‘স্রেফ একটা সংখ্যা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৭ রানে মরনে মরকেলের একটি ইনকাটার ঠিকমতো খেলতে পারেননি, অল্পের জন্য ব্যাটের কানায় লাগল না বল। ধারাভাষ্যকক্ষে বসে শন পোলক বললেন, ‘এখনো তিনি নার্ভাস নাইনটিজে একটু নার্ভাস হন। কখনো কখনো এ রকম দু-একটি মুহূর্ত আসে বলেই মনে হয় তিনিও আমাদের মতোই মানুষ।’পোলক ঠিকই বলেছেন। টেন্ডুলকারকে অতিমানব বলে ভুল করার কারণ তো আছেই। ওই ঘটনার একটু পরই যে উচ্চতায় উঠলেন শচীন টেন্ডুলকার, সেটা কি কেউ কখনো ভাবতে পেরেছিল! অন্যদের কথা বাদ দিন। টেন্ডুলকারকে যিনি সেই ছোট্টটি থেকে দেখে আসছেন, সেই সুনীল গাভাস্কার একবার বলেছিলেন, ‘৪০টা সেঞ্চুরি করতে না পারলে আমি শচীনের গলা টিপে দেব।’ টেন্ডুলকারের জবাব ছিল, ‘না পারলে সমস্যা নেই, তত দিনে আর মিস্টার গাভাস্কারের হাতে অত জোর থাকবে না।’ মানে তাঁদের দুজনেরই ভাবনার সীমানা ছিল ৪০ সেঞ্চুরি। সেই টেন্ডুলকারের ৫০ সেঞ্চুরি হয়ে গেল, গাভাস্কারের হাতে কিন্তু এখনো যথেষ্টই জোর আছে, থাকবে আরও অনেক দিনই! এভাবে অসম্ভবকে সম্ভব করা, মানুষের সাধ্যের সীমারেখা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করিয়েছেন বলেই টেন্ডুলকারকে মনে হয় রক্ত-মাংসের মানুষের চেয়ে বেশি কিছু।টেস্ট সেঞ্চুরির হাফ সেঞ্চুরির নিয়ে তাঁর প্রতিক্রিয়া শুনুন, ‘এটা আমার জন্য স্রেফ আরেকটা সংখ্যা। অবশ্যই বলব না যে আমি খুশি নই, আমি খুশি। কিন্তু আমি জানি না সেটা কীভাবে প্রকাশ করব। ভালো লাগছে, এটা এসেছে। আশা করি এখানেই থেমে যাবে না, চলতেই থাকবে।’ এই যে এমন উচ্চতায় ওঠার পরও পা মাটিতে রাখা, এত অর্জন-রেকর্ড-মাইলফলকের পরও রান করার তীব্র ক্ষুধা—মাঠ-মাঠের বাইরের টেন্ডুলকার আপনাকে প্রতিনিয়তই বিস্মিত করে যাবে।লারা-ইনজামাম-পন্টিংয়ের মতো সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে টেন্ডুলকার এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। ভাবা যায়, ক্যারিয়ারের প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দেড় হাজার রান (১৫৪৩) ও সবচেয়ে বেশি (৭টি) সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২২তম বছরে এসে! কেউ যদি ভাবেন, শুধু এসব রেকর্ড আর কীর্তি গড়ার জন্যই খেলে যাচ্ছেন এখনো, তাদের জন্য টেন্ডুলকারের জবাব, ‘আমি খেলছি শুধু খেলাটাকে ভালোবাসি বলে। যদি রেকর্ডই তাড়া করতাম, তাহলে মাঝখানে এতগুলো ওয়ানডে ম্যাচ বাইরে বসে থাকতাম না। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমাকে পরিকল্পনা করে এগোতে হবে। আমার মনে হচ্ছিল, আমি সেরা শারীরিক অবস্থায় নেই। এ জন্যই বোর্ডের কাছে আবেদন করেছিলাম বিশ্রামের জন্য, যাতে আমি তরতাজা থাকতে পারি। রেকর্ড তাড়া করলে আমি এসব করতাম না। এ সবকিছুই ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি সেটাই করতে চাই।’ক্রিকেটার টেন্ডুলকার-মানুষ টেন্ডুলকারের এমন মনোজগৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল অধ্যাপক বাবার। শনিবার ছিল রমেশ টেন্ডুলকারের জন্মদিন, সেঞ্চুরিটা প্রয়াত বাবাকেই উৎসর্গ করেছেন টেন্ডুলকার। ৫০তম সেঞ্চুরির দিনে ফিরে গেছেন ২২ বছর পেছনে, যখন ১৬ বছরের এক কিশোর জীবনের প্রথম টেস্টেই মুখোমুখি হয়েছিলেন ওয়াসিম-ইমরান-ওয়াকার-কাদিরদের, ‘দারুণ চ্যালেঞ্জিং ছিল। আমি পুরোপুরি উপভোগ করেছিলাম। ওই সফরে এবং পরে যখনই ওদের খেলেছি, আমি অনেক শিখেছি। লড়াইটা ছিল দুর্দান্ত।’নিজের জন্য তো বটেই, ৫০তম সেঞ্চুরিটা এসেছে দলেরও ভীষণ প্রয়োজনের সময়। ইনিংস হারের লজ্জা এড়ানো যায়নি, কিন্তু চূড়ান্ত অপমানজনক হার অন্তত এড়ানো গেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ, প্রথম ইনিংসে বিধ্বস্ত ভারতীয়দের বাকি সিরিজের জন্য আত্মবিশ্বাসের রসদ জুগিয়েছে এই ইনিংস। যদিও টেন্ডুলকার এই সেঞ্চুরিকে আলাদা মানতে নারাজ, ‘যখনই আমি উইকেটে যাই, দেশের আমাকে প্রয়োজন হয়। ২ উইকেটে ২০০ রান থাকা অবস্থায় যদি উইকেটে যাই, তার মানে এই নয় যে আমার রান করার দরকার নেই। ক্যারিয়ারের একটি ইনিংসেও আমার মনে হয়নি, এখন আউট হলে গেলে কোনো ব্যাপার না। এই ক্ষুধাটা থাকা খুব জরুরি।’টেন্ডুলকারের ব্যাখ্যা শেষ পর্যন্ত টেন্ডুলকারই দিলেন! এএফপি, ওয়েবসাইট।