‘স্প্যানিশ লিগ সবচেয়ে কঠিন’
রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দেবেন—কথা দিয়েছিলেন হোসে মরিনহো। তিনি সেই কথা রেখেছেন। এর আগে পোর্তো ও ইন্টারের হয়ে ট্রেবল ও চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি শিরোপা জেতা এই পর্তুগিজ কোচ এই মুহূর্তে আপ্লুত স্প্যানিশ লিগেও সাফল্য পাওয়ায়। তবে স্পেনে সফল হয়ে তিনি জানিয়েছেন, এটিই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা।রিয়াল মাদ্রিদের তিন বছরের হাহাকার মিটেছে এই সাফল্যে। তবে কোচ হোসে মরিনহোর জন্য এই শিরোপা এসেছে অন্য রকম এক অনুভূতি নিয়ে। মরিনহোই একমাত্র কোচ, যিনি ইউরোপের চারটি ভিন্ন লিগে কোচ হিসেবে সফল হয়েছেন। আপ্লুত মরিনহো বলেছেন, পুরো যাত্রাটা ছিল দারুণ কঠিন।৪৯ বছর বয়স্ক মরিনহোর মতে, ‘শেষের দিকে এসেও লিগ শিরোপা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলাম না। এই লিগে কেউ কাউকে ছেড়ে কথা বলে না।’প্রতিপক্ষ বার্সেলোনা সম্পর্কে মরিনহো বলেন, এই দলটা লিগকে শেষ পর্যন্ত জমিয়ে রেখেছিল। তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তিনি বলেন, বার্সা দুর্দান্ত দল। তাদের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। তবে মৌসুম শেষে সবাই বলছে, শিরোপাটা যোগ্যতম দলের কাছেই গেছে।’ রয়টার্স।