'স্পেশাল' নন হেইঙ্কেস
হোসে মরিনহো নিজেই বলেছিলেন, আমিই ‘স্পেশাল ওয়ান’। অর্জনের নিরিখে সে সময় তিনি ও রকমটা বলতেই পারতেন। কিন্তু এই মৌসুমে যা করছেন, তাতে এই খেতাবটা ইয়ুপ হেইঙ্কেসকে দিলে বিরোধিতা করার লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। লিগ জিতেছে আগেই। বায়ার্ন মিউনিখ এখন ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর। বায়ার্নকে অপ্রতিরোধ্য বানিয়েছেন তো তিনিই! সেজন্যই বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে হেইঙ্কেসকে তাঁদের ‘স্পেশাল ওয়ান’ বলেছিলেন।
কিন্তু এই তকমায় বিশ্বাস নেই বায়ার্নের বিদায়ী কোচের, ‘অনেকেই আমার চেয়ে স্পেশাল কিছু করছে। আফগানিস্তানে কাজ করা অগ্নিনির্বাপণকর্মী, অ্যাম্বুলেন্সকর্মী, সেবক বা সেনারা যারা প্রাণ দিয়েছে বা শারীরিক, মানসিকভাবে আহত হয়েছে তারাই স্পেশাল। আমি বিশেষ একটা মৌসুম কাটিয়েছি বটে। এটা তৃপ্তিদায়ক, কিন্তু জীবন সম্পর্কে আমার ধারণা একটু অন্য রকম।’ ওয়েবসাইট।