‘স্বাগত চ্যাম্পিয়ন’
দুই বছর আগের ছবিটাই যেন। সেই একইভাবে বিজয়ীদের নিয়ে মাদ্রিদের রানওয়ে স্পর্শ করা বিশেষ বিমানের। খুলে গেল বিমানের সাদা দরজা। সবার আগে ধাতব সিঁড়ি বেয়ে নেমে এলেন ইকার ক্যাসিয়াস...সেই একই ছবি। যেবার ভিয়েনা থেকে ইউরোপ চ্যাম্পিয়ন হয়ে ফিরল স্পেন। একই ছবি! মোটেও না। দুই বছর আগের সেই স্মৃতিটা এখন গৌণ হয়ে গেল। স্পেন অধিনায়কের কোলে তো আর তখন বিশ্বকাপটি ছিল না!বিশ্বকাপ জেতার পরই দেশে ফেরার জন্য আর তর সইছিল না স্পেনের। সোমবারই দেশে চলে এসেছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। বিজয়ী বীরদের বরণ করে নিতে মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে ছিল হাজারো মানুষের মিছিল। সেখান থেকেই বেরিয়েছে বিজয় শোভাযাত্রা। কালো রঙের খোলা ছাদের বাসে করে স্পেন দল এগিয়ে গেল দুই পাশের মানুষের ভিড় ঠেলে। সেই বাসে বড় করে লেখা ছিল ‘চ্যাম্পিয়ন’। আর ছিল ‘ইমপসিবল ইজ নাথিং’, অসম্ভব বলে কিছুই নেই।পথে পথে থেমে পড়েছে শোভাযাত্রা। বিজয়ীদের, বহু আরাধ্যের সোনালি ট্রফিটা এক নজর দেখার জন্য সে কী আকুতি মানুষের! ভিড়ের মধ্যে খুব ভালো দেখা যাচ্ছিল না বলে অনেকেই উঠে পড়েছিল পথের পাশের গাছের ডালে। কেউ কেউ ঠাঁই নিয়েছে বাড়ির ছাদে, ব্যালকনি কিংবা বারান্দায়। থেমে থেমে উঠেছে স্লোগান, বিজয়-ধ্বনি। নেচে-গেয়ে বিজয়ী বীরদের বরণ। গর্জন তুলে মাথার ওপর দিয়ে উড়ে গেছে জেট বিমান। ছড়িয়েছে স্পেনের জাতীয় পতাকার লাল-সোনালি রং।আট কিলোমিটারের পথ শেষ করতেই সময় লেগেছে কয়েক ঘণ্টা। অবশেষে শোভাযাত্রা শেষ হয়েছে পুয়েন্তে দেল রের সমুদ্রতীরবর্তী প্রমোদ কেন্দ্রে। আনুষ্ঠানিকভাবে সেখানেই মাঝরাত পর্যন্ত চলেছে উৎসব। ক্যাসিয়াস-ইনিয়েস্তাদের বরণ করে নিয়েছেন স্পেনের রাজা হুয়ান কার্লোস, প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো।আবারও কাতালোনিয়া রাজ্যে স্বাধীনতাসংগ্রাম মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই কিনা প্রধানমন্ত্রী তাঁর স্বাগত ভাষণে আহ্বান জানালেন ঐক্যের, ‘আমি আমার হূদয়ের গভীরতম প্রদেশ থেকে এই ২৩ খেলোয়াড়কে অভিনন্দন জানাই। তাদের পেছনে আছে পুরো স্পেনের ঐক্যবদ্ধ শক্তি। ট্রফিটা তারা জিতেছে ঠিকই, কিন্তু সেটিতে অধিকার আছে সব স্প্যানিয়ার্ডের। আগের প্রজন্মের খেলোয়াড়েরা, যাঁরা এই ট্রফি জেতার চেষ্টা করে সফল হননি, এই শিরোপা তাঁদেরও। তারা জিতেছে, কারণ তারা চেষ্টা করেছে ঐক্যবদ্ধ হয়ে।’এর আগে রাজা হুয়ান কার্লোসও ধন্যবাদ জানিয়েছেন স্পেনের অনেক দিনের পুষে রাখা একটা স্বপ্নকে সত্যি করার জন্য, ‘ধন্যবাদ চ্যাম্পিয়ন তোমাদের, পুরো স্পেন আর স্প্যানিয়ার্ডদের পক্ষ থেকে। অসাধারণ একটা দল তোমরা, এই জয় তোমাদেরই প্রাপ্য।’স্পেনের বীর নায়কেরাও ব্যক্ত করেছেন তাঁদের অনুভূতি। জয়ের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বক্তব্য দেওয়ার সময় হাতে ধরে রেখেছিলেন অক্টোপাস পলের একটা প্রতিকৃতি, যে পল আগাম ভবিষ্যদ্বাণী করে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল স্পেনকে। ফাইনালে গোল করা বার্সেলোনা তারকা বলেছেন, ‘আমাদের বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ। এই দলের অংশ হতে পেরে আমি ভীষণ গর্বিত। ছোট্ট এই ট্রফিটা সবার জন্য।’ এএফপি।