
উদীয়মান ক্রিকেটার মানেই চোখে থাকে জাতীয় দলে খেলার স্বপ্ন। কিন্তু আল আমিন হোসেন ব্যতিক্রম। বলা যায়, পারিপার্শ্বিক বাস্তবতাই তাঁকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করছে। কাল ফতুল্লায় প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৬ উইকেট পাওয়ার দিনেও তাই ভবিষ্যৎ লক্ষ্যের তালিকায় কেবলই রাখলেন চোটমুক্ত থেকে খেলা চালিয়ে যাওয়া
লিগের প্রথম ম্যাচেই ৬ উইকেট! এত ভালো বোলিংয়ের রহস্যটা কী?
আল আমিন হোসেন: উইকেটে একটু সাহায্য ছিল। বল নিচু হচ্ছিল। আমি চেষ্টা করছি স্টাম্পে বল রাখতে। ওরা (সিসিএস) ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু স্টাম্প টু স্টাম্প বল করায় বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।
আবাহনীর মতো বড় দলে এ রকম একটা সাফল্য দিয়ে খেলা শুরু করলেন। কেমন লাগছে?
আল আমিন: ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আবাহনী, মোহামেডানের মতো বড় দলে খেলব। আবাহনীর হয়ে প্রথম ম্যাচেই এ রকম খেলতে পারায় খুব ভালো লাগছে।
প্রিমিয়ার লিগে এ নিয়ে কয় মৌসুম খেলছেন?
আল আমিন: ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম খেলি গাজী ট্যাংকের হয়ে। এরপর গত বছর ভিক্টোরিয়া দলে ছিলাম...চ্যাম্পিয়ন হলাম। এবার ঢাকা প্রিমিয়ার লিগে আমার তৃতীয় বছর।
ভিক্টোরিয়াতে তো সাকিব-তামিমের সঙ্গে খেলেছেন। এত বড় তারকাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন?
আল আমিন: তাদের সামনে ভালো কিছু করাটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। সেটা বোধ হয় পেরেছিও। সে বছর আমি মনে হয় ২৬টা উইকেট পেয়েছিলাম।
ক্রিকেটার হিসেবে শুরুটা কীভাবে?
আল আমিন: ঝিনাইদহে বড় ভাইয়ের হাত ধরে খেলা শুরু করি। ভাইয়া তখন টেনিস বলে খেলতেন। এরপর অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে আসি।
পরিবারের আর কেউ ক্রিকেট খেলে এখনো?
আল আমিন: আগে ভাইয়া খেলতেন, এখন আর কেউ খেলে না। ভাইয়াও এখন চাকরি করেন।
ভবিষ্যৎ লক্ষ্য কী?
আল আমিন: আপাতত লক্ষ্য সুস্থ থেকে প্রিমিয়ার লিগটা শেষ করা।
আরও বড় কোনো লক্ষ্য কি নেই? যেমন বাংলাদেশের হয়ে খেলা...
আল আমিন: আমাদের পেস বোলারদের বড় সমস্যা ইনজুরি। আমি চাই ফিট থেকে, ইনজুরিমুক্ত থেকে ক্রিকেট খেলতে। বেশি পরিশ্রম করে ফিট থাকাটাই আমার লক্ষ্য। এবার ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার আগে একটু সমস্যা ছিল। তবে সেটা কাটিয়ে ইংল্যান্ড গিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছি। আসার পর এখন বোলিংটা খুব ভালো হচ্ছে। এটাই ধরে রাখার চেষ্টা করছি
কাউকে আদর্শ মানেন?
আল আমিন: দেশের মধ্যে মাশরাফি ভাই, আর দেশের বাইরে উমর গুল।
আপনার বোলিংয়ের মূল অস্ত্র কী?
আল আমিন: আসলে নতুন বলে আমার বল একটু কাট করে, সুইংও করে। যেটা কাট করে, সেটা ব্যাটম্যানদের খেলতে অসুবিধা হয়। বেশির ভাগ উইকেট ওটাতেই পাই।
বোলিং নিয়ে কখনো কোনো বড় খেলোয়াড়ের পরামর্শ নিয়েছেন?
আল আমিন: কিছুদিন আগে খুলনায় তিন দিনের ম্যাচের সময় মাশরাফি ভাইয়ের সঙ্গে নিজের বোলিং নিয়ে কথা বলেছি। তিনি কিছু টিপসও দিয়েছেন।
পড়াশোনা কোথায় করছেন?
আল আমিন: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তৃতীয় বর্ষে পড়ছি।