‘স্পেন আর বার্সাই বাকি সবার জন্য আদর্শ’
এককালে মাঠে সুন্দর ফুটবলের ফুল ফোটাতেন। এখন পুরোদস্তুর ফুটবল প্রশাসক। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করলেন রিয়াল মাদ্রিদ আর হোসে মরিনহোর সঙ্গে উয়েফার সম্পর্ক। বললেন বার্সেলোনা ও মেসিকে নিয়েও হোসে মরিনহোর সঙ্গে উয়েফার আসলেই কি কোনো সমস্যা আছে?মিশেল প্লাতিনি: অবশ্যই না। বরং আসল ছবিটা একেবারেই উল্টো। এরই মধ্যে বলেছি, মরিনহোকে আমি পছন্দ করি। উয়েফার এমন কোনো নীতি থাকতেই পারে না। উয়েফা নিরপেক্ষ, কঠোর এবং সবার প্রতিই সম্মান দেখায়। তার ওপর শৃঙ্খলাবিষয়ক আলাদা কমিটি আছে, যেটিকে অবশ্যই তথ্যপ্রমাণ অনুযায়ী কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় তারা ব্যক্তিকে দেখে না, দেখে তাঁর কাজ। রেফারিরা মোটেও বার্সেলোনাকে বাড়তি সুবিধা দেয় না; রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস কিংবা মিলানকেও নয়। বিশ শতকের সেরা দল রিয়াল গত তিন মৌসুমে কেন শুধু কিংস কাপ জিতল?প্লাতিনি: কেন? আমিও বলছি, কেন? কেন ওরা বাকি শিরোপাগুলো জিততে পারল না? শুধু মহাতারকাদের নিয়ে কোনো দল গড়া আসলেই কঠিন। দেখনদারির জন্য এটা ভালো, কিন্তু শিরোপা জেতার জন্য যথেষ্ট নয়। ব্যক্তিগতভাবে ওরা প্রত্যেকে ভালো খেলোয়াড়। কিন্তু একটা দল গড়ে তোলা উচিত তারকা, পরিশ্রমী ও ভালো খেলোয়াড়ের মিশেলে। বড় বড় নামগুলো কেবল জার্সি বিক্রি করে, ম্যাচ জেতায় না। সেটা নির্ভর করে কোচ, ক্লাব আর দলের ওপর। প্রথম বছরেই মরিনহো ওজিলের মতো ভালো কিছু খেলোয়াড় দলে এনেছে। কাপ জিতেছে। অনেক দিন পর ওরা চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও উঠেছিল। এখন এটা সময়ের ব্যাপার, মাদ্রিদ অবশ্যই জিতবে। স্প্যানিশ ফুটবলের বর্তমান আধিপত্য দেখে আপনি কি বিস্মিত?প্লাতিনি: ওরা ভালো খেলছে এবং জিতছে, এটা সত্যিই দারুণ। অনেক সময় একটা দল ভালো খেলেও হেরে যায়। স্প্যানিশ ফুটবল তাদের ক্লাব, লিগ এবং জাতীয় দলের মাধ্যমে সব সময় দর্শনীয় খেলা উপহার দিচ্ছে। ভালো খেললেই সব সময় জেতা যায় না। আমি তাই একটু বিস্মিতই। এটা প্রমাণ করছে, ফুটবলে ন্যায়বিচার আর যুক্তির জায়গা আছে। স্পেনের এই সাফল্য সেটাই প্রমাণ করে। আপনার বন্ধু জিবি বনিয়েক কিছুদিন আগে পোল্যান্ডে মন্তব্য করেছেন, বার্সেলোনা বাকি সবার চেয়ে ভিন্ন একটা খেলা খেলছে। আপনি একমত?প্লাতিনি: বার্সেলোনা ফুটবলটাই খেলছে। আমি বরং বলব, বাকিরাই বরং বার্সার চেয়ে ভিন্ন ধারার ফুটবল খেলছে। তাদের সব খেলোয়াড়, সে তারা স্পেনের হয়েই খেলুক কিংবা অনূর্ধ্ব-২১ দলে, সব সময় বল নিয়ে খেলে, পাস দেয়, ড্রিবল করে। এটাই ভালো ফুটবলের সংস্কৃতি, ভালো পাসিং, সব সময় আক্রমণের উপযুক্ত ধরনটা বেছে নেওয়া। এটাই ফুটবলের মূল ভিত্তি এবং স্প্যানিশ দল ও বার্সেলোনা এফসি সেটিকে সম্মান করে। বাকিদের তাই অন্যভাবে না খেলে স্পেন আর বার্সেলোনাকে অনুসরণ করা উচিত। মেসি কি সর্বকালের সেরা?প্লাতিনি: মেসি তাঁর প্রজন্মের সেরা। ডি স্টেফানো যেমন ছিলেন তাঁর প্রজন্মে। এর পর ক্রুইফ এসেছে, ম্যারাডোনা এসেছে...প্রত্যেক প্রজন্মই তাদের সেরা খেলোয়াড়দের পেয়েছে। কিন্তু আমি একজনের সঙ্গে অন্যজনের তুলনা করতে চাই না। মেসি দুর্দান্ত খেলোয়াড়, ক্রিস্টিয়ানো রোনালদোও। এই সম্পূর্ণ ভিন্ন ধরনের দুই ফুটবলারকে একই সঙ্গে পেয়ে স্পেনের ক্লাব ফুটবল আসলেই সৌভাগ্যবান। এমনটা শোনা গিয়েছিল, আপনি নাকি বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে জাভিকেই বেছে নিতে চেয়েছিলেন?প্লাতিনি: হ্যাঁ। কারণ স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, আর্জেন্টিনা নয়। এ কারণেই আমি সেরা কোচের পুরস্কারটা ভিসেন্তে দেল বস্ককেই দিতে চেয়েছি। আমি এমনটা ভেবেছি, কারণ ওই বছরটা ছিল বিশ্বকাপের বছর। আর তাই বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কারটা চ্যাম্পিয়নদের মধ্যেই কারও পাওয়া উচিত ছিল। মেসি অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু স্পেন যে বছর বিশ্বকাপ জিতল, সেবার সেরা খেলোয়াড় আর কোচের পুরস্কারটা স্পেনের কেউ জিতল না—এটা যৌক্তিক আর স্বাভাবিক নয়। —ওয়েবসাইট থেকে ভাষান্তরিত