‘স্বজনপ্রীতিই মূল কারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের লজ্জায় ডোবার পর পাকিস্তান দলকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। পাকিস্তানের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক ‘দ্য নেশন’-এ প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকা বিপর্যয়ের জন্য প্রধান নির্বাচক ইকবাল কাশিমের বিপক্ষে ‘স্বজনপ্রীতি’র অভিযোগ আনা হয়েছে। এ বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে কোচ ডেভ হোয়াটমোর ও ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনকে। ইকবাল কাশিমের বিপক্ষে ওই মন্তব্য প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাশিম একটি নিদিষ্ট প্রদেশের খেলোয়াড়দের প্রতি নিজের দুর্বলতা দেখাতে গিয়ে দেশের জাতীয় দলকে বিপর্যয়ে ফেলেছেন।পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই বিপর্যয়ের দায় এড়াতে পারে না বলে উল্লেখ করা হয়েছে ‘নেশন’-এর প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করা হচ্ছে কোচ ডেভ হোয়াটমোরের পেছনে; কিন্তু এত খরচের পরও দলের ফল খুব হতাশাজনক। প্রতিবেদনে বলা হয়, পুরো সিরিজে ভয়াবহ বাজে ব্যাটিং হয়েছে। একটি ইনিংসে তো দল ৪৯ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে। দলের চিরকালীন সমস্যা ফিল্ডিং হলেও ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনের অধীনে তার কোনো উন্নতি হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলোয়াড়েরা এমন কিছু ক্যাচ ছেড়েছে, যেগুলো কোনো স্কুল দলের পক্ষেও ফেলা সম্ভব নয়। দল নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে ‘দ্য নেশন’-এর প্রতিবেদনে। প্রধান নির্বাচক ইকবাল কাশিম এই সফরের জন্য ভুল দল নির্বাচন করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় পেস বোলিং উপযোগী পরিবেশে প্রাথমিকভাবে মাত্র চারজন ফাস্ট বোলারকে দলে নেওয়া হয়েছিল। পরে টিম ম্যানেজমেন্টের অনুরোধে আরও দুই পেসার রাহাত আলী ও তানভীর আহমেদকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়। রাহাত ভালো পারফর্ম করলেও তানভীর আহমেদকে কেন দক্ষিণ আফ্রিকায় পাঠানো হলো, তা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে নেশন। তানভীর আহমেদ তাঁর সেরা সময় পার হয়ে এসেছেন দাবি করে বলা হয়, বিশেষ স্বার্থ রক্ষার জন্যই পড়তি ফর্মের তানভীরকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়। ব্যাপারটি নিয়ে প্রধান নির্বাচক ইকবাল কাশিমের কাছে ব্যাখ্যাও দাবি করেছে পত্রিকাটি।উইকেটরক্ষকের স্থান নিয়ে সমালোচনা ছিল দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার আগে থেকেই। আদনান আকমলকে বাদ দিয়ে কেন সরফরাজ আহমেদকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়, সেটা নিয়ে সমালোচনামুখর ছিলেন অনেকেই। ‘দ্য নেশন’ও ব্যাপারটি নিয়ে নতুন করে সমালোচনামুখর হয়েছে। প্রতিবেদনটির বক্তব্য অনুযায়ী, সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই সফলতার পরিচয় দেননি। এমন একজন ব্যর্থ ক্রিকেটারকে দলে ঢোকাতে কেন ফর্মে থাকা আদনান আকমলকে বলি দেওয়া হলো, সেই প্রশ্নের উত্তর ইকবাল কাশিমের কাছে জানতে চেয়েছে ‘দ্য নেশন’ পত্রিকা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করা হয়েছে অবশ্য অন্য ব্যাপারে। বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব ভালো করেই জানে যে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একেবারেই অসম্ভব। পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের মাটিতে ক্রিকেট আয়োজন নিয়ে যতটা ব্যস্ত, ঠিক ততটাই উদাসীন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে। অধিনায়ক মিসবাহ-উল হকের পরিবর্তে আগামী দিনের কথা বিবেচনা করে একজন নতুন অধিনায়কের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে ওই পত্রিকার প্রতিবেদনে।