'স্লেজিং খেলারই অংশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যারেন লেম্যান
ড্যারেন লেম্যান

নিজেদের মাটিতে ইংল্যান্ডকে শক্ত পরীক্ষায় ফেলার ছকটা করেই রেখেছিলেন ড্যারেন লেম্যান। ব্রিসবেন টেস্টে তাঁর প্রমাণটা মিলিয়ে দিয়েছেন তাঁর ছেলেরা। মিচেল জনসনের ছড়িয়ে দেওয়া আগুনে পুড়ে খাক ইংলিশরা। পরীক্ষাটা কেবল ব্যাটে-বলেই সীমিত ছিল না, কথার লড়াইও উত্তাপ ছড়িয়েছে বেশ ভালোভাবেই। গ্যাবায় অস্ট্রেলীয় ক্রিকেটারদের স্লেজিংয়ে জেরবার ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার যতই ‘সাদা পতাকা’ ওড়াতে চান না কেন, অস্ট্রেলিয়ার কোচ লেম্যান রণে ভঙ্গ দিতে চান না মোটেও। মুখ খারাপ করা যে তাঁদের কৌশলেরই অংশ!
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে স্লেজ করে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ‘চাপজনিত অসুস্থতায়’ ভোগা জোনাথন ট্রটকে ‘দুর্বল’ বলায় বিতর্কিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। এমন পরিস্থিতিতে শান্তির ডাক দিতে চান ফ্লাওয়ার। ফ্লাওয়ারের আহ্বান অবশ্য আমলে না নিয়ে লেম্যান সাফ জানিয়েছেন—কথার লড়াই চলবেই।
অস্ট্রেলিয়ার একটি বেতারকে দেওয়া এক সাক্ষাত্কারে লেম্যান স্লেজিংকে খেলার অংশ হিসেবেই অভিহিত করেছেন, ‘এটি খেলাই অংশ। আমরা যখন ইংল্যান্ডে খেলতে গিয়েছিলাম ওরা তখন আমাদের সঙ্গে এমনটাই করেছিল। আমরা সেটি থেকে দূরে থাকতে পারিনি। যখন বিদেশের মাটিতে খেলতে যাবেন, তখন একই ঘটনা ঘটবে। ফলে ইংল্যান্ডে যা ঘটেছিল, সেটির মধ্যে আর এখানকার মধ্যে কোনো পার্থক্য দেখি না।’
৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া অ্যাডিলেডে টেস্টেও ব্যাট-বলের সঙ্গে পাল্লা দিয়ে মুখের লড়াইও যে চলবে, সে হুমকিই বোধ হয় আগাম দিয়ে রাখলেন লেম্যান। ওয়েবসাইট।