‘হর্ন অব আফ্রিকায়’ আপ্লুত ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালো বিপদেই পড়েছি’—রজার ফেদেরারের মুখে এমন কথা! শুধু বিশ্বের এক নম্বরই নন, অনেকের মতেই সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় তিনি। বিপদ-আপদের সঙ্গে খুব একটা পরিচয় নেই। কিন্তু টেনিস কোর্ট ছেড়ে যদি নামতে হয় অ্যাথলেটিকস ট্র্যাকে, বিপদে তো পড়তেই হবে!টেনিস-সম্রাট গিয়েছিলেন ১০ হাজার মিটার দৌড়ের সম্রাট কেনেনিসা বেকেলের দেশ ইথিওপিয়ায়। দূরপাল্লার দৌড়ের জন্য বিখ্যাত আফ্রিকান দেশটিতে গিয়ে না দৌড়ালে কি আর চলে? ফলাফল যা হওয়ার হয়েছেও তাই, স্কুলের বাচ্চাদের সঙ্গে দৌড়ে সবার পেছনে পড়েছেন। নিজের অঙ্গনে অবশ্য দেখা দিয়েছেন স্বরূপেই। ইথিওপিয়ার ১৭ বছর বয়সী টেনিস তারকা জিরাতা ডেম্কসাকে হারিয়েছেন হেসে-খেলেই। তবে জীবন্ত কিংবদন্তির সঙ্গে খেলতে পেরেই যারপরনাই মুগ্ধ ইথিওপিয়ান টিনএজার, ‘সে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। তার সঙ্গে খেলতে পেরেছি, আমি কতই না সৌভাগ্যবান!’ শুধু তা-ই নয়, সারা জীবন গল্প করার উপকরণ নাকি পেয়ে গেছেন ডেম্কসা, ফেদেরারের বিপক্ষে খেলে পেয়েছেন দুটি পয়েন্ট!ভাবছেন, ‘হর্ন অব আফ্রিকা’খ্যাত ইথিওপিয়ায় হালকা বিনোদনের জন্য গিয়েছেন ফেদেরার? না, গিয়েছেন মহত্ কাজে। বলা ভালো, মহত্ কাজের তদারকি করতে। টেনিস খেলে দুই হাতে টাকা কামান। এর একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করেন মানবসেবায়। সেই ২০০৩ সালে, যখন তিনি আজকের মতো বিখ্যাত নন, তখনই গঠন করেছেন ‘রজার ফেদেরার ফাউন্ডেশন।’ ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, মালি, মালাবি এবং জিম্বাবুয়েতে শিশুদের শিক্ষার জন্য প্রতিবছর ১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এই ফাউন্ডেশন। ইথিওপিয়ায় গিয়েছিলেন ফেদেরার ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এমন দুটি স্কুল দেখতেই।মাঠের এসবের আগে অবশ্য এক দফা অশ্রু ঝরাতে হয়েছে ফেদেরারকে। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের মতো এ কান্না কষ্টের নয়, আক্ষেপের নয়। এ কান্না আনন্দের, আবেগের। “যখন আমি স্কুলে পৌঁছালাম, শিশুরা চিত্কার করে গাইছিল ‘রজার, আমাদের বাবার মতো, রজার, আমাদের বাবার মতো।’ প্রথমে আমি বুঝতেই পারিনি ওরা কী বলছে, পরে যখন বুঝলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি। এটা ছিল এতটাই আবেগময়!’’—যখন বলছিলেন, ফেদেরারের চোখের কোণে তখনো চিকচিক করছে পানি। জানালেন, মায়ের উত্সাহেই চ্যারিটির কাজ পরিচালনা করছেন আফ্রিকায়। তাঁর মায়ের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়।আফ্রিকার বেশির ভাগ দেশের মতো ইথিওপিয়াও দারিদ্র্যপীড়িত। বিদেশি সাহায্যের ওপর নির্ভর করতে হয় দেশটিকে। প্যারিসভিত্তিক সংস্থা ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন ও ডেভেলপমেন্টের’ (ওইসিডি) ২০০৬ সালের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সপ্তম সাহায্যগ্রহীতা দেশ ইথিওপিয়া, প্রতিবছর সাহায্য পায় ১.৯৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। দেশটির প্রায় ১২ মিলিয়ন মানুষ বেঁচে থাকার জন্য নির্ভর করে বিদেশি সাহায্য হিসেবে পাওয়া খাদ্যের ওপর।দীর্ঘ সময় ধরে সাহায্য দিয়ে এলেও ইথিওপিয়ায় এই প্রথম গেলেন ফেদেরার। এ মৌসুমে তাঁর লক্ষ্য সবগুলো গ্র্যান্ড স্লাম জেতা, এ জন্য কঠোর অনুশীলন করছেন। একটু বিশ্রাম নেওয়ার জন্য চেয়েছিলেন এমন কোথাও যেতে যেখানে কেউ তাঁকে চেনে না। এ জন্যই বেছে নিয়েছিলেন ইথিওপিয়াকে, শান্তিতে একটু ঘোরাফেরাও হবে, নিজের চ্যারিটির কাজগুলোও দেখা হবে। কিন্তু সেখানে গিয়ে তো তিনি রীতিমতো অবাক, ‘ওরা আমাকে এমনভাবে চেনে, আমি ভাবতেই পারিনি। সব সময়ই ভাবি, এমন কোথাও যদি যেতে পারতাম যেখানে আমাকে কেউ চেনে না। কিন্তু ভুলে গিয়েছিলাম, টেলিভিশন বলে একটা বস্তু আছে।’‘অভিভাবক’কে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ছিল স্কুলের শিশুরা, আর স্থানীয় অধিবাসীদের কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য। লোকদের কাছে কোর্টের বাইরে অসাধারণ একটি দিন কাটিয়ে ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী যখন ফিরছেন, ‘ফেদেরার, উই লাভ ইউ’ বলে গাড়ির পেছনে দৌড়ে আসছিল স্কুলের ছেলেমেয়েরা। আর ‘ফেডএক্স’? মুখে হাসি নিয়ে এক হাত নাড়ছেন তাদের উদ্দেশে। আর এক হাতে মুছছেন অশ্রু...আনন্দের, আবেগের! ওয়েবসাইট।