‘স্বপ্নের ম্যাচে’র প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব
ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত খেলাটি কি ৩০ মার্চ? মোহালির ভারত-পাকিস্তান সেমিফাইনাল লড়াই অন্তত তেমনই উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। পুরো উপমহাদেশ এখন অধীর প্রতীক্ষায় রয়েছে মোহালিতে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগের জন্য। নানা রকম প্রস্তুতিও চলেছে এ খেলাটিকে ঘিরে। সাধারণ দর্শক থেকে শুরু করে সবার মধ্যেই খেলাটিকে নিয়ে উত্তেজনা, অসীম আগ্রহ। টিকিটের লাইন, টিকিট পাওয়া নিয়ে মানুষের বিস্তর অভিযোগ, টিকিট পেয়ে নিদারুণ আনন্দ—সবকিছুই জানান দিচ্ছে জিভে জল আসা এক মহারণ অপেক্ষা করছে উপমহাদেশের ক্রিকেটানুরাগী লাখো-কোটি মানুষের জন্য।ভারতের দুই করপোরেট অধিপতি মুকেশ আম্বানি, বিজয় মালিয়া—দুজনেরই রয়েছে নিজস্ব জেট বিমান। এ বিমানে চড়ে তাঁরা পাঞ্জাবের চণ্ডীগড়ে যাবেন ভারত-পাকিস্তানের লড়াই উপভোগের জন্য। আরও কিছু করপোরেট কর্তা, রাজনীতিক—নিজেদের বিমানে করে যাবেন এই ম্যাচটি দেখার জন্য। এ নিয়ে রীতিমতো মাথা খারাপের জোগাড় ভারতের কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই)। তাঁরা সবাইকে জানিয়ে দিয়েছেন চণ্ডীগড় বিমানবন্দরে প্রয়োজনীয় স্থান সংকুলান না হওয়ায়, তাঁদের বিমানগুলোকে চণ্ডীগড়ের পার্শ্ববর্তী শহর অমৃতসর কিংবা দিল্লির যেকোনো বিমানবন্দরে রাখার জন্য। ব্যাপারটি অনেকটা এমন, তাঁরা বিমানে করে চণ্ডীগড়ে আসবেন। বিমান চলে যাবে পার্শ্ববর্তী বিমানবন্দরে। খেলা শেষে বিমান আবার চণ্ডীগড়ে এসে তাঁদের নিয়ে যাবে। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের অনেককেই চণ্ডীগড়ে রাতটা কাটিয়ে পরদিন চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন। এদিকে, কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না হর্তা-কর্তারা। সে ক্ষেত্রেও তাঁরা নিজেদের ক্ষমতার দাপট দেখাতে শুরু করায় অগ্রাধিকারের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চণ্ডীগড় বিমানবন্দরে পার্ক করে রাখার অনুমতিপত্র দিচ্ছেন। উল্লেখ্য, চণ্ডীগড় বিমানবন্দর ভারতের বিমানবাহিনীর একটি বিমান ঘাঁটি হলেও এখানে সীমিত পরিসরে বেসামরিক বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়।এ তো গেল এই ম্যাচটিকে ঘিরে বড় কর্তাদের আগ্রহের একটি চিত্র। কিন্তু, এ খেলাটি ব্যবসায়ী বা করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কী পরিমাণ আগ্রহ সৃষ্টি করেছে, তা একটি উদাহরণেই স্পষ্ট হয়ে যাবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেছেন প্রায় পাঁচ কোটি ৩০ লাখ দর্শক। বিশ্বকাপ সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইএসপিএন-স্টার স্পোর্টস আশা করছে ৩০ মার্চ মোহালিতে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের সেমিফাইনালটি দর্শক আগ্রহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকেও ছাড়িয়ে যাবে। আর তাতেই সুযোগ বুঝে ইএসপিএন এই ম্যাচের বিজ্ঞাপনের হার বাড়িয়ে দিয়েছে প্রায় ৩৫০ শতাংশ। চিন্তা করলেও অবাক হতে হয়, প্রতি ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্পট এই ম্যাচের আগে বিক্রি হচ্ছে ১৭-১৮ লাখ রুপি দরে। ‘বিশ্বকাপ আমাদের ভালো ব্যবসার সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের দর্শকদের কাছে দ্রুতগতিতে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছি।’ ইএসপিএনের প্রধান নির্বাহী সঞ্জয় কৈলাশ এমন কথাই বললেন।ইএসপিএনের প্রধান নির্বাহী ঠিক কথাই বলেছেন, বিশ্বকাপ তাঁদের ব্যবসার মঞ্চ আর এ মঞ্চে সবচেয়ে বড় সুযোগটা বোধ হয় তৈরি হয়েছে ভারত-পাকিস্তান লড়াই দিয়েই। ওয়েবসাইট।