাড়া সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের দুই ছেলেও খেলার ব্যাপারে ছোটবেলায় আমাকে অনেক উৎসাহ দিয়েছে, সাহায্য করেছে।
খেলার বাইরে আর কিছু করেন?
মজিদ: পড়াশোনা করছি। এ বছর ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়েছি।
শুনেছি অল্প বয়সেই বিয়ে করে ফেলেছেন...
মজিদ: হ্যাঁ, এক বছর দুই মাস হলো বিয়ে করেছি। আসলে আব্বু-আম্মু দুজনেরই বয়স হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় তাঁরা বলতে গেলে একাই থাকেন। আমিও খেলা নিয়ে বাইরে বাইরে থাকি। সে জন্য পরিবারের সিদ্ধান্তে একটু তাড়াতাড়িই বিয়ে করতে হয়েছে। তাতে অবশ্য খারাপ হয়নি। পরিবারের অন্যদের মতো আমার স্ত্রীও আমাকে খেলার ব্যাপারে অনেক উৎসাহ দেয়।