'স্বপ্ন দেখি মারাকানায় খেলছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে
পেলে

তিনি ফুটবলের ‘রাজা’। বিশ্বকাপ নিয়ে তাই তাঁর নানান ব্যস্ততা। এর মধ্যেও কিছুটা সময় বের করে পেলে কথা বললেন স্প্যানিশ দৈনিক এএস-এর সঙ্গে। বললেন নেইমার-কস্তা, স্পেন-জার্মানি, মারাকানাজোসহ অনেক প্রসঙ্গে
আপনার সাক্ষাৎকার নেব, এটা ভেবেই আমি (প্রশ্নকর্তা) খুব রোমাঞ্চিত ছিলাম। আমার ছোট ছেলেটাকেও কথাটা বললাম। কিন্তু সে বুঝলই না আমি কেন এত রোমাঞ্চিত। আমি নিশ্চিত, মেসি কিংবা রোনালদোর সাক্ষাৎকার নেব বললে তার প্রতিক্রিয়া অন্য রকম হতো। ওকে কি কোনো শাস্তি দেওয়া উচিত?
পেলে: (হাসি) না। এর একটা সহজ সমাধান আছে। ওকে আমার খেলার কিছু ডিভিডি দেখান, তারপর সে সিদ্ধান্ত নেবে। যদি আপনার কাছে ডিভিডি না থাকে, আমার সহকারীকে বলুন, ও পাঠিয়ে দেবে।
আপনি প্রায় তিন ঘণ্টা একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, তার পরও এত সতেজ দেখাচ্ছে! কীভাবে পারেন?
পেলে: এটাই আমার কাজ। আমি ক্লান্ত হই না। আর আপনাকে গোপনে একটা কথা বলি, এ রকম কাজ শুধু আমাকে প্রতি চার বছর পর পর একবার করতে হয়।
আমাদের পত্রিকায় জাভিকে নিয়ে একটা লেখা ছাপা হয়েছে। আপনি ওর সম্পর্কে কিছু বলছিলেন...
পেলে: হ্যাঁ, সে-ই তো স্পেনের আসল লোক। তাকে নিয়েই কথা বলা উচিত। আমি আবারও বলব, জাভি অসাধারণ। আমি ওকে খুব পছন্দ করি। জাভি-ইনিয়েস্তা আর মেসির জন্যই আমি বার্সেলোনাকে এত পছন্দ করি।
ডিয়েগো কস্তা একজন ব্রাজিলিয়ান হয়েও স্পেনের হয়ে খেলছেন। আপনি কি এতে কিছুটা বিস্মিত?
পেলে: কিছুটা বিস্মিত এই ভেবে যে আগে কেউ ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পেলে সেটা কখনোই ছাড়ত না। এখন সময় বদলে গেছে। তবে ওর সিদ্ধান্তকে সম্মান করতে হবে। ও যেখানে স্বছন্দবোধ করে, সেখানেই তো খেলবে। আমি শুধু চাই, সে যেন ব্রাজিলের বিপক্ষে সফল হতে না পারে।
বিশ্বকাপে ফেবারিট কোন দল?
পেলে: বার্সেলোনা (হাসি)৷
তার মানে, স্পেন?
পেলে: হ্যাঁ, স্পেনের খেলা তো বার্সেলোনার মতোই। পেছনের কারিগর তো ওরাই। আমার তো মনে হয় স্পেন দলে বার্সেলোনার আটজনের খেলা উচিত। ওদের দলটা দেখলে আমার নিজের দলের কথা মনে হয়।
অন্য কোনো দল?
পেলে: জার্মানি। ওরাও দারুণ। এ দুটি দল ভালো করবে বলে মনে হয়।
আপনি কি এখনো খেলার স্বপ্ন দেখেন?
পেলে: অবশ্যই, অনেক।
যখন খেলোয়াড় ছিলেন তখন দেখতেন, নাকি শুধু অবসর নেওয়ার পরই দেখছেন?
