‘স্পিনাররাই তুরুপের তাস’
ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজে শোচনীয় পরাজয় সম্ভাব্য বিশ্বজয়ীর তালিকা থেকে অস্ট্রেলিয়ার নামটিকে ছেঁটে দিয়েছিল। কিন্তু সেই ইংল্যান্ডকেই ওয়ানডেতে ৬-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া সবাইকে বুঝিয়ে দিয়েছে, বিশ্বজয়ের দৌড়ে খুব ভালোভাবেই রয়েছে তারা। অসি খেলোয়াড়দের চোখে-মুখেও তাই আরেকবার ফুটে উঠেছে ক্রিকেটের সবচেয়ে বড় শিরোপাটি জয় করার আত্মবিশ্বাস।বিশ্বকাপে অংশ নিতে গত বৃহস্পতিবারই ভারতে পৌঁছে গিয়েছে তাঁরা। আজ রোববার, বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। আর এতে মাঠে নামার আগে দলের সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কের কণ্ঠে ঝরে পড়েছে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের প্রত্যয়।ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়টা অসম্ভব কিছু নয়। আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন ক্লার্ক।ক্লার্ক আরও বলেন, ‘গত এক বছর অস্ট্রেলিয়ার পারফরম্যান্স একেবারেই মন্দ নয়। কেবল অ্যাশেজ সিরিজটাই আমরা খারাপ খেলেছি। এরপর ওয়ানডেতে ইংল্যান্ডকে আবার ভালোভাবে হারিয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’অস্ট্রেলিয়া দল সম্পর্কে ক্লার্কের অভিমত, দলটি অভিজ্ঞতায় পরিপূর্ণ। এই দলে ২০০৭ বিশ্বকাপের অনেকেই রয়েছেন। তাঁরা এই মুহূর্তে ফর্মে রয়েছেন।অস্ট্রেলিয়া দলে ব্যক্তিগত দক্ষতার খেলোয়াড়ের সংখ্যা বেশি হলেও বিশ্বকাপ জিততে হলে সবাইকে এক হয়ে পারফর্ম করতে হবে—ব্যাপারটি মানছেন ক্লার্কও। তিনি বলেছেন, বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে।উপমহাদেশের কন্ডিশন স্পিন-উপযোগী—এ বিষয়ে মতামত দিতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। মাইকেল ক্লার্ক অবশ্য অভিজ্ঞতা থেকেই বলেছেন, ‘এবারের বিশ্বকাপ অবশ্যই স্পিনারদের বিশ্বকাপ। প্রতিটি দলের স্পিনাররাই হবে একেকটি দলের তুরুপের তাস।’বিশ্বকাপে দলের ওপর যে প্রত্যাশার চাপ থাকবে, তা নিয়ে একেবারেই ভাবছেন না ক্লার্ক। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে আসা প্রতিটি দলের ওপরই প্রত্যাশার চাপ থাকবে। এ নিয়ে বেশি ভেবে কোনো লাভ নেই। প্রত্যাশার চাপ জয় করতে পারবে যে দল, বিশ্বকাপটা হবে তাদেরই।