'স্বপ্নটা বাড়িয়ে দিল এই ট্রফি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

ভিড়ের মধ্যে হঠাৎ এল সদ্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির গোটা ফুটবল দল। এই দল ও জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম হোটেল র‌্যাডিসনে কাল বিশ্বকাপ ট্রফি দেখে শিহরিত। সেখানে দাঁড়িয়েই জানালেন তাঁর অনুভূতি
 বিশ্বকাপ ট্রফি দেখলেন এখনই। ছবি তুললেন। অনুভূতি কেমন?
মামুনুল ইসলাম: দারুণ লাগছে। এটা ভাষায় বলে বোঝাতে পারব না। বিশ্বকাপ ফুটবল ট্রফি মানে স্বপ্নের একটা ব্যাপার। এই ট্রফির জন্য কত সাধনা, কত পরিশ্রম করে বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলো। সেই কাপ চোখের সামনে দেখলাম, এই ট্রফি দেখার স্মৃতি কখনো ভোলার নয়।
 ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন না?
মামুনুল: বিশ্বকাপ খেলার স্বপ্ন সবাই দেখে। আমরাও দেখি। তবে সেই স্বপ্নপূরণ চাইলেই সম্ভব নয়। একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর যদি আমরা বিশ্বকাপকে লক্ষ্য করে এগোতাম, তাহলে এত দিনে আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতাম। কিন্তু তা তো হয়নি।
 বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তো ২০২২ বিশ্বকাপ সামনে রেখে ভিশন ২০২২ ঘোষণা করেছেন। আপনার কী মনে হয়, ২০২২ বিশ্বকাপে খেলা সম্ভব?
মামুনুল: অসম্ভব বলে কিছু নেই। কিন্তু এ জন্য যাবতীয় পরিকল্পনা আপনাকে নিতে হবে। আমরা না পারি, আমাদের পরের প্রজন্ম বিশ্বকাপে বাংলাদেশকে নিয়েও যেতে পারে। সত্যি কথা বলতে, এত দিন বিশ্বকাপ ট্রফি দেখার গোপন ইচ্ছে মনের মধ্যে পুষে রেখেছিলাম। আজ বিশ্বকাপে খেলার স্বপ্নটা আরও বাড়িয়ে দিল এই ট্রফি।
 কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে তো দেখা গেল না ট্রফির এই মহোৎসবে...
মামুনুল: কথা ছিল, গোটা জাতীয় দলকে আনা হবে ট্রফি দেখাতে। এখন খেলোয়াড়েরা সবাই তো ভিন্ন ভিন্ন ক্লাবে, তাই সবাইকে একসঙ্গে এনে দেখাতে পারলে খুবই ভালো হতো। যত দূর শুনেছি, কাল (আজ) জাতীয় দলকে আনা হতে পারে।
 এখানে দেখলাম, ট্রফির সঙ্গে আসা এক বিদেশি আপনার সঙ্গে কথা বলছিলেন। কী জানতে চাইলেন ভদ্রলোক?
মামুনুল: ভদ্রলোক বললেন, তোমাদের দেশে বিশ্বকাপ ট্রফি দেখতে মানুষের এত আগ্রহ। তোমাদের বিশ্বকাপে খেলতে ইচ্ছে করে না? আমি বললাম, এখন তো আমরা চাইলেই হবে না। পরের প্রজন্ম একদিন লাল-সবুজ পতাকা নিশ্চয়ই ওড়াবে বিশ্বকাপের মঞ্চে।
 ট্রফিটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া হয়নি নিরাপত্তার কারণ দেখিয়ে। একটু মন খারাপ হলো না আপনাদের?
মামুনুল: অনেক মন খারাপ হয়েছে। বঙ্গবন্ধুতে নেওয়া হলে অনেক মানুষ দেখতে পারত। হোটেলেও অনেক মানুষ দেখেছে, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে একটা আলাদা আনন্দ পেত দর্শকেরা। তা ছাড়া এই ট্রফিকে মাঠেই মানায় বেশি, হোটেলে নয়।
 এমনিতে এই ট্রফির পরিভ্রমণ বাংলাদেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করেন?
মামুনুল: নিশ্চয়ই। তবে এ জন্য বাফুফের কার্যকর উদ্যোগ নিতে হবে। সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল, ফুটবলারদের আরও কীভাবে সামনে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে। দেখুন, ট্রফি বিমান থেকে নামার পর যদি জাতীয় দলের ফুটবলারদের সেখানে রাখা হতো, অনেক ভালো হতো। তার পরও যা হয়েছে আমি খুশিই।
 ফুটবলার হওয়ার একটা আলাদা সুবিধা তো আপনাদের আছেই। এখানে তো বেশ সম্মান করা হলো আপনাদের...
মামুনুল: হ্যাঁ, ফুটবলার হিসেবে সম্মান পেলাম এখানে এসে। আমাদের শেখ জামাল দলের জন্য আধঘণ্টা সময় রাখা ছিল, সবাই ছবি তুলল। আনন্দ করল। অনেকে আমাকে এখানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, এটা সত্যিই গর্বের। ফুটবলার হয়েছি বলেই তো এত সহজে ট্রফিটা দেখতে পেলাম।