‘স্নাইডারকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই’
ওয়েলসলি স্নাইডারের ‘বিষ’ কেমন তা সবচেয়ে বেশি জানার কথা ব্রাজিলের। তাঁর বিষে নীল হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফাইনালে নিশ্চয়ই আরও ভয়ংকররূপে আবির্ভূত হওয়ার অপেক্ষায় থাকবেন তিনি। শিরোপার লড়াইয়ে আবির্ভূত হওয়ার আগে এই দুরন্ত খেলোয়াড়টিকে নিয়ে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা আঁটছে স্পেন। তবে কোচ ভিসেন্তে দেল বস্ক জানিয়েছেন, তাঁদের চিন্তা পুরো হল্যান্ডকে নিয়ে, স্নাইডারকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা স্পেনের নেই।কত স্বপ্নই না হাতছানি দিয়ে ডাকছে স্নাইডারকে! হল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপের প্রথম শিরোপা, সোনার জুতা ও গোল্ডেন বল! স্নাইডার যেমন এর একটিও হাতছাড়া করতে চাইবেন না, তেমনি স্পেনও চাইবে তাঁকে ঠেকিয়ে হতাশায় ডুবাতে। স্পেনের মিডফিল্ডার সার্জিও বুসকেটস তো স্নাইডারকে বোতলবন্দী করে রাখার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন। তবে কোচ দেল বস্ক রয়টার্সকে বলছেন, ‘আমাদের মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী। বিশ্বসেরা ফুটবলারদের কীভাবে ঠেকাতে হয় তা খেলোয়াড়দের ভালোই জানা আছে। তাই স্নাইডারকে ঠেকানোর বিশেষ কোনো পরিকল্পনা নেই আমাদের।’বিশ্বকাপে স্পেন ও হল্যান্ড দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলে এসেছে। তবে হল্যান্ডের খেলায় গোল করে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক মানসিকতার কিছুটা পরিচয় পাওয়া গেছে। তবে দেল বস্ক আশা করেন, আজকের ফাইনালে হল্যান্ড রক্ষণাত্মক হবে না। দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের একটি দারুণ খেলা উপহার দেবে। আগের ম্যাচগুলোতে হল্যান্ডকে প্রায়ই কৌশল পরিবর্তন করে খেলতে দেখা গেছে। আজকের ফাইনালে হল্যান্ড যদি স্পেনের বিপক্ষে কৌশলী খেলা খেলে, তার জবাব কি স্পেনের কাছে রয়েছে? এমন প্রশ্নের জবাবে দেল বস্ক বলেন, ‘জার্মানির বিপক্ষে ম্যাচটিতেই আপনারা দেখেছেন আমরা প্রতিপক্ষকে খুব ভালোই পড়ে বুঝতে পারি। আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। হল্যান্ডের কৌশল পরিবর্তনধর্মী খেলায় আশা করি স্পেনের কোনো সমস্যা হবে না।’