'স্বপ্নের ফাইনাল' নিয়ে ভাবেন না সাবেলা

এর আগের কোনো বিশ্বকাপেই এ ব্যাপারটা নিয়ে এত আলোচনা হয়নি। এবার ড্রয়ের দিন থেকেই সেই প্রার্থনা, সেই স্বপ্নপূরণের প্রার্থনা। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের ৮৪ বছরে এই প্রথমবারের মতো ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়ে যেতে পারে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে। ব্রাজিলের পর আর্জেন্টিনার শেষ আটের টিকিট নিশ্চিত হওয়ার পর এই প্রশ্নটা যেন আরও বেশি জোরালো।
স্বপ্নপূরণের যেন অনেক কাছেই চলে এসেছে সবকিছু। বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই লড়াই এখন খুবই বাস্তব। ব্রাজিল আর আর্জেন্টিনা, দুদলই আর মাত্র দুটি ম্যাচ জিতলেই সেই স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেবে।
আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা অবশ্য ওসব নিয়ে একেবারেই ভাবেন না। তাঁর ভাবনার ত্রিসীমানাতেও ফাইনালের কিছু নেই। তিনি ভাবছেন ধাপে-ধাপে, ‘আমি এই মুহূর্তে পরের ম্যাচ নিয়ে ভাবছি। আপাতত লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এর চেয়ে বেশি ভেবে ভুল করতে চাই না। আমরা চাই ধাপে ধাপে সবকিছু অর্জন করতে।’
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেলজিয়াম। কাগজ-কলমের হিসাবে বেলজিয়ামের চেয়ে এগিয়েই থাকে সাবেলার দল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবেও আর্জেন্টিনা অনেক এগিয়ে। তবে মাঠের লড়াইটাকে সম্পূর্ণ আলাদা বলেই মানেন সাবেলা, ‘গ্রুপ পর্ব থেকেই স্পেন, ইতালি, ইংল্যান্ড, পর্তুগালের বিদায় প্রমাণ করে, কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার সুযোগ নেই।’ এটা এক অর্থে সাবেলার দুশ্চিন্তাও।
সুইজারল্যান্ডের সঙ্গে জয়ে তৃপ্ত আর্জেন্টাইন কোচ। তবে খেলটিতে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জয়টা নিশ্চিত করে ফেললে হয়তো আরও অনেক বেশি খুশি হতেন সাবেলা, ‘আমি বিশ্বাস করি, ৯০ মিনিটের মধ্যেই আমাদের জয় প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধে আমরা স্পষ্টতই এগিয়ে ছিলাম। গোল করার পাঁচ-ছয়টি সুযোগ পেয়েছিলাম। অতিরিক্ত সময়ে তো আরও বেশি সুযোগ পেয়েছি। খেলাটি ভালোই খেলেছি আমরা।’ সূত্র: রয়টার্স।