‘হতাশার সংজ্ঞা জানা নেই, থাকলে বলতাম’
বিপিএলে চিটাগং কিংসের সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনো রয়ে গেছে। তবে সেই সম্ভাবনাকে দূরের বলেই মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দারুণ খেলে বিপিএলের অন্যতম ফেবারিট তকমাধারী চিটাগং কিংস নিজের মাঠে খেলে আসার পর ছন্দ ও আত্মবিশ্বাস দুটোই হারিয়ে বসেছিল বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক।‘আমি খুবই হতাশ। কতটুকু হতাশ, সেটা বলতে পারতাম হতাশার সংজ্ঞাটা ঠিকমতো জানা থাকলে।’ ম্যাচ শেষে এই প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন চিটাগং কিংসের অধিনায়ক।মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমদিকে আমরা পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছিলাম। পরে কী যেন হলো। হারিয়ে বসলাম ছন্দ, আত্মবিশ্বাস সবকিছুই। আজকের এই পরাজয় সত্যিই দুঃখজনক।’মাহমুদউল্লাহ মনে করেন, ‘একটি চমত্কার সূচনার পর আমাদের ব্যাটিং পথ হারিয়ে বসেছিল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জিয়াউর রহমান ও জেসন রয় যে ধরনের সূচনা এনে দিয়েছিল, সেখান থেকে আরও বেশি স্কোরবোর্ডে তোলা উচিত ছিল আমাদের। আমরা সেটা পারিনি। বোলিংয়ের সময় বোলাররাও খুবই বাজে বল করেছে। মোটকথা আমি অসম্ভব হতাশ।’চিটাগং কিংসের যে ক্ষীণ আশাটুকু রয়ে গেছে, সেটা হলো, কাল যদি ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস যথাক্রমে দুরন্ত রাজশাহী ও সিলেট রয়্যালসের বিপক্ষে খুব বাজেভাবে হেরে যায়, সেটার ওপর। একমাত্র ঢাকা ও খুলনার ভয়াবহ হারই চিটাগংয়ের চেয়ে তাদের নেট রানরেটকে নিচে নামাতে পারে। সে ক্ষেত্রে চিটাগং কিংস খেলতে পারে সেমিফাইনালে।আপাতত, তেমন প্রত্যাশা বোধকরি মাহমুদউল্লাহও করেন না।