৩৫তম জাতীয় অ্যাথলেটে চারটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোয় সোনা জিতেছেন। প্রথমবার ১০০ মিটার স্প্রিন্টে নেমেই দেশের দ্রুততম মানব হলেন সেনাবাহিনীর আজহারুল ইসলাম। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড় শেষে বললেন নিজের ক্যারিয়ার ও বাংলাদেশের অ্যাথলেটিকস নিয়ে প্রথমবার ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েই চ্যাম্পিয়ন। কেমন লাগছে?আজহারুল ইসলাম: আনন্দটা সেভাবে উপভোগ করতে পারছি না। কেন?আজহারুল: আমি অনুশীলনে থাকা অবস্থায় দুই দিন আগে আমার ফুপু মারা গেছেন। কিন্তু অনুশীলনের জন্য ফুপুকে শেষ দেখা দেখতে পারিনি। অ্যাথলেটিকসে এলেন কীভাবে?আজহারুল: ২০০৫ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর একদিন আমাদের ব্যাটারি কমান্ডার মেজর বেনজির আমাকে বললেন, তুমি যদি এক মিনিটের মধ্যে ৪০০ মিটার দৌড় শেষ করতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব। আমি ৫১ সেকেন্ডে শেষ করেছিলাম। উনি আমাকে ৩০০ টাকা দিয়েছিলেন। এর পরই আন্তবাহিনী অ্যাথলেটিকসে খেলি। স্কুলে-কলেজে কি কখনো দৌড়েছেন?আজহারুল: কখনো দৌড়াইনি। স্কুলে ফুটবল খেললেও অ্যাথলেটিকস ভালো লাগত। কেন ভালো লাগত?আজহারুল: আমার বোন স্কুলে খেলে অনেক পুরস্কার আনত, আম্মুও অ্যাথলেট ছিলেন। আমাদের পরিবারটা ক্রীড়াপরিবার। এ জন্যই এটা ভালো লাগে। দ্রুততম মানব হওয়ার পর বাবা-মাকে সুঃসংবাদটা জানিয়েছেন?আজহারুল: না। আমার মিট চলার সময় মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় কারও সঙ্গে কথা বলতে পারিনি। ১০০ মিটার স্প্রিন্ট অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। অথচ এটি দেখার জন্য গ্যালারিতে দর্শক নেই। কেমন লাগে?আজহারুল: খুবই খারাপ লাগে। এই তো কিছুদিন আগে বিজেএমসির মিটেও চার-পাঁচ হাজার দর্শক দেখেছি। কিন্তু এখানে খেলোয়াড়-কর্মকর্তাদের বাইরে কেউ আসেনি। আপনার প্রিয় স্প্রিন্টার...আজহারুল: উসাইন বোল্ট। খেলার চ্যানেলে ছাড়াও বোল্টের দৌড়ের সিডি কিনে কম্পিউটারে দেখি। এসএ গেমসে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন, সেই দুঃখ কি নাড়া দেয়?আজহারুল: ওটা ভাবলে খারাপ লাগে। তখনই মনের ভেতর জেদ এনেছিলাম যে জাতীয় প্রতিযোগিতায় কিছু একটা করব। কিন্তু আপনি তো সাধারণত ১০০ মিটার দৌড়ান না। আত্মবিশ্বাসটা কোত্থেকে এল?আজহারুল: এটা সত্যি, আমার প্রিয় ইভেন্ট ৪০০ মিটার। কিন্তু কোচ কিতাব আলী স্যার আমাকে বললেন, তুমি শুধু ১০০ মিটারেই অংশ নাও। কিন্তু আমি দুটিতেই দৌড়ানোর সিদ্ধান্ত নিই এবং শেষ পর্যন্ত দুটিতেই সোনা জিতলাম। অ্যাথলেটিকস নিয়ে আপনি সর্বোচ্চ কী স্বপ্ন দেখেন?আজহারুল: আমি স্বপ্ন দেখি একদিন অলিম্পিকে দৌড়াব। জানি না স্বপ্ন পূরণ হবে কি না, তবে সর্বোচ্চ চেষ্টা করে যাব। দেশের বাইরে কোথায় কোথায় খেলেছেন?আজহারুল: গত বছর ওয়ার্ল্ড মিলিটারি গেমসে খেলতে গ্রিস গিয়েছিলাম। আর এবার ভারতে ইন্দো-বাংলা গেমসে অংশ নিই। গ্রিসের অ্যাথলেটিকস কেমন দেখলেন?আজহারুল: ওদের যে ইনডোরে খেলা হলো, সেটা দেখে আমি মুগ্ধ। আর আমাদের ইনডোর দূরে থাক একটা আলাদা স্টেডিয়ামই নেই।