'হয় থিয়াগো, নয় কেউ না'

জাভি-ইনিয়েস্তার উত্তরসূরি ভাবা হচ্ছে তাঁকে। ধারণা করা হয়, ভবিষ্যতে তিনিই হবেন বার্সেলোনার মাঝমাঠের প্রাণভোমরা। থিয়াগো আলকানতারাকে পেতে তাই আগ্রহী হয়ে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনা যদি তাঁকে বিক্রি করতে রাজিও হয়, এই দুই ক্লাবের কাজটা সহজ হবে না। কারণ থিয়াগোকে পাওয়ার লড়াইয়ে যোগ দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। যেভাবেই হোক, সাবেক শিষ্যকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নিয়ে আসতে চান বায়ার্নের নতুন কোচ পেপ গার্দিওলা। এমনিতেই ফ্রাঙ্ক রিবেরি-আরিয়েন রোবেন-জাভি মার্টিনেজ-টনি ক্রুসকে নিয়ে বায়ার্নের মিডফিল্ড যথেষ্টই শক্তিশালী। তার পরও থিয়াগোকে পেতে এত আগ্রহী হয়ে ওঠার কারণটা ব্যাখ্যা করেছেন বায়ার্ন কোচ, ‘আমি তাকে অনেক দিন ধরে চিনি। ও অসাধারণ ফুটবলার এবং তিন-চার কিংবা পাঁচটি পজিশনে খেলতে পারে।’ চৌকস দক্ষতার কারণে স্পেনকে সদ্যই অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো মিডফিল্ডারকে নিয়ে রীতিমতো মুগ্ধ গার্দিওলা, ‘আমাদের অনেক ফুটবলার আছে। কিন্তু থিয়াগোর মতো বিশেষ গুণসম্পন্ন একজনকে দরকার।’ বায়ার্নের দুই ক্ষমতাধর ব্যক্তি, চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে আর ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস স্যামারকে নিজের এই আগ্রহের কথা জানিয়েও দিয়েছেন পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত অবশ্য পুরো ব্যাপারটাই নির্ভর করছে বার্সার বিক্রি করার ইচ্ছা আর রিয়াল-ইউনাইটেডের সঙ্গে দলবদলের বাজারে বায়ার্নের পাল্লা দেওয়ার ক্ষমতার ওপর। তবে বায়ার্ন কোচ কিন্তু অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারকে পেতে ব্যাকুল, ‘আমি শুধু থিয়াগোকেই চাই। হয় সে, নয় কেউ না।’ নতুন কোচের একমাত্র চাওয়াটা পূরণ করতে বায়ার্ন কী করে এখন সেটাই দেখার বিষয়। এএফপি।