‘স্পেশাল’ হলো না মরিনহোর অভিষেক
• নিজেকে যিনি ‘স্পেশাল ওয়ান’ দাবি করেন স্প্যানিশ লিগে তাঁর অভিষেকটা কি ‘স্পেশাল’ হবে?• অন্য রকম শুরুটা কেমন হবে ডেভিড ভিয়ার?মনে এই দুটি প্রশ্ন নিয়ে অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। পরশু স্প্যানিশ লিগে ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর শুরুটা ‘স্পেশাল’ কিছু হয়নি। রিয়াল মায়োর্কার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে অভিষেক-টভিষেক নয় ভিয়ার। বিভিন্ন দলের হয়ে প্রায় এক যুগ খেলেছেন নিজ দেশের লিগে। তবে পরশু অন্য রকম শুরুই হলো তাঁর। ভ্যালেন্সিয়ার ভিয়ার কাল স্প্যানিশ লিগে বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হলো। তাঁর বার্সা-অভিষেকটা কিন্তু ‘স্পেশাল’ই হয়েছে। গোল পেয়েছেন বার্সার হয়ে প্রথম স্প্যানিশ লিগ ম্যাচে। রেসিং সান্তান্দারের বিপক্ষে দলও জিতেছে ৩-০ ব্যবধানে। বার্সার প্রথম দুটি গোল লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার।স্প্যানিশ লিগে মরিনহোর সঙ্গেই অভিষেক হয়েছে আরও ৫ খেলোয়াড়ের—আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া, স্প্যানিশ তরুণ সার্জিও ক্যানালেস, পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার কারভালহো, জার্মান জুটি মেসুত ওজিল ও সামি খেদিরা। এঁরা সবাই-ই রিয়ালে হোসে মরিনহোর অন্তর্ভুক্তি। অভিষেকটা বিস্বাদ হওয়ার কষ্টটা তাই মরিনহোর একার নয়।খেলার ধারা অনুযায়ী অবশ্য জয় প্রাপ্য ছিল রিয়ালের। সেটি আসেনি ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইনের স্কোরিং-ব্যর্থতায়। রোনালদো তাঁর জাদু-স্পর্শ ঠিকই দেখিয়েছেন। দু-দুটি গোলের সুযোগ মিসে তা ম্লানও হয়েছে। তবে গোলের সহজতম সুযোগগুলো মিস করেছেন গঞ্জালো হিগুয়েইন। তিন-তিনবার রিয়ালকে হতাশায় ডুবিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।মরিনহো অবশ্য জয় না পাওয়ার চেয়ে ভালো খেলাটাকেই বড় করে দেখাতে চাইলেন ম্যাচ শেষে, ‘আমরা রক্ষণে খুব ভালো করেছি। আমরা ভালো খেলেছি। জয় আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। ৫-৬টি সহজ সুযোগ মিস করেছি।’ তবে দলের খেলায় যে পুরোপুরি খুশি নন, সেটিও জানিয়ে দিয়েছেন তিনিই, ‘আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারিনি।’সেরা খেলা খেলতে না পারার আক্ষেপ বার্সেলোনা কোচ পেপ গার্দিওলারও। তবে পরশু যেটুকু তাঁর দল খেলেছে, তাতেই লিগে শুভসূচনা হলো। বার্সেলোনার মেসি কালও দেখা দিলেন তাঁর রূপে। বার্সার প্রথম গোলটিও তাঁর। ইনিয়েস্তার দারুণ এক থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে চিপ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়েছেন জালে।ইনিয়েস্তার দ্বিতীয় গোলটির উৎস ভিয়া। ভিয়ার হেড ফিস্ট করে দিয়েছিলেন গোলরক্ষক। ফিরতি বলে বুদ্ধিদীপ্ত এক ভলিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের নায়কের ওই গোল।বার্সার জয়োৎসবে পূর্ণতা দেওয়া ভিয়ার গোলটি ৬২ মিনিটে। এই ম্যাচে স্প্যানিশ লিগে ৩৮৩ ম্যাচে ২০৩ গোল তাঁর। তার পরও এই গোলটি বিশেষ কিছু। সেটি শুধু বার্সার পক্ষে লিগ অভিষেকে বলেই নয়, রেসিংয়ের মাঠে এই প্রথম গোল করলেন ভিয়া।বার্সেলোনার দ্বিতীয় গোলটির পরপরই অবশ্য রেসিং গোল করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল। কিন্তু মোহামেদ টিটের পেনাল্টি কিক ফিরিয়ে দিয়েছেন ভিক্টর ভালদেস।এদিকে ইতালিয়ান লিগে দুই রকমের শুরু হয়েছে ইন্টার মিলানের আধিপত্যের অবসান ঘটানোর প্রত্যাশা নিয়ে শুরু করা এসি মিলান ও জুভেন্টাসের। আলেক্সান্ডার পাতোর জোড়া গোলের সঙ্গে থিয়াগো সিলভা ও ফিলিপ্পো ইনজাগির গোল মিলিয়ে এসি মিলান লেচ্চের বিপক্ষে জিতেছে ৪-০ ব্যবধানে। আর জুভেন্টাস বারির মাঠ থেকে হেরে এসেছে ০-১ গোলে। বারির মাঠটা যেন ‘অপয়া’ই হয়ে উঠছে জুভদের জন্য। তুরিনের ‘ওল্ড লেডি’রা এখানে গত মৌসুমেও ১-৩ গোলে হেরেছিল।ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে ড্র ও পরাজয়ের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ওয়েস্টব্রমের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। চোট এবং এর জেরে অনেক দিনই নিষ্প্রভ তোরেসের গোল-বন্যাও হয়তো শুরু হলো এ দিয়ে। অন্তত নতুন কোচ রয় হজসন তো এই প্রত্যাশাই করছেন। এএফপি, ওয়েবসাইট।