‘স্নাইডারকে চায় ম্যানইউ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুতেই ওয়েসলি স্নাইডারকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাঝমাঠকে শক্তিশালী করার জন্য স্নাইডারই যে সবচেয়ে যোগ্য খেলোয়াড়, সেটা স্বীকার করেছিলেন কোচ অ্যালেক্স ফার্গুসনও। কিন্তু শেষ পর্যন্ত হল্যান্ডের এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে পারেননি রেড ডেভিলরা। মধ্য মৌসুমে দলবদলেও স্নাইডার ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের শ্যেনদৃষ্টির মধ্যেই। ব্যাপারটি জানিয়েছেন এককালের ম্যানইউ-তারকা টেডি শেরিংহ্যাম।দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠ খুব ভালোমতোই সামলেছিলেন পল স্কোলস। কিন্তু এবারের মৌসুম শুরুর আগে অবসরের ঘোষণা দেন এই ইংলিশ মিডফিল্ডার। তার পর থেকেই মাঝমাঠের একজন নির্ভরযোগ্য ফুটবলার খুঁজছিল ম্যানইউ। মাঝমাঠের বেসামাল অবস্থার কারণে প্রিমিয়ার লিগ শিরোপাটা হারাতেই যাচ্ছে তারা। সফলতা পায়নি চ্যাম্পিয়নস লিগেও। এই মুহূর্তে তাই আগামী মৌসুমের কথাই চিন্তা করতে হচ্ছে তাদের। মধ্য মাঠের দুর্বলতা কাটাতে ওল্ডট্র্যাফোর্ডে যে স্নাইডারকে প্রয়োজন, সেটা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন শেরিংহ্যাম।তিনি বলেছেন, ‘আমার মনে হয়, তাদের অবশ্যই স্নাইডারকে দলে ভেড়ানোর চেষ্টা করা উচিত। কোচ ফার্গুসন গত বছরও একবার এই চেষ্টাটা করেছিলেন। আর এবারও হয়তো তিনি সেই চেষ্টাটা করবেন।’ দলকে সহায়তা করার জন্য ৩৭ বছর বয়সী পল স্কোলস হয়তো আরেকটা মৌসুমেও মাঠে নামতে পারেন কিন্তু শেষ সময়ে স্কোলস সেই কাজটা কতটা ভালোমতো করতে পারবেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন শেরিংহ্যাম।১৯৯৮-৯৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল-জয়ী দলের সদস্য ছিলেন শেরিংহ্যাম। দলের দুর্দান্ত সাফল্যের পেছনে বেশ ভালো ভূমিকাও পালন করেছিলেন এই স্ট্রাইকার। এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। ইএসপিএন।