পেলে: আমি সব সময়ই খেলার স্বপ্ন দেখি। তবে তখনকার স্বপ্ন আর এখনকার স্বপ্ন আলাদা।
কী রকম?
পেলে: আমি যখন খেলোয়াড় ছিলাম, তখন স্বপ্ন দেখতাম আমিই মাঠের নায়ক, সবকিছু আমার নিয়ন্ত্রণে। সব সময় সতীর্থদের এটা-ওটা করতে বলছি, আমাকে পাস দিতে বলছি। এই সব।
আর এখন?
পেলে: এখন স্বপ্ন দেখি, আমি মারাকানায় খেলছি। গোল করছি। আর তখনই স্বপ্ন ভেঙে জেগে উঠি। কী হাস্যকর না?
মোটেই না। আচ্ছা, সেই গোলগুলো কী রকম? আপনি খেলোয়াড়ি জীবনে করতে পারেননি এমন কোনো গোল?
পেলে: যেমন...
যেমন মাঝ মাঠ থেকে শট নেওয়ার পর ওই যে বলটা একটু বাইরে দিয়ে চলে গিয়েছিল অথবা মাজুরকাইভিচকে (উরুগুয়ের সাবেক গোলরক্ষক) বোকা বানিয়ে যে শটটা নিয়েছিলেন। স্বপ্নে কি সেই বলটা জালে ঢোকে?
পেলে: (হাসি) না, স্বপ্নেও সেগুলো পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
আপনার সময়ের ফুটবলের কোন জিনিসটা এখন মিস করেন?
পেলে: মানসিকতা বদলে গেছে। এখন সবাই শুধু জয়ের কথা ভাবে। খেলাটার কথাই যেন সবাই ভুলে গেছে। সবচেয়ে খারাপ হচ্ছে ফুটবলের বাণিজ্যিকীকরণ।
আপনি খুব কম বয়সেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন। নেইমারও তা-ই। ওর যাতে খ্যাতিতে মাথা নষ্ট না হয়ে যায়, সে জন্য কোনো উপদেশ দেবেন?
পেলে: আমার সৌভাগ্য যে আমার বাবাও ফুটবলার ছিলেন, তিনি এসব ব্যাপার আগেই ভেবে রেখেছিলেন। সুতরাং আমার কাছে এগুলো খুব স্বাভাবিক ছিল। আমার মনে হয় এটা খুব জরুরি। খ্যাতি মাঝে মাঝে খুব ভয়ংকর হতে পারে। আমার সময়ে এত সামাজিক যোগাযোগমাধ্যম, এত প্রচারণা ছিল না। এখন তো খেলোয়াড়েরা কত বিজ্ঞাপন করে! তারা এখন শুধু ফুটবলার নয়; শিল্পী, চিত্রকর, মডেল—সব।
খেলোয়াড়ি জীবনে আপনাকে প্রতিপক্ষের অনেক লাথি খেতে হয়েছে। ফুটবল কি তখন বেশি কঠিন ছিল?
পেলে: একই রকম কঠিন ছিল, তবে এখন রেফারিরা খেলোয়াড়দের অনেক বেশি সুরক্ষা দেয়। আমার তো মনে হয় ফিট থাকলে আমি এখনো খেলতে পারতাম।
মারাকানাজোর সময় আপনি ছিলেন কিশোর। পরে বলেছেন, সেই ম্যাচের পর আপনার বাবাকে কাঁদতে দেখেছেন। সেই স্মৃতি ভুলতে এবার বিশ্বকাপে কী প্রস্তুতি নিচ্ছেন?
পেলে: আসলে আমরা তো ১৯৭০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই সেই প্রতিশোধ নিয়েছি। সেই ক্ষত তখনই শুকিয়েছে। তবে আমি চাই উরুগুয়ের বিপক্ষে আবারও একটা ফাইনাল হোক। তাহলে চির অবসান হবে সেই যন্ত্রণার।