জাতীয় দলে খেলার সময়েই স্বপ্ন দেখতেন একদিন খেলোয়াড় তৈরির কারিগর হবেন। এখন তিনি রাজশাহী বিভাগীয় দলের কোচ। নতুন স্বপ্ন জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার। অস্ট্রেলিয়া থেকে লেভেল-২ কোচিং কোর্স করে আসা জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান শাহনেওয়াজ শহীদ ওরফে শানুর সেই স্বপ্ন কি পূরণ হবে? আপনি রাজশাহীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা দুর্দান্ত করছে। আপনি তো জাতীয় লিগের সফলতম কোচদের অন্যতম।শাহনেওয়াজ শহীদ: হ্যাঁ, ঠিকই বলেছেন। ক্রিকেট বোর্ড থেকে সাধারণ দর্শক, যেখানেই যাই এ কথাটা শুনি। আসলে কয়েক বছর ধরে দল ভালো খেলছে। আমি দায়িত্ব নেওয়ার পর চার দিনের ম্যাচে ৩ বার, ওয়ানডেতে ২ বার চ্যাম্পিয়ন হয়েছি আমরা। এবার তো জাতীয় লিগ হচ্ছে নতুন ফরম্যাটে। কিন্তু প্রথম রাউন্ড শেষে সবার ওপরে আপনার দল। লিগ জয়ে কতটা আশাবাদী আপনি?শাহনেওয়াজ: আশা করছি, চার দিনের ম্যাচের শিরোপা ধরে রাখার সঙ্গে ওয়ানডের শিরোপাও পুনরুদ্ধার করতে পারব। এবার তো টি-টোয়েন্টি চালু হয়েছে। এই শিরোপাটাও ঘরে তুলতে চাই আমরা। রাজশাহীর এই সাফল্যের রহস্য কী?শাহনেওয়াজ: আমার দলে তারকা খেলোয়াড় নেই। তবে যারা আছে ওরা খুব পরিশ্রমী। আর দলটার মধ্যে ঐক্য ও শৃঙ্খলা আছে। এই তো কিছুদিন আগে আমরা সবাই একসঙ্গে কক্সবাজার ঘুরে এলাম। আসলে আমরা সবাই মিলে একটা পরিবারের মতো। খালেদ মাসুদের সাহায্যও পাই। সে দলে জুনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সটা বের করে আনতে পারে। এটাই আমাদের সাফল্যের রহস্য। আপনার কোচিং পদ্ধতি নিয়ে কিছু বলুন...শাহনেওয়াজ: আমি আসলে কোনো খেলোয়াড়ের খেলা পরিবর্তন করে দিতে চাই না। যে স্টাইলে খেলে, ওই স্টাইলটা রেখেই শুধু ভুলগুলো শুধরে দিই। নতুন খেলোয়াড় তৈরিতে নিজেকে কতটা সফল বলবেন? আরও নতুন খেলোয়াড় কীভাবে তুলে আনা সম্ভব?শাহনেওয়াজ: আমাদের রাজশাহীতে প্রচুর খেলোয়াড় আছে। আমরা যারা আছি তারা প্রতিভার পরিচর্যায় সচেষ্ট। পরিচর্যা করলেই তো নতুন খেলোয়াড় তৈরি সম্ভব। এই যে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, ও কিন্তু আমার দায়িত্বে থাকা অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় ছিল। এখন অনূর্ধ্ব-১৯ দলে খেলছে মিঠুন, মাহমুদুল, নাসির—এরাও আমার ছাত্র। দল নির্বাচনে কোন বিষয়টিতে বেশি গুরুত্ব দেন?শাহনেওয়াজ: দল আমি একা নির্বাচন করি না। অধিনায়ক থাকেন, অন্য কর্মকর্তারা থাকেন। আমরা সবাই মিলে দল নির্বাচন করি। আমরা সবচেয়ে গুরুত্ব দিই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রতিবছরই যেন নতুন কিছু খেলোয়াড় থাকে। রাজশাহী থেকে তো অনেকেই জাতীয় দলে খেলেছে, এখনো খেলছে। এখন যাঁরা তরুণ প্রতিভাবান, তাঁদের মধ্যে জাতীয় দলে খেলার সম্ভাবনা কার কার আছে বলে মনে করেন?শাহনেওয়াজ: ফরহাদ হোসেন ভালো খেলছে। জহুরুল আর সাব্বিরও খুব ভালো খেলোয়াড়। এরা সবাই প্রতিভাবান এবং পরিশ্রমী। আর সাকলাইন সজীব তো আছেই। ও আসলে সহজাত প্রতিভা। এদের সবাই-ই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে পারে। কোচিংয়ে কীভাবে এলেন?শাহনেওয়াজ: আমি যখন খেলোয়াড় ছিলাম, অনুশীলন করার সময় জুনিয়রদের সঙ্গে রাখতাম। ওদের সাহায্য করতাম। তখন থেকেই ভাবতাম, যদি পারি আমাদের রাজশাহীর খেলোয়াড়দের সাহায্য করব। ওই চিন্তা থেকেই কোচিংয়ে আসা। আপনার কোচিং স্বপ্ন কী?শাহনেওয়াজ: স্বপ্ন জাতীয় দলের ব্যাটিং কোচ হব।