
l জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দুজন কর্মকর্তার সঙ্গে আজ (কাল) আলোচনায় বসেছিলেন। সাফে বাজে পারফরম্যান্সের পর জাতীয় দল নিয়ে ব্যক্তিগতভাবে এখন আপনার ভাবনা কী?
কাজী সালাউদ্দিন: সামনে কী করা যায়, সেটা নিয়েই মূলত কথা হয়েছে। আগামী পরশু (কাল) কোচদের নিয়ে বসব। সেখানেই আলোচনা করব, ভবিষ্যৎ পথচলা কী হবে।
l কোচ ডি ক্রুইফ বলেছেন, এই দল দিয়ে আসলে কিছু হবে না। নতুন খেলোয়াড় বেছে নিতে হবে। আপনি তো বাংলাদেশ দলের খেলা দেখেছেন। তা খেলা কেমন লাগল?
সালাউদ্দিন: নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা খুবই বাজে খেলেছে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম দশরথ স্টেডিয়ামে বসে। ভারতের বিপক্ষে ড্র হয়েছে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল খেয়ে। পাকিস্তান ম্যাচেও শেষ সময়ে গোল হজম করেছি আমরা। তার মানে, শেষ দিকে আমাদের খেলোয়াড়দের মনোযোগে চিড় ধরেছে। সত্যি কথা বলতে, সামগ্রিকভাবে বাংলাদেশ দলের খেলা আমার ভালো লাগেনি।
l ফুটবলে দল খারাপ করলে কোচের দায়টাই বড় হয়ে ওঠে। বাংলাদেশ দলের এই ব্যর্থতায় কোচ ডি ক্রুইফের কতটা দায় দেখছেন?
সালাউদ্দিন: একটা কথা পরিষ্কারই বলতে চাই, বাংলাদেশের এই ব্যর্থতায় কোচের দায় আমি দেখছি না। খেলোয়াড়েরা খেলতে না পারলে কোচ কী করবে? তবে হ্যাঁ, কোচের পারফরম্যান্সও মূল্যায়ন করার ব্যাপার আছে। কোচের সবই ভালো, সবই খারাপ—সেটা আমি বলব না। তাই কোচের সঙ্গেও বসতে হবে।
l কোচ বলেছেন, বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় মাঠে শতভাগ দেননি। আপনি কি সেটা মনে করেন?
সালাউদ্দিন: কোচ ভুল কিছু বলেননি। ব্যাপারটা আমার চোখেও লেগেছে। অধিনায়ক মামুনুলের নাকি চোট ছিল, কী চোট ছিল, আমি আসলে বুঝলাম না। তারকা বলা হয় যাকে, সেই জাহিদ কী খেলল দেখেন! মাঠে স্রেফ দাঁড়িয়ে ছিল। নাম বলতে চাই না, আরও দু-তিনজনের মানসিকতা আমার ভালো লাগেনি। জাতীয় দলের জার্সি গায়ে এক শ ভাগের চেয়েও বেশি দেওয়া চাই। আমাদের কয়েকজন খেলোয়াড় সেটা দেয়নি।
l অনেকে তো বলছেন, সামনে দলবদল বলে খেলোয়াড়দের কেউ কেউ পা বাঁচিয়ে খেলেছেন...
সালাউদ্দিন: অভিযোগটা সত্য হলেও হতে পারে। খেলা দেখে সেটা মনে করার যথেষ্ট কারণ আছে। পা বাঁচিয়ে খেলার মানসিকতা তো আমাদের আছে। এসব ব্যাপার নিয়ে প্রশ্ন শুনতে এবং উত্তর দিতে আমার খুব দুঃখ লাগছে।
l খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ বলছেন, তাঁরা ক্লান্ত ছিলেন। স্থানীয় দু-একজন কোচও টিভি টক শোতে এমন মন্তব্য করেছেন...
সালাউদ্দিন: আরে, এক মাস অনুশীলন হলে বলা হতো দুই মাস কেন হলো না। এখন দুই মাস হওয়ায় বলা হচ্ছে, বেশি চাপ পড়েছে খেলোয়াড়দের ওপর। এসব তো আজগুবি কথাবার্তা। এসব না বলে আমাদের উচিত গোটা ব্যাপারটা খতিয়ে দেখে সমস্যাগুলো বের করা।
l এত টাকা দিয়ে কোচ আনলেন। কোচিং স্টাফে চারজন ডাচ। তার পরও এমন ব্যর্থতায় আপনি নিজেও কি খুব হতাশ নন?
সালাউদ্দিন: হতাশ হলেও হাল ছাড়ব না। এগিয়ে যেতে হবে। এটা তো একটা যুদ্ধের মতো। মাঝপথে যুদ্ধক্ষেত্র ছেড়ে আসার লোক আমি নই।
l টিভিতে দেখলাম স্থানীয় কোচদের খুব সমালোচনা করলেন আপনি। এত ক্ষোভ কেন স্থানীয় কোচদের ওপর?
সালাউদ্দিন: ক্ষুব্ধ হব না তো কী! ওরা টিভি টক শোতে নানা কথা বলছে। খেলোয়াড়দের নাকি বেশি খাটানো হয়েছে। এটা হয়েছে, ওটা হয়েছে। শুনুন, বাইরে থেকে বড় বড় কথা বলা যায়। স্থানীয় কোচরা এত ভালো হলে দেশের শীর্ষ ক্লাবগুলো বিদেশি কোচ আনছে কেন?