ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছেন ফুটবলার হবেন। সে কারণেই পড়াশোনা বেশি দূর এগোয়নি। পেছন ফিরে তাকিয়ে খানিক তৃপ্তি পাচ্ছেন এমেকা ডার্লিংটন। শেখ জামালের জার্সি গায়ে কাল প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করে নিজের স্বপ্নটাকে ছড়িয়ে দিয়েছেন আরও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় নাইজেরিয়ান স্ট্রাইকারের কথায় তাই ঝরে পড়ল আবেগ
l ক্যারিয়ারে এর আগে হ্যাটট্রিক আছে আপনার?
এমেকা ডার্লিংটন: এর আগে তিনটি হ্যাটট্রিক করেছিলাম, সব কটিই নাইজেরিয়ায়। চার নম্বর হ্যাটট্রিক পেলাম আজ, বাংলাদেশে প্রথম হ্যাটট্রিক।
l একজন ফুটবলারের কাছে হ্যাটট্রিক মানেই বিশেষ কিছু। আজকেরটি তো মাত্র ৩৫ মিনিটের মধ্যে। কোন হ্যাটিট্রিকটি আপনার কাছে বেশি স্মরণীয়?
ডার্লিংটন: সব হ্যাটট্রিকের আনন্দই সমান। একেকটি হ্যাটট্রিক যেন সন্তানের মতো। সন্তানকে আলাদা করা যায় না, এই অনুভূতিও তাই।
l ফুটবলার না হলে আপনি কী হতেন?
ডার্লিংটন: আমি ফুটবলারই হতে চেয়েছিলাম। ছোটবেলায় স্বপ্ন ছিল রোনালদোর মতো (ব্রাজিলের রোনালদো) হব। সেই স্বপ্নই আমাকে টেনে নিয়ে এসেছে এত দূর। তবে আমার মা চাইতেন আমি ভালো পড়াশোনা করি। নিয়মিত স্কুলে যাই। কিন্তু স্কুলে যাওয়ার চেয়ে খেলার দিকেই বেশি ঝোঁক ছিল।
l কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
ডার্লিংটন: স্কুলজীবন শেষ করেছি। কলেজে উঠে আর তেমন এগোনো হয়নি। পেশাদার ফুটবল জীবন শুরু করে দিই।
l নাইজেরিয়ার বাইরে এর আগে কোথাও খেলেছেন? বাংলাদেশেই বা এলেন কীভাবে?
ডার্লিংটন: নাইজেরিয়ার বাইরে তিউনিসিয়ার প্রিমিয়ার লিগে খেলেছি। সম্প্রতি শেখ জামালের কোচ যোসেফ আপুসি নাইজেরিয়ায় একজনকে এজেন্টকে বলল, তাঁর একজন স্ট্রাইকার প্রয়োজন। ওই এজেন্টের মাধ্যমেই বাংলাদেশে আসা।
l শেখ জামালে এসে তো দেখলেন সনি নর্দেই এই দলের প্রাণ। নর্দে আগের ম্যাচের মতো এদিনও খেলেননি, বিশ্রামে ছিলেন। এটা কি আপনার সামনে একটা বড় সুযোগ হয়ে এসেছে?
ডার্লিংটন: সনি না খেললে সুযোগ যতটা মেলে তার চেয়ে বড়, দায়িত্ব নিয়ে খেলতে হয়। সনি থাকলেও আমাকে গোল করতে হবে, না থাকলেও গোল চাই। কারণ, কোচ আমার কাছে গোল চান।
l ফেডারেশন কাপে তো গোল পাননি। একটু কি চাপে ছিলেন?
ডার্লিংটন: গোল না পেলে যেকোনো স্ট্রাইকারই চাপে পড়ে। তবে চাপটাকে আমি প্রেরণা হিসেবে নিয়েছি। আজ হ্যাটট্রিক করে ভীষণ ভারমুক্ত লাগছে।
l একজন স্ট্রাইকার হিসেবে আপনি নিজেকে কীভাবে দেখেন?
ডার্লিংটন: আমি সব সময় বক্সে থাকার চেষ্টা করি। বক্সে না থাকলে গোল পাওয়া কঠিন। ঠিক যেভাবে রোনালদো বক্সে থেকে গোলের সুযোগ কাজে লাগাতেন। আমি এত দিন তাঁকে অনুসরণ করে এসেছি, সামনেও করব।
l শেখ জামালে ৯৯ নম্বর জার্সি পরে খেলছেন। বিশেষ কোনো কারণ?
ডার্লিংটন: না, না, বিশেষ কোনো কারণ নেই। কোচ যোসেফই আমাকে এই নম্বরটা দিয়েছে। কী ভেবে দিয়েছে, আমি জানি না। কোচ দিয়েছে, আমি খেলছি। ব্যস, এটুকুই।
l বাংলাদেশে তো অনেক নাইজেরিয়ান ফুটবলার খেলছে। এখানে কি এমন মনে হয় যে নিজের দেশেই আছেন?
ডার্লিংটন: অনেকটা তাই। প্রচুর নাইজেরিয়ান ফুটবলার ঢাকায়। তাই কখনো একা অনুভব করি না। অনেক নাইজেরিয়ান ফুটবলারের সঙ্গে এখানে বন্ধুত্ব হয়েছে। সময়টা ভালোই কাটছে।