‘স্বপ্ন হলো সত্যি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত রাতে পুরো স্পেন দেখল, আজন্ম একটি স্বপ্ন কীভাবে বাস্তবে রূপ নেয়’—স্পেনের সর্বাধিক প্রচারিত দৈনিক এল পায়েস-এর সম্পাদকীয়তে লেখা হয়েছে এমনই। এই পত্রিকাটিরই প্রথম পাতার শিরোনামটিও ছিল স্বপ্নের পূর্ণতা নিয়ে। সোনালি স্বপ্নের গান এল পায়েস-এর ওয়েবসাইটেও, ‘স্বপ্ন হলো সত্যি’।বিশ্বকাপে যেকোনো দলেরই স্বপ্ন থাকে টুর্নামেন্ট শেষে সোনালি ট্রফি তুলে ধরা। স্পেনের জন্য এই স্বপ্ন দেখা আরও যৌক্তিক। উত্তর ইউরোপের দেশটি বিশ্ব ফুটবলকে দিয়েছে অনেক, তুলনায় পেয়েছে কমই। সারা পৃথিবীতে যখন ‘সুন্দর ফুটবল’ হারিয়ে যাচ্ছে বলে হাহাকার চলছে, স্পেন তখন চিরায়ত ইউরোপিয়ান ধারার বাইরে গিয়ে খেলছে সুন্দর ফুটবল।কিন্তু বিনিময়ে কী পেয়েছে? শুধুই হারানোর বেদনা। ২০০৮-এ ইউরোপ জয়ের ৪৪ বছর আগে একবার ইউরোপ-সেরার মুকুট পরেছিল। ফুটবল থেকে পাওয়া বলতে তো এটাই স্পেনের! বিশ্বকাপে সেরা সাফল্য বলতে ১৯৫০ বিশ্বকাপে চতুর্থ হওয়া।বারবার ভাগ্যহত হয়ে ফিরেও হতোদ্যম হয়নি স্পেন। স্বপ্ন দেখে গেছে—আমরা করব জয়! পরশু সেই জয়টাই এল। ডানপন্থী পত্রিকা এবিসি প্রথম পাতার মূল খবরের শিরোনাম করল এক শব্দে—‘চ্যাম্পিয়নস’। খবরের ভেতরে লিখেছে, ‘স্পেনের ফুটবলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য।’স্পেনের স্বপ্ন পূরণের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচের ১১৬তম মিনিটে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া গোলটি করেছেন বার্সেলোনার এই মিডফিল্ডার। ক্রীড়া দৈনিক এএস ইনিয়েস্তার গোলটিকে দিয়ে দিয়েছে স্পেনের সেরা গোলের মর্যাদা। ‘ইনিয়েস্তা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটিই করেছে’—এএসর প্রথম পাতার প্রতিবেদনে লেখা হয়েছে এমনটিই। ইনিয়েস্তার প্রশংসায় পঞ্চমুখ এএসর প্রতিদ্বন্দ্বী ক্রীড়া দৈনিক মার্কাও, ‘ইনিয়েস্তার গোলটি স্পেনের ফুটবলকে সম্ভাব্য সেরা উচ্চতায় তুলে দিয়েছে।’ইনিয়েস্তা গোলটি করেছেন। তবে ভালো খেলেছে পুরো স্পেন দলই। স্পেনের রক্ষণটা জমাট করেছেন জেরার্ড পিকে-কার্লোস পুয়োল-সার্জিও রামোসরা। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, জাবি আনোলসো, পেদ্রো রদ্রিগেজরা মাঝমাঠটাকে করে তুলেছেন বিশ্বসেরা। ডেভিড ভিয়া বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। আর গোলবারের নিচে আছেন ইকার ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত। সবাইকে এক সুতোয় বাঁধার কৃতিত্বটা দিতে হবে কোচ ভিসেন্তে দেল বস্ককে। এল পায়েস অবশ্য কৃতিত্বটা ভাগ করে দিয়েছে সবাইকেই, ‘এই জাতীয় দলটা দুর্দান্ত একটা প্রজন্মেরই কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।’ এএফপি, ওয়েবসাইট।