'স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব রাম
বিপ্লব রাম

এবারও ঢাকায় হচ্ছে আইটিএফ জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। কাল শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় খেলবেন বাংলাদেশের সাবেক জুনিয়র চ্যাম্পিয়ন বিপ্লব রাম। পুরুষ দ্বৈতে গতবারের চ্যাম্পিয়নের কণ্ঠে এবার হতাশার সুর
 এক দিন পর শুরু হচ্ছে আইটিএফ টুর্নামেন্ট। আপনাদের প্রস্তুতি কেমন?
বিপ্লব রাম: মোটেও ভালো না। প্রস্তুতি নেই, কোচ নেই। কোর্টে এসে নিজেদের মতো অনুশীলন করছি। ফেডারেশন শুধু আমাদের এন্ট্রি ফি দিয়েছে।
 গত বছর তো এখানে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার কী প্রত্যাশা?
বিপ্লব: গতবার খেলেছিলাম অস্ট্রেলিয়ার টমাসের সঙ্গে। এবার কী হবে জানি না।
 এটা তো র‌্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার টুর্নামেন্ট। এখান থেকে বাংলাদেশের খেলোয়াড়েরা কতটুকু উপকৃত হয়?
বিপ্লব: আইটিএফের এই টুর্নামেন্ট আমাদের দেশে বছরে দুবার হয়। ঢাকা ও রাজশাহীতে। এখানে খেলে যা র‌্যাঙ্কিং পয়েন্ট পাই, পরে তা আর কোনো কাজেই লাগে না। কারণ এসব টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে হয়। কিন্তু দেশের বাইরে কোথাও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারি না আমরা। খুবই খারাপ লাগে।
 ফেডারেশন কোনো উদ্যোগ নেয় না?
বিপ্লব: ওনারা যেভাবে চালায় আমরা সেভাবেই চলি।
 কিন্তু ডেভিস কাপে তো ঠিকই খেলেন আপনি?
বিপ্লব: এবার খেলেছি দুবাইয়ে। আমাদের দল খুবই খারাপ করেছে। কারণ কোনো কোচই ছিল না। অন্য দেশের খেলোয়াড়দের অনেক উঁচু মানের কোচ থাকে। অনেক টুর্নামেন্টে অংশ নেয়। বেশি প্রস্তুতি নিয়ে খেলতে আসে। আর আমরা নিজেরা যতটুকু পারি ততটুকু প্রস্তুতি নিয়ে খেলতে যাই। এভাবে আমাদের উন্নতি সম্ভব না।
 টেনিসে তো সেভাবে স্পনসরও নেই।
বিপ্লব: আমি মনের আনন্দে খেলি। খেলে কিছুই পাই না। সকালে আর বিকেলে বাচ্চাদের খেলা শেখাই। খুশি হয়ে অভিভাবকেরা যা দেন সেটা দিয়ে হাতখরচ চালাই।
 আপনি তো মাঝে খেলাটা ছেড়ে দিয়েছিলেন?

বিপ্লব: ২০০৮ সালে রাগ করে খেলা ছেড়েছিলাম। খেলে কিছুই পাচ্ছিলাম না। পরে এই নতুন কমিটির কর্মকর্তারা এসে অনেক বুঝিয়ে আমাকে আবারও খেলায় ফেরান।
 আপনারা শুধু একটি কোর্টে (হার্ড কোর্ট) অনুশীলন করেন। সমস্যা হয় না?
বিপ্লব: আমরা বাধ্য হয়েই এখানে খেলি। কিন্তু দেশের বাইরে খেলতে গেলে মানিয়ে নিতে কষ্ট হয়। সময় লাগে। অন্য দেশে গ্রাস কোর্ট, ক্লে-কোর্ট আছে। আমাদের এসব নেই। এসব নিয়ে কারও মাথাব্যথাও নেই।
 এত সমস্যা নিয়ে কত দূর যেতে পারবেন?
বিপ্লব: জানি না। এখন স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। কারণ কোনো টুর্নামেন্ট নেই। চ্যালেঞ্জ নেই। এখানে যেসব বাচ্চারা খেলতে আসে তাদের শেখানো পর্যন্তই শেষ। অভিভাবকেরা এতেই সন্তুষ্ট।