তৃতীয় বিভাগের দল কদমতলার হয়ে গত মৌসুমে সর্বোচ্চ ১৪টি গোল করেছেন। এবার মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপেও গোল দিয়ে শুরু করলেন ভিক্টোরিয়ার স্ট্রাইকার তকলিচ আহমেদ। জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে ডাক পেলেও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কৃত হয়েছিলেন। এসব ভুলে গিয়ে এখন জাতীয় দলে ঢোকার স্বপ্ন দেখছেন সিলেটের এই তরুণ ভিক্টোরিয়া ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে উঠল আপনার একমাত্র গোলে, কেমন লাগছে?তকলিচ আহমেদ: খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগছে এই ভেবে যে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। আপনার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, খুব বেশি চোট পেয়েছেন?তকলিচ: বিমানবাহিনীর এক খেলোয়াড় কুনইয়ের খোঁচা দিয়েছে। তবে আঘাত ততটা গুরুতর না। তাড়াতাড়িই সেরে যাবে। তৃতীয় বিভাগের দল কদমতলা দিয়ে এ বছর শুরু। এরপর এক লাফে প্রথম বিভাগে। কীভাবে হলো এমন উত্থান?তকলিচ: ভাবলে খুবই ভালোই লাগে। আমি সিলেটে যখন খেলতাম তখন থেকেই স্বপ্ন দেখতাম ঢাকায় খেলব। আমাকে কদমতলায় নিয়ে আসেন ভিক্টোরিয়ার বর্তমান গোলকিপার সাব্বির আহমেদ (সোহেল) ভাই। তিনি এরপর ভিক্টোরিয়ার কর্মকর্তাদের সঙ্গেও আমাকে আলাপ করিয়ে দেন। সোহেল ভাই সিলেট জেলা দলেরও গোলরক্ষক। আমি যখন হজরত শাহজালাল স্কুলে পড়তাম তখন থেকেই এই বড় ভাই আমাকে ফুটবল খেলতে উৎসাহ দিতেন। আপনার সঙ্গে খেলা অনিক, মালেক, শাহেদ এখন জাতীয় দলে খেলছে। ভাবলে কি একটু খারাপ লাগে?তকলিচ: ভাবলে একটু খারাপ লাগে, কারণ আমি ভালো খেলেও জাতীয় দলে ঢুকতে পারিনি। এদের সঙ্গে আমি অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে এক মাস থেকেছি। মালেক আর আমি কদমতলা দলে একসঙ্গে জুটি গড়ে খেলেছি। ওরা সুযোগ পেয়েছে, বন্ধু হিসেবে ভাবলে ভালো লাগে। তবে আমিও জাতীয় দলে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত জুলাইয়ে বিকেএসপিতে যুব দলের ক্যাম্পে থাকার সময় বহিষ্কৃত হয়েছিলেন। এটা থেকে কি শিক্ষা হলো?তকলিচ: বহিষ্কৃত হয়েছিলাম, ব্যাপারটা এভাবে দেখছি না। কোচ নিকোলা ইলিয়েভস্কির সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ধরনের ভুল যাতে আর না হয় সেই চেষ্টা থাকবে আমার। ঘরোয়া ফুটবলে আপনার লক্ষ্য কী?তকলিচ: যখন সিলেটে ইউনাইটেড ক্লাবে খেলতাম তখন থেকেই লক্ষ্য ছিল বেশি বেশি গোল করব। বড় কোনো দলে খেলব। গতবার সিলেটের মেয়র কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। তখন বন্ধুরা বলত, ‘কিরে, তুই তো ঢাকায় চান্স পেয়ে যাবি!’ আমিও স্বপ্ন দেখতাম আবাহনী-মোহামেডানের মতো বড় দলে খেলব। সেই সুযোগ পেতে যা যা করার সেটা করব। বাংলাদেশে তো এখন ভালো স্ট্রাইকারের খুব অভাব। ভালো স্ট্রাইকার হিসেবে দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে টিকে থাকার স্বপ্ন নিশ্চয়ই দেখেন!তকলিচ: হ্যাঁ, আমাদের দেশে এখন খুব বেশি ভালো স্ট্রাইকার নেই। আমি স্বপ্ন দেখি, ভালো স্ট্রাইকার হব, টিকে থাকব অনেক দিন। আপনার প্রিয় স্ট্রাইকার কে?তকলিচ: দেশে এমিলি ভাই। আর দেশের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো। আমি রিয়াল মাদ্রিদের সমর্থক বলে রোনালদোর খেলাই বেশি ভালো লাগে। সিলেটের পর ঢাকায় খেলছেন। দুই জায়গায় খেলার কি পার্থক্য চোখে পড়ে?তকলিচ: অনেক বড় পার্থক্য। আমি গত মাসের ২২ তারিখ ঢাকা এসেছি। এসেই ক্যাম্প শুরু করেছি। মফস্বলের ক্যাম্প, অনুশীলন—এসবের চেয়ে ঢাকায় সবকিছু উন্নত। কোচ জাহান ভাই (জাহান-ই আলম) খুব ভালো শেখান। আশা করি, ফেডারেশন কাপে তাঁকে একটা ভালো কিছু উপহার দিতে পারব।