জার্মানির সঙ্গে স্পেনের সেমিফাইনালকে গণমাধ্যমগুলো যতই ‘দুই দৈত্যের লড়াই’ ‘ফাইনালের আগে ফাইনাল’ বলে আখ্যায়িত করুক, এই ম্যাচটিকে নিয়ে স্পেন ও জার্মানি উভয় দলেরই রয়েছে নিজস্ব কিছু চিন্তা। দুই দলই মনে করে, এতকিছুর পর এই ম্যাচটি হেরে গেলেই সব শেষ। জার্মানি তাও এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। পরপর তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডও আছে তাদের। মাঝখানে কেবল ’৯৪ ও ’৯৮-এর বিশ্বকাপ বাদ দিলে সবগুলোতেই শেষ চারের অন্যতম অংশীদার তারা। বিশ্বকাপের মতো বড় আসরে শীর্ষস্থানীয় দলগুলোর তালিকায় থাকা যে দলটির অভ্যাস, তারা স্পেনের বিপক্ষে সেমিফাইনালটিকে ‘আর একটি ম্যাচ’ হিসেবেই দেখছে, তাতে সন্দেহ নেই। তবে স্পেনের জন্য ব্যাপারটি একটু অন্য রকম।বিষয়টি একটু খোলাসা করা দরকার। স্পেন এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল সন্দেহ নেই। এই মুহূর্তে বিশ্বসেরা খেলোয়াড়দের অনেকেই ‘স্প্যানিশ সম্পত্তি’, সেটাও ঠিক। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চটি যে তাদের কাছে একেবারেই নতুন এক জায়গা। বিষয়টি কি ভেবে দেখেছেন কখনো? এর আগে কখনো বিশ্বকাপের শিরোপার ‘মধুর’ সুবাসটিও যে নাকে এসে লাগেনি ‘লা রোজা’দের। এটি খুব ভালো করেই জানেন, বোঝেন স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আমরা আগামীকাল রাতে খেলতে যাচ্ছি।’এর আগে ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে বড় সাফল্য স্প্যানিশ ফুটবলের ইতিহাসে। বিশ্বকাপে কখনোই কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি তারা। জার্মানির বিপক্ষে কালকের সেমিফাইনালটি তো স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হবেই।ক্যাসিয়াস খুব বাস্তববাদী মানুষ। ফুটবল মাঠের পোড়খাওয়া এক সৈনিক। তিনি বোঝেন, স্পেনবাসীর এখনকার মনের অবস্থা, ধরতে পারেন, সেমিফাইনালে খোদা না করুক খারাপ কিছু যদি ঘটে যায়, তাহলে স্প্যানিশরা কোনোমতেই ক্ষমা করবে না তাদের ‘হিরো’দের। তাই তিনি মাটিতেই থাকতে চান, আগের সাফল্য গুলোর গল্পগাথা ভুলে তিনি মনোযোগ ফেরাতে চান আগামীকালের ম্যাচের দিকে। ক্যাসিয়াস বলছিলেন, ‘আমরা ২০০৮-এ এই জার্মানিকে ফাইনালে হারিয়েই ইউরোর শিরোপা জিতেছিলাম। ইউরোতে আমরা কতটা ভালো খেলেছিলাম, সেটা নিয়ে আমার মনে হয় সুখস্মৃতি রোমন্থনের দিন শেষ হয়ে গেছে। এখন স্পেনের সমর্থকেরা আমাদের হাতে বিশ্বকাপ দেখতে চায়।’সেমিফাইনালে স্পেনের দলীয় সংহতি দলটিকে শক্তি জোগাবে বলে মনে করেন ক্যাসিয়াস। তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে দলীয় সমঝোতাই স্পেনকে সেমিতে তুলেছে। দলের ঘোর বিপদের সময় স্পেন সবসমই একাট্টা হয়ে খেলেছে, তাই এবার ইতিহাসের বাধাটি বেশ সহজেই পেরিয়ে এসেছেন তাঁরা।ইকার ক্যাসিয়াস আরও বলেন, ‘ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভর করে সফল হওয়ার দিন শেষ। দলীয়ভাবেই এখন সফল হতে হবে। আমরা সেটাই করছি। আশা করি, ভাগ্যবিধাতা এবার আমাদের ফেরাবেন না।’