‘হাঁটা’ নিয়ে জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডব্লু জি গ্রেস যে সত্যিই ‘ক্রিকেটের অমর বুড়ো’, কাল তা আরেকবার প্রমাণ করে দিলেন মাহেলা জয়াবর্ধনে। খুব প্রচলিত গল্প। কোনো এক ম্যাচে একবার প্রথম বলেই বোল্ড হয়েছেন গ্রেস। কোথায় ড্রেসিংরুমের দিকে হাঁটা দেবেন, উল্টো ব্যাট দিয়ে স্টাম্পগুলো মাটিতে পুঁতে বেলগুলো জায়গায় বসিয়ে আবার স্টান্স নিলেন। সবাই হতবাক, আম্পায়ার আঙুল তুলে বসে আছেন। আম্পায়ারকে গিয়ে গ্রেস বললেন, ‘এই যে গ্যালারি ভরা দর্শক, এরা তোমার আঙুল দেখতে আসেনি। এসেছে আমার ব্যাটিং দেখতে, বুঝলে হে!’জয়াবর্ধনে বলেছেন মজা করে, প্রসঙ্গটা ছিল ‘সিরিয়াস’। কয়েক দিন ধরে বিশ্বকাপ বেশ উত্তপ্ত যে প্রসঙ্গ নিয়ে, ‘ওয়াক’। আউট হলে ব্যাটসম্যানের নিজে থেকেই চলে যাওয়া উচিত কি না। ‘ডব্লু জি গ্রেস তো বোল্ড হওয়ার পরও যেতে চাননি’—মজাটা করেই অবশ্য ‘সিরিয়াস’ হলেন জয়াবর্ধনে, ‘দেখুন এটা কিন্তু ক্রিকেটের আইন নয়, এটা যার যার নিজস্ব ব্যাপার। কেউ নিজে থেকে চলে গেলে যেতে পারে, কিন্তু কেউ না গেলে তো আপনি তাকে দোষ দিতে পারেন না!’ভাবতে পারেন, কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জয়াবর্ধনেকে কথা বলতে হচ্ছে ‘ওয়াক’ নিয়ে! কারণ আছে। শচীন টেন্ডুলকারের হাঁটা, রিকি পন্টিংয়ের না-হাঁটার চলমান বিতর্কে কিছুটা আছেন জয়াবর্ধনেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নাথান ম্যাককালামকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ে বলটা হাতে জমিয়েছিলেনও নাথান, কিন্তু সন্দেহ হওয়ায় জয়াবর্ধনে উইকেট ছাড়েননি। রিপ্লেতেও পরিষ্কার বোঝা না যাওয়ায় ‘বেনিফিট অব ডাউট’ পেয়ে যান জয়াবর্ধনে। কিউইদের তো বটেই, আরও অনেকের ধারণা, প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়েছেন জয়াবর্ধনে। আর জয়াবর্ধনের যুক্তি, সুবিধা আছে তো নেওয়ার জন্যই!ডব্লু জি গ্রেসের গল্পটা মনে করে হয়তো মজা করার মুডে চলে গিয়েছিলেন জয়াবর্ধনে। মজা করতে ছাড়লেন না মুত্তিয়া মুরালিধরনের হ্যামস্ট্রিং নিয়েও। কালও দলের সঙ্গে অনুশীলন করেননি মুরালি। জয়াবর্ধনের রসিকতা, ‘এত বছর ধরে খেলছে, একটা দিন কী ‘‘ডে অফ’’ পেতে পারে না?’ অবশ্যই সেটা পারেন, কিন্তু একদিন নয়, কাল নিয়ে তো দুদিন হয়ে গেল। কালও হালকা রানিং, আর আলাদা করে স্পট বোলিং করলেন মুরালি। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচের আগে টানা দুদিন ‘‘ডে অফ’’ তো স্বাভাবিক নয়। মুরালিকে নিয়ে তাই শঙ্কা থাকছেই। যেমন শঙ্কা আছে আরেকটা ব্যাপার নিয়েও, ‘চাপ’। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাটিতে এত বড় ম্যাচ আর খেলেনি শ্রীলঙ্কা। আগামীকাল নিশ্চিতভাবেই উপচে পড়বে প্রেমাদাসার গ্যালারি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পুরো শ্রীলঙ্কাই। প্রত্যাশার ভারে না আবার নুইয়ে পড়ে শ্রীলঙ্কা! সম্ভাবনাটা উড়িয়ে দিলেন জয়াবর্ধনে, ‘নুইয়ে পড়ার প্রশ্নই ওঠে না, কারণ এটাকে আমরা ভার মনে করছি না। বরং দলের সবাই দেশের মাটিতে খেলা উপভোগ করে। গ্যালারি ভরা দর্শক, নাচ, বাদ্য-বাজনা—এসবের মধ্য দিয়েই আমরা বেড়ে উঠেছি। স্কুল ক্রিকেটেও এসব আছে। দর্শকই তো আমাদের সবচেয়ে বড় প্রেরণার উৎস।’প্রেরণা না চাপ—প্রমাণটা কালই হবে